নগরজুড়ে মেলা

ঈদের আগে ঢাকা শহরে চলছে নানা রকমের মেলা। ঢাকার বিভিন্ন স্থান ঘুরে তেমনই কয়েকটি মেলার খোঁজখবর দেওয়া হলো
জামদানি শাড়ির প্রদর্শনী ও মেলা
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে চলছে এই মেলা। নানা রকমের জামদানি শাড়ি পাবেন এখানে। দুই হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৮০ হাজার টাকা দাম এসব শাড়ির। মেলা চলবে আজ ২৩ জুলাই পর্যন্ত। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে।
দেশীয় তাঁতবস্ত্র মেলা
ঢাকার মিরপুরের তালতলায় এই মেলায় টাঙ্গাইল তাঁতের শাড়ি পাবেন ৪০০ টাকায়। জামদানি, কাতান ও বালুচরি শাড়ির দাম পড়বে ৮০০ থেকে এক হাজার ৫০০ টাকা। ছেলেদের পাঞ্জাবি, শার্ট, ফতুয়া ও শিশুদের পোশাক মিলবে এই মেলায়। ঘর সাজানোর জন্য বিছানার চাদর, কুশন কভারও পাওয়া যাচ্ছে। আছে প্লাস্টিক ও সিরামিকের পণ্য। মেলা চলবে চাঁদরাত পর্যন্ত।
ঈদ ফ্যাশন মেলা
(নিউ বেইলি রোড, ভিকারুননিসা স্কুলের বিপরীতে)
শাড়ি, সালোয়ার-কামিজ থেকে শুরু করে প্রসাধনী সবই পাবেন এই মেলায়। এই মেলায় শাড়ি পাওয়া যাচ্ছে এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে। মেয়েদের কুর্তি, ফতুয়া ও সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে এক হাজার ৫০০ টাকায়। জুতা পাবেন ১৫০ থেকে ৬০০ টাকায়। পাঞ্জাবি, লুঙ্গি, গামছা পাবেন ১৫০ থেকে ৮০০ টাকার মধ্যে। মেলার অন্যতম আকর্ষণ নকশিকাঁথা। এগুলো পাবেন চার হাজার ৫০০ থেকে পাঁচ হাজার টাকায়। আছে বিছানার চাদর, কুশন কভার। ১২০ টাকায় পাবেন রুটি গরম রাখার কভার। এই মেলাও চলবে চাঁদরাত পর্যন্ত।
আন্তর্জাতিক তাঁতবস্ত্র রপ্তানি মেলা
(সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল প্রাঙ্গণ, নিউ বেইলি রোড)
ঢাকার নিউ বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলায় পাবেন জামদানি, বালুচরি ও তাঁতের শাড়ি। এসব শাড়ির দাম পড়বে ৩৫০ থেকে ছয় হাজার টাকা। লুঙ্গি পাবেন ২৮০ থেকে ৫০০ টাকায়। মেয়েদের ব্যাগ ও শিশুদের পোশাকও আছে। পুরো রমজান মােস চলবে মেলা চলবে।
এম এ হান্নান