নগরজুড়ে অনুমোদনহীন বাজার
চট্টগ্রাম সিটি করপোরেশন ৬ ডিসেম্বর রামপুর নয়বাজারে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালেহ আহম্মদের নেতৃত্বে এ অভিযানে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষও হয় সিটি করপোরেশনের কর্মীদের। র্যাবের সহায়তায় অভিযান শেষ করে চলে যান ম্যাজিস্ট্রেট, এর একটু পরই আবারও দখল হয়ে যায় ফুটপাত। সেখানে আবার বসে যায় বাজার। এই ধরনের বাজার বসানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কোনো সংস্থার অনুমোদন নেই বলে জানা গেছে। ফুটপাত ও সংলগ্ন রাস্তার ওপর এভাবে অনুমোদনহীন বাজার বসানোর কারণে জনগণের চলাচলের ক্ষেত্রে ভোগান্তি হচ্ছে বলে জানা যায়। এর আগে ২৪ নভেম্বর বিকেলে সিটি করপোরেশন একই ধরনের অভিযান চালায় সিরাজদ্দৌলা সড়কে। ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট ও স্থাপনা তুলে দেওয়া হয়। অভিযান শেষে সন্ধ্যায় এখানেও ফুটপাত ও সংলগ্ন বাজারজুড়ে মাছ ও তরকারির বাজার বসে যায়। এ প্রসঙ্গে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালেহ আহম্মেদ প্রথম আলোকে বলেন, নগরের যেখানে সেখানে ইচ্ছা করলেই বাজার বসানো যায় না। এ জন্য করপোরেশনের অনুমোদনসহ কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তিনি বলেন, ‘ফুটপাত নগরবাসীর হাঁটার জায়গা, সেখানে বাজার বসানো সম্পূর্ণ অবৈধ। এ কারণে আমরা এসব বাজার উচ্ছেদে অভিযান শুরু করেছি।’জানা যায়, সিটি করপোরেশন ফুটপাত ও সংলগ্ন সড়ক দখল করে বসানো বাজার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু সব জায়গাতেই উচ্ছেদের পরপরই আবার বাজার বসে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা মন্তব্য করেন, ‘অভিযানে স্থায়ী সাফল্য কোনো আসেনি।’ জানা গেছে, উচ্ছেদ করার জন্য সিটি করপোরেশন নগরের কিছু অবৈধ বাজার চিহ্নিত করেছে। এগুলো হচ্ছে হেমসেন লেন বাজার, বহদ্দারহাটের রাস্তার ওপর, ইপিজেড থেকে সিমেন্ট ক্রসিং দুইপাশের ফুটপাত ও সংলগ্ন রাস্তা জুড়ে বসা বাজার, আন্দরকিল্লা থেকে চেরাগী পাহাড় হয়ে জামাল খান সড়কের বাজার, পোর্ট কানেকটিং সড়ক, মুরাদপুর মোড় ও আশেপাশের এলাকা, চকবাজার মোড়, জিইসি মোড় ও আশেপাশের এলাকা এবং রিয়াজউদ্দিন বাজারের বাইারের রাস্তা ও তিনপোলের মাথার সড়কের ওপর বাজার। পর্যায়ক্রমে এইসব অনুমোদনগীন বাজার উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।উচ্ছেদ কার্যাক্রমের অংশ হিসাবে ৬ ডিসম্বের রিয়াজউদ্দিন বাজার জেবুন্নেসা সড়কেও অভিযান চালান চলে। এখানে নালা দখল করে স্থায়ী দোকানপাট নির্মাণ করা হয়। এর আগে ইপিজেড, সল্টগোলা ও আশেপাশে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। প্রতিবারই আদালত চলে যাওয়ার পর ফুটপাত আগের লোকজন দখল করে নেন।সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট শেখ সালেহ আহম্মদ বলেন, ‘আমরা চেষ্টা করছি নাগরিকদের হাঁটাচলার পথ যেন উম্মুক্ত থাকে। সরকারি জায়গা দখল করে কেউ যেন মানুষকে ভোগান্তিতে ফেলতে না পারে সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে মেয়রও আন্তরিক।’২৪ নভেম্বর সন্ধ্যায় সিরাজুদ্দৌলা সড়কে দেখা যায়, তরকারি বিক্রেতা মোহাম্মদ হানিফ তার সামনে সড়কে বসা আরেক বিক্রেতাকে ওঠে যাওয়ার জন্য ধমক দিয়ে বিক্রেতার উদ্দেশ্যে বললেন, ‘তোমাদের কারণেই ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।’ অথচ হানিফ নিজেও অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়েছেন। অন্য জনকে কেন বাধা দিচ্ছেন জানতে চাইলে হানিফ বলেন, ‘ফুটপাতে তরকারি বিক্রি না করে ডাকাতি করব নাকি?’বহদ্দারহাট এলাকায় বসবাসকারী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ বলেন, ‘সারাদিন চাকরি করে সন্ধ্যায় বাসায় ফেরার সময় বহদ্দারহাট মোড়ের যানজটে পড়তে হয়। কারণ এখানে ফুটপাতে অবৈধ দোকান বসেছে, সড়ক দখল করে গাড়ি রাখা হয়। ফলে মহাসড়কে গাড়ি চলাচলে সমস্যা হয়।’ মেয়র মোহাম্মদ মনজুর আলম এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘অনেক জায়গায় ফুটপাত দখল করে সারাদিন বাজার বসে। এ জন্য নাগরিকদের ভোগান্তি বাড়ছে। আমরা এসব অবৈধ দোকানপাঠ তুলে ফুটপাত হাঁটার উপযোগী করতে চাই। তাছাড়া বিদেশের মতো ফুটপাতে সীমিত আকারে এবং সীমিত সময়ের জন্য হকার বসানোর চিন্তাভাবনা রয়েছে। এজন্য নগরবাসির সহযোগিতা প্রয়োজন।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা মনে করেন,‘নাগরিক সুবিধা ও মানবিক বিষয়টি বিবেচনা করে সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে সীমিত পরিসরে বাজার বসানো যায়। কারণ এসব দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলনামূলকভাবে সস্তায় পাওয়া যায়। এতে নিম্নআয়ের মানুষের কর্মসংস্থানও হয়। তবে অভিযোগ রয়েছে, একবার ফুটপাতে বসলে তাতে স্থায়ী দখলদারিত্ব সৃষ্টি হয়। ফলে ফুটপাত আর ব্যবহার করা যায় না।’