নগরজুড়ে আরও পাঁচ বছর খোঁড়াখুঁড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরাকান সড়কের নগর অংশের কাপ্তাই রাস্তার মাথা থেকে বহদ্দারহাট পর্যন্ত সংস্কারের দাবিতে তিন বছর আগে আন্দোলনে নামেন এলাকাবাসী। তখন সড়কে ধানের চারা রোপণ ও কই মাছ ছেড়ে প্রতিবাদ জানান তাঁরা। এরপর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সড়কটির সংস্কার শুরু করে। বছর খানেক চলে সংস্কারের খেঁাড়াখুঁড়ি। ভোগান্তি থাকলেও সড়ক সংস্কার হওয়ায় স্বস্তি বোধ করে চলাচলকারী লোকজন। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো না। এখন ওয়াসার মদুনাঘাট প্রকল্পের পাইপলাইন বসানোর জন্য আবার খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে।
শুধু কাপ্তাই রাস্তার মাথা থেকে বহদ্দারহাট পর্যন্ত নয়, পাইপলাইন বসানোর জন্য নগরের পতেঙ্গা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় চলবে খোঁড়াখুঁড়ি। চট্টগ্রাম ওয়াসার দুটি বড় প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী পাঁচ বছর এই খোঁড়াখুঁড়ি চলবে বলে জানিয়েছেন ওয়াসার প্রকৌশলীরা।
ওয়াসা সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হলে ২০৪০ সাল পর্যন্ত বন্দরনগরে পানির সমস্যা আর থাকবে না। প্রকল্প দুটি বাস্তবায়নে খরচ হচ্ছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। পয়োনিষ্কাশনের ব্যবস্থা বাস্তবায়নের কাজ যুক্ত হওয়ায় প্রকল্প ব্যয় আরও এক হাজার কোটি টাকা বাড়তে পারে।
চান্দগাঁও এলাকার বাসিন্দা আশিষ কুমার নাথ বলেন, বছর দুয়েক আগে বহদ্দারহাট-কালুরঘাট সেতু পর্যন্ত রাস্তাটি উঁচু করে কার্পেটিং করা হয়েছিল। এখন আবার রাস্তাটির খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়েছে। বাহির সিগন্যাল থেকে বহদ্দারহাট পর্যন্ত রাস্তার শহরমুখী অংশটি খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘গতানুগতিক পদ্ধতিতে রাস্তা খোঁড়াখুঁড়ি হলে জনদুর্ভোগ বেড়ে যায়। আমরা আধুনিক পদ্ধতিতে রাতের দিকে রাস্তা কেটে পাইপ বসানোর কাজ করছি। মানুষের দুর্ভোগ কম হচ্ছে। ২০২১ সালের মধ্যে আমাদের প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজ শেষ হবে।’
ফজলুল্লাহ আরও বলেন, ‘কর্ণফুলী পানি সরবরাহের প্রথম প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এটি অনেক বড় প্রকল্প। আরও দুটি বড় প্রকল্পে হাত দিয়েছি। এগুলো বাস্তবায়ন হলে ২০৪০ সালের মধ্যে চট্টগ্রাম নগরে পানি সংকট আর থাকবে না। আর আগামী ১০০ বছরেও মাটির নিচে বিতরণ পাইপ পরিবর্তন করতে হবে না।’
ওয়াসা সূত্র জানায়, বর্তমানে রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় কর্ণফুলী নদীতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার অর্থায়নে দ্বিতীয় পর্যায়ের কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে ১৪ কোটি লিটার পানি পাওয়া যাবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৪ হাজার ৪৯১ কোটি টাকা।
প্রকল্প-সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলেন, রাঙ্গুনিয়ার দ্বিতীয় পর্যায়ের কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ শুরু হচ্ছে। কাপ্তাই সড়কের একপাশ কেটে পাইপলাইন নগরের বায়েজিদ হয়ে নাসিরাবাদ মহিলা কলেজ পর্যন্ত নিয়ে আসা হবে। ফলে কাপ্তাই সড়কটি আরেক দফা খোঁড়াখুঁড়ি শুরু হচ্ছে। রাঙ্গুনিয়ার পোমরা থেকে নাসিরাবাদ পর্যন্ত ২৮ কিলোমিটার সড়ক কেটে পাইপ বসানোর কাজ চলবে। এই কাজটি শেষ হবে ২০২১ সালে।
এদিকে চট্টগ্রামের পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন প্রকল্পের (মদুনাঘাট) কাজ ২০১৮ সালের ডিসেম্বরে শেষ হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে শহরতলির মদুনাঘাট এলাকায় ৯ কোটি লিটার পানি সরবরাহের এই প্রকল্পের নাম চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও পয়োনিষ্কাশন প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১ হাজার ৭৮ কোটি টাকায়। এই প্রকল্পের আওতায় নগরে ১৩৬ কিলোমিটার পাইপলাইন বসানো হবে। এ জন্য মদুনাঘাট থেকে বহদ্দারহাট, মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম কলেজ, রহমতগঞ্জ, আন্দরকিল্লা, শহীদ মিনার, নিউমার্কেট, সদরঘাট, বারেক বিল্ডিং, কাস্টমস হয়ে পতেঙ্গা পর্যন্ত খোঁড়াখুঁড়ির কাজ চলবে বলে সংশ্লিষ্ট প্রকৌশলী জানিয়েছেন।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ জানান, নগরে ১৯৬৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্থাপিত ওয়াসার পানি বিতরণে পুরোনো পাইপ উঠিয়ে নতুন পাইপ সংস্থাপনের কাজও হবে। এ জন্য আরও খরচ হচ্ছে ৯২০ কোটি টাকা। পুরোনো পাইপগুলোর মেয়াদ নেই। যখন তখন ফেটে যায় বলে বিতরণ লাইনের কাজ শুরু করতে হচ্ছে।