পয়লা বৈশাখ ঘিরে চট্টগ্রাম নগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে পুলিশের বিশেষ তল্লাশিচৌকি।
ডিসি পাহাড়, সিআরবি চত্বর ও পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় অনুষ্ঠানস্থলে থাকবে বাড়তি নজরদারি। নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি মোতায়েন থাকবে অতিরিক্ত এক হাজার পুলিশ। এদিকে আজ বৃহস্পতিবার িবকেল পাঁচটার মধ্যে অনুষ্ঠান শেষ করতে পুলিশের পক্ষ থেকে আয়োজকদের জানানো হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে জানান, পয়লা বৈশাখে নগরজুড়ে মোতায়েন থাকবে বাড়তি এক হাজার পুলিশ। অনুষ্ঠানস্থলের ভেতরে–বাইরে সাদা পোশাকধারী পুলিশও থাকবে। এতে অপরাধ করে কেউ সহজে পার পাবে না। অপরাধীরা যাতে নগরে ঢুকতে না পারে, সে জন্য আগের দিন রাতে (বুধবার) নগরের সিটি গেট, অক্সিজেন মোড়, কর্ণফুলী শাহ আমানত সেতু ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বিশেষ তল্লাশিচৌকি বসানো হচ্ছে।
দেবদাস ভট্টাচার্য্য আরও জানান, বৃহস্পতিবার (আজ) বিকেল পাঁচটার মধ্যে অনুষ্ঠান শেষ করার জন্য আয়োজকদের জানানো হয়েছে। এ ছাড়া অনুরোধ করা হয়েছে মুখোশ না পরতে, তবে হাতে রাখা যাবে। বাজানো যাবে না ভুভুজেলা বাঁশি। কিছুটা অসুবিধা হলেও শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
নগর পুলিশ সূত্র জানায়, ডিসি পাহাড়, সিআরবি চত্বর ও পতেঙ্গা সমুদ্রসৈকত ছাড়াও নগরের বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে। এসব অনুষ্ঠানের বাড়তি নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট থানার পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার মাধ্যমে অনুষ্ঠানস্থল নগর পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে।
র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, পয়লা বৈশাখকে ঘিরে নগরের বিভিন্ন স্থানে র্যা বের পক্ষ থেকে টহল ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে সন্ত্রাসী জঙ্গিরা কোনো ধরনের অপতৎপরতার সুযোগ না পায়।