ভোগ্যপণ্যের দরপতনে লোকসান গুনছেন অনেকে। কেউ প্রতারণার শিকার হয়ে কোটি টাকা খুইয়েছেন। এত অঘটনের মাঝেও ঐতিহ্য হাতছাড়া করতে চান না ব্যবসায়ীরা। লোকসান আর প্রতারণার শিকার হয়েও হালখাতার মাধ্যমে নতুন বছর শুরু করতে যাচ্ছেন চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। চাক্তাই-খাতুনগঞ্জের বণিকপাড়ায় হালখাতার এ উৎসব হবে দুদিনের। বাংলা পঞ্জিকা অনুসারে কাল শুক্রবার এ উৎসব পালনের আয়োজন করেছেন ব্যবসায়ীরা। তবে সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া নববর্ষের দিন আজ বৃহস্পতিবারও অনেকে শুরু করেছেন হালখাতা উৎসব। দিনবদলে খাতুনগঞ্জে হালখাতা উৎসবেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। মৌখিক লেনদেন থেকে ব্যাংক চেকে লেনদেন, খাতার পরিবর্তে কম্পিউটার—অনেক কিছুতেই এসেছে পরিবর্তন। তবু ঐতিহ্য ধরে রাখতে চিরায়ত নিয়ম অনুসরণ করছেন অনেক বনেদি ব্যবসায়ী। উৎসবে সাজবে ব্যবসাপ্রতিষ্ঠান, অতিথিদের আপ্যায়নেও থাকছে মিষ্টি, ফল ইত্যাদি।ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে গম, চিনি, ভোজ্যতেল ও ডালের দাম কমে গেছে খাতুনগঞ্জে। হঠাৎ দাম পড়ে যাওয়ায় আগের মজুদ পণ্যে লোকসান দিতে হচ্ছে ব্যবসায়ীদের। লোকসান দিতে না পেরে বাজার থেকে সটকে পড়েছেন কয়েকজন ব্যবসায়ী। এসব কারণে হালখাতা উৎসব নিয়েও মন খারাপ ব্যবসায়ীদের।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলমও মনে করেন, বাজার মন্দাসহ নানা কারণে এবার ব্যবসায়ীদের মন খারাপ। তবু হালখাতা উৎসব এসব ভুলিয়ে নতুন করে ব্যবসায়ীদের পথচলার সূচনা করবে বলে তাঁর বিশ্বাস। ব্যবসায়ীরা জানান, আগে নববর্ষের শুভেচ্ছা কার্ডে দোকান ভরে যেত। কিন্তু বাজার মন্দার কারণে হালখাতা উৎসব আর আগের মতো হচ্ছে না। শুধু ঐতিহ্যবাহী ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এ উৎসব ধরে রেখেছে। তাই বৃহস্পতিবার নতুন খাতা খোলা হবে, সেই খাতায় থাকবে পাওনাদারদের নামও। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এবং চাক্তাই শিল্প ও বণিক সমিতির হিসাবে, চাক্তাই-খাতুনগঞ্জ ও আছদগঞ্জে অন্তত পাঁচ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী ও ডিও (ডেলিভারি অর্ডার) ব্যবসায়ী আছেন। বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ও এ এলাকায়।একটা সময় ছিল যখন বাংলা নতুন বছরের প্রথম দিনটি চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কাছে উৎসব হয়ে আসত। কারণ নতুন বছরের প্রথম দিন ব্যবসার হিসাব-নিকাশ চুকিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। বাকির খাতা শূন্য হয়ে যেত। তবে এবার অনেকেরই বাকির খাতা শূন্য হচ্ছে না।