নগরজুড়ে সড়ক দখল
নগরের সড়কগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বেদখল হয়ে যাচ্ছে। সড়ক ও ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান, ফেরিওয়ালা, সড়কের ওপর যানবাহনের অবৈধ পার্কিং, নির্মাণসামগ্রী রাখা, কাঁচাবাজার, ডাস্টবিন, মোড়ে মোড়ে গাড়ির বিশৃঙ্খল জটলা, যাত্রী ওঠানামা ইত্যাদি কারণে এ সংকট বাড়ছে। এতে বাড়ছে জনদুর্ভোগ, যানজট আর দুর্ঘটনার ঝুঁকি। এ নিয়ে সরেজমিন ঘুরে প্রতিবেদনগুলো তৈরি করেছেন মোহাম্মদ রফিক, আল রাহমান, শুভাশীষ পাল, সাবরিনা জাহান ও মহিউদ্দিন কাদের জিইসি মোড় দুই নম্বর গেট মুরাদপুর নগরের অন্যান্য স্থানের তুলনায় জিইসি মোড়ের ফুটপাত অনেক সংকীর্ণ। এ ফুটপাতে মুদি দোকানের ফ্রিজ, খাবার তৈরির সরঞ্জাম, পান-সিগারেট, ফল ও পত্রিকা বিক্রেতারা দখল করে রেখেছেন। সেন্ট্রাল প্লাজার সামনে, ইফকো টাওয়ারের লাইনে, অভিজাত রেস্তোরাঁ মেরিডিয়ানের সামনের ফুটপাত পুরোটাই দখলে আছে বিভিন্ন ভাবে। ও আর নিজাম সড়কে কয়েকটি কোচিং সেন্টার ও বেসরকারি হাসপাতাল (ক্লিনিক) গড়ে উঠেছে। ফুটপাত ও রাস্তার একপাশ রিকশা ও ভ্রাম্যমাণ হকারদের দখলে থাকায় পথচারীদের হাঁটতে হয় ব্যস্ত সড়কের মাঝখান দিয়ে। ফলে ছোটখাটো দুর্ঘটনা প্রতিদিন ঘটে। ফুটপাত দখলমুক্ত রাখা ও পথচারীদের চলাচলের সুবিধার জন্য নগরের বিভিন্ন স্থানে ইস্পাতের নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়েছে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় এ বেষ্টনীর কারণে দখলকারীদের সুবিধা হয়েছে আরও বেশি, আগে ফুটপাতের একপাশ দখল করলেও এ বেষ্টনীর কারণে ফুটপাতের দুপাশই দখল হয়ে যাচ্ছে। ষোলশহর দুই নম্বর গেটের চারপাশের ফুটপাত কাপড়, বিক্রেতা ও পত্রিকা বিক্রেতারা মালামাল রেখে দখল করে রেখেছেন। এখানে পথচারী ও বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নগরের মুরাদপুর-অক্সিজেন সড়কে দেখা যায়, পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য একটু ফুটপাতও খালি নেই। এখানে ফুটপাত দখল করার পর ব্যস্ত সড়ক দখল করে গাড়ির যন্ত্রাংশ মেরামত, ইস্পাতের আসবাবপত্র নির্মাণ, নির্মাণসামগ্রী, ট্রাক পার্কিং করে রাখা হয়েছে। মুরাদপুরের গাড়ির খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ী মো. হাসান জানান, ‘দোকানের সামনের ফুটপাতে মালপত্র না রাখলে কোথায় রাখব।’ পথচারীদের অসুবিধার কথা জানতে চাইলে বলেন, ‘আমি তো কাউকে রাস্তায় চলাচল করতে মানা করিনি। তাঁরা হাঁটতে পারলে আমার কোনো আপত্তি নেই।’ আমান আলী সড়ক আন্দরকিল্লা নিউমার্কেটগত শনিবার দুপুর ১২টায় নগরের অন্যতম গুরুত্বপূর্ণ আন্দরকিল্লা জামে মসজিদ মোড়ে দেখা যায় রাস্তা দখল করে বসেছেন ফলব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী ও বইসহ হরেক রকমের পণ্য ভ্যানগাড়িতে সাজিয়ে বসা বিক্রেতারা। লালদীঘির মোড় থেকে জেমিসন হাসপাতাল পর্যন্ত পুরো রাস্তার অর্ধেকই দখল করে আছেন হকারেরা। টেরিবাজারের সামনে রাস্তার ওপর কাপড় সাজিয়ে বসেছেন বিক্রেতা মো. হালিম (৪৫)। সিটি করপোরেশনকে এ জায়গার ভাড়া দেন কি না জিজ্ঞেস করলে তিনি জানান, ‘প্রতিদিন ১০০ টাকা ভাড়া দিই সিটি করপোরেশনের লোককে। পুলিশকেও টাকা দিতে হয়। জামে মসজিদের মোড়ে ফল নিয়ে বসেছেন খোকন (৩০)। তিনি বলেন, ‘পুলিশকে দু-চার টাকা দিয়ে এখানে বসি।’ পথচারীদের হাঁটার অসুবিধার কথা বললে বলেন, ‘আমরা কী করমু। ব্যবসা না করলে তো চুরি-ডাকাতি করতে হইব।’ জামে মসজিদের সামনের বইয়ের দোকানি মো. ইমরান জানান, ‘হকারদের সঙ্গে এখানকার পুস্তক ব্যবসায়ীদের অনেকবার সংঘর্ষ হয়েছে। এদের বারবার উচ্ছেদ করলেও আবার জায়গা দখল করে বসে।’ শনিবার দুপুরে এ প্রতিবেদকের সামনেই এক হকারকে তিনি ধমক দিলে ওই হকার উল্টো তেড়ে আসেন। ৭ অক্টোবর এ সড়কে দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হলেও টনক নড়েনি কারও। সিরাজুদ্দৌলা সড়ক সংস্কারের কারণে দখলমুক্ত থাকলেও প্যারেড মাঠের পূর্বপাশে ফুটপাত ও রাস্তা দখল করে রেখেছে ভবন নির্মাণসামগ্রী ইট, বালু ও ঠেলাগাড়ি। পাশে রসিক হাজারী লেনও দখল করে রয়েছে খুপড়ি দোকান ও ব্যবহূত হচ্ছে সিএনজি, রিকশা ও গাড়ি পার্কিংয়ের কাজে। প্যারেডের পূর্বকোণে রাখা হচ্ছে স্থানীয় আসবাবপত্রের দোকানের বিক্রয়সামগ্রী। চকসুপার মার্কেট থেকে রাহাত্তার পুল পর্যন্ত প্রায় ২ দশমিক ৫০ কিলোমিটার কেবি আমান আলী সড়কের পুরোটাই দখল করেছে হকার, সবজি, ফল ব্যবসায়ী ও বিভিন্ন প্রসাধনের দোকান।চকসুপার মার্কেটের নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল ব্যবসায়ী বলেন, ‘সিটি করপোরেশনের নালার ওপর দোকান করেছি বলে প্রতিদিন ২০ টাকা করে ভাড়া দিই। তবে তার চেয়েও বেশি টাকা দিতে হয় পুলিশ ও স্থানীয় ক্যাডারদের। একটা দোকান চালাতে গেলে প্রতিদিন ৮০০-৯০০ টাকা শুধু চাঁদাই দিতে হয়। সড়কে পথচারীদের দুর্ভোগ চরমে ওঠে ধুনিরপুলের কাছে। এখানে এক পাশ রাস্তার ওপর বসা সবজিবিক্রেতাদের দখলে থাকে এবং অন্যপাশে ডাস্টবিন থেকে উপচে পড়ে ময়লা। এ জায়গায় পথচারীরা নাকে রুমাল চেপে হাঁটাচলা করলেও যানজটের সময় হাঁটার জায়গাও থাকে না বলে তাঁদের দুর্ভোগে পড়তে হয়। পথচারী মামুন জানান, ‘বছরের পর বছর এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। দু-একবার ছোটখাটো দুর্ঘটনার মুখোমুখিও হয়েছি। সবজিবিক্রেতা যোগেশচন্দ্র বলেন, ‘সিটি করপোরেশনকে প্রতিদিন ২০ টাকা হাসিল দিয়ে দোকান নিয়া বসি। যেদিন রাস্তা ঠিক করবে সেদিন রাস্তা থেকে উঠে যাব।’ আরেক সবজিবিক্রেতা শমসের আলম জানান, ‘দীর্ঘদিন ধরে এ জায়গায় ব্যবসা করতেছি। কাউকে ভাড়া দিই না।’ এখানকার স্থানীয় ব্যবসায়ী জয়নুল্লাহ জানান, ‘রাস্তা দখল করে বসা হকারদের অনেকবার উচ্ছেদ করলেও কোনো লাভ হয়নি। এরা স্থানীয় প্রশাসনকে টাকা দিয়ে চলে।’ ফুলতলা থেকে রাহাত্তরপুল পর্যন্ত রাস্তার ওপর নির্মাণ করা দোকানগুলোর কারণে রাস্তা সংকীর্ণ হয়ে গেছে। কোনো কোনো জায়গায় রাখা হয়েছে নির্মাণসামগ্রীও। ফলে যানজট এ রাস্তার নিত্য সমস্যা। নগরের নিউ মার্কেট মোড় একে তো ব্যস্ততম চৌমুহনী, তার ওপর হকারদের দখলে সড়ক ও ফুটপাত। এক-এগারোর পর দীর্ঘদিনের এ দখল উচ্ছেদ হলেও পরে তা আবার হকারদের দখলে চলে যায়। ফলে এ চৌমুহনীর সংযুক্ত চারটি সড়কের দুপাশের অংশ ও ফুটপাত সকাল থেকে রাত পর্যন্ত থাকে হকারদের দখলে। এতে এ মোড়ে প্রায় সময় লেগে থাকে যানজট। এ জট জুবিলি রোড, স্টেশন রোড, শহীদ সোহরাওয়ার্দী সড়কসহ আশপাশের সড়কে প্রতিদিন, প্রতিক্ষণ লেগে থাকে। এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সূত্র জানায়, এক-এগারোর পর অবৈধ দখল উচ্ছেদ হলে এ সড়কের শৃঙ্খলা ফিরে এসেছিল। পরে হকারদের আন্দোলনের মুখে আবার তাদের অনুমতি দেওয়ায় পরিস্থিতি আগের অবস্থায় ফিরে গেছে। যানজট আর জনদুর্ভোগও আগের চেয়ে বেড়েছে।মোমিন সড়ক ও স্ট্র্যান্ড রোড ‘একটু মনোযোগ দিয়ে দেখলে মনে হবে মোমিন রোডের মালিকই নেই! ফুটপাতের বেশির ভাগ তো বেদখল হয়ে গেছে আগেই। এখন সড়কটাও গিলে খাচ্ছে ওরা। অথচ সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ), সিএমপি (নগর পুলিশ) বা সিসিসি (চট্টগ্রাম সিটি করপোরেশন)—এ তিনটি প্রতিষ্ঠানের কার্যালয়ই ধারেকাছে। সত্যি কথা হলো—কারও কোনো মাথাব্যথা নেই।’ মোমিন সড়কে দাঁড়িয়ে কথাগুলো বললেন হেম সেন লেনের বাসিন্দা মোহাম্মদ আরিফ।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বৌদ্ধমন্দির মোড় থেকে চেরাগি পাহাড় পর্যন্ত সড়কে ফুটপাত আছে ডিসি হিল অংশে। কিন্তু তা ফুলের দোকানের বস্তা, পুরোনো আসবাব, বাঁশ, ভ্যানগাড়ি, রিকশাভ্যানের দখলে চলে গেছে। মানুষের মলমূত্রে একাকার হয়ে গেছে পুরো ফুটপাত। নাকে রুমাল চেপে ধরে কোনো রকমে পথ চলছেন নিরুপায় পথচারীরা। ডিসি হিলের ভেতরের অবৈধ চায়ের দোকানগুলো ফুটপাতের ওপর কাঠের টুল-টেবিল পেতে চালাচ্ছে জমজমাট ব্যবসা। শুধু তাই নয়, পুরো সড়কের আগাগোড়া চার-পাঁচ ফুট জায়গা দখল করে রাখা হয়েছে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি। ফুটপাতে এক-দেড় ফুটের মতো খালি রাখা হয়েছে পথচারীদের জন্য। কিন্তু ওই সরু পথ দিয়ে নারী পথচারীরা চলাচলের সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। ইভ টিজিংয়ের শিকার হন বিদ্যালয়-কলেজ আর পোশাককারখানার মেয়েরা। ছেলেকে নিয়ে এজি চার্চ স্কুল থেকে ফিরছিলেন নীলু আকতার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পত্রিকায় লিখে কিছু হবে না। এ সড়কটা এখন আর সড়ক নেই, চিপাগলির চেয়েও খারাপ হয়ে গেছে। চেরাগি মোড়ের রহমানিয়া রেস্তোরাঁর সামনে রাস্তার ওপর সিএনজি অটোরিকশার অবৈধ স্ট্যান্ডটা দিন দিন বড় হচ্ছে। দক্ষিণ পাশে রাস্তার ওপর বসে ফুলের বাজার। হাঁটার কি উপায় আছে?’চেরাগি মোড়টা ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে পথচারী আর যানবাহনের জন্য। ব্র্যাক ব্যাংকের সামনে রাস্তাটি অলিখিত গাড়ি পার্কিংয়ের জায়গায় পরিণত হয়েছে। মোড়ের এ পাশে গাড়ি চলতে পারে পাঁচ ফুটের মতো অংশে। অর্ধশতাধিক রিকশা, অটোরিকশাচালক এখানে যাত্রীর আশায় বসে থাকেন। প্রায়ই দেখা যায়, ছোট বড় গাড়ি পার্ক করা। সেন্টার পয়েন্ট হাসপাতালের সামনেও নিয়মিত দাঁড়িয়ে থাকে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ইত্যাদি। এ ছাড়া, বিভিন্ন গণপরিবহন যাত্রী নামানোর জন্যও এখানে থামে। চেরাগি মোড় থেকে রহমতগঞ্জের মোড় পর্যন্ত সড়কের দুপাশে ফুটপাত আছে। কিন্তু দুর্ভোগও আছে সমানে। ফুটপাতের ওপর এলোমেলো রাখা হয়েছে বিভিন্ন দোকানের মালামাল, পুরোনো টায়ারের স্তূপ। আছে ফেরিওয়ালাদের পণ্যের পসরা।ইকুইটির নির্মীয়মাণ ভবনের সামনে এলোমেলো রাখা হয়েছে বড় বড় লোহার স্তূপ। লোহাগুলোর দুমাথায় সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় পথচারীরা হোঁচট খাচ্ছেন। এ ছাড়া কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে ফুটপাতের নিচে সড়কটির বড় একটি অংশ সবজি বিক্রেতাদের দখলেই থাকে পুরোপুরি।নগরের স্ট্র্যান্ড রোডের উভয়পাশ দখল করে প্রতিদিন অসংখ্য ট্রাক দাঁড়িয়ে থাকে। ফলে সেখানকার যানজট সমস্যা স্থায়ী রূপ নিয়েছে। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজ১ীবন। ট্রাকমালিক, ব্যবসায়ী ও পুলিশের মতে, স্থায়ী ট্রাক ট্রার্মিনাল না হওয়া পর্যন্ত এলাকায় জনদুর্ভোগ নিরসনের সম্ভাবনা নেই।১৬ অক্টোবর সরেজমিনে স্ট্র্যান্ড রোডে দেখা যায়, সদরঘাট জেটি থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে সড়কের উভয়পাশের বড় একটি অংশ দখল করে আছে অসংখ্য ট্রাক। ডিটি (ঢাকা ট্রাঙ্ক) রোডের একপাশ চলে গেছে লোহা ব্যবসায়ী ও কাভার্ডভ্যানের দখলে। স্থানীয় লোকজন জানান, ডিটি সড়কে চার-পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যান মেরামতের গ্যারেজ রয়েছে। এসব গ্যারেজে পর্যাপ্ত জায়গা না থাকায় ত্রুটিযুক্ত ট্রাক ও কাভার্ডভ্যান রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে।স্থানীয় মুদির দোকানি মো. আলতাফ বলেন, ‘মাঝিরঘাট তো একটি অঘোষিত ট্রাক টার্মিনাল। নিত্যদিন ট্রাকজটের কারণে আমাদের মতো সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু দেখার কেউ নেই।’ স্থানীয় বাসিন্দা মো. ইমতিয়াজ বলেন, ‘আমার দুই মেয়ে পড়াশোনা করে আগ্রাবাদ কমার্স কলেজে। প্রায় প্রতিদিন তাদের একটাই অভিযোগ শুনি, রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।’স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাংলাবাজার থেকে সদরঘাট পর্যন্ত ১৭টি জেটিঘাট রয়েছে। এসব ঘাটে বন্দরের পণ্য আনা-নেওয়ার জন্য প্রতিদিন হাজারেরও বেশি ট্রাক স্ট্র্যান্ড রোডে আসা-যাওয়া করে। ফলে স্বাভাবিক যানবাহন চলাচল ব্যাহত হয়। মাঝিরঘাট ট্রাকমালিক সমিতির সভাপতি শেখ মোহাম্মদ ইসহাক বলেন, ‘মাঝিরঘাট এলাকায় ১৭টি ঘাটে প্রতিদিন ২০ হাজার টনের বেশি পণ্য উঠানামা হয়। স্থায়ী টার্মিনাল না থাকায় এসব পণ্য আনা-নেওয়া করতে আসা ট্রাকগুলো সড়কের ওপর দাঁড় করাতে বাধ্য হয়।’ তাঁর মতে, আনুমাঝির ঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত এবং এস আর রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ সরকারি জমি পড়ে আছে। এসব জায়গায় ট্রাক রাখার অনুমতি দিলে স্ট্র্যান্ড রোড অনেকটা যানজটমুক্ত থাকবে।’ আন্তজেলা ট্রাকমালিক সমিতির সভাপতি জনাব আলী বলেন, ‘সরকার বিভিন্ন সময় টার্মিনাল নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করছে না। ফলে ট্রাকজট লেগে আছে।’ তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘মাঝিরঘাট একটি ছোট বন্দরের মতো। ট্রাক যদি পণ্য আনা-নেওয়া না করে তবে ব্যবসা চলবে কী করে?’ সড়ক দখলের ভয়াবহ চিত্র দেখা গেছে পশ্চিম মাদারবাড়ির ডিটি সড়কে। সড়কটির এক পাশের (দক্ষিণ পাশের লেন) প্রায় জায়গা দখল করে দীর্ঘদিন থেকে চলছে পুরোনো জাহাজের পাইপের ব্যবসা। স্ট্র্যান্ড রোডের সংযোগস্থল থেকে শুভপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারজুড়ে রয়েছে দুই শতাধিক লৌহজাত পণ্যের প্রতিষ্ঠান। সড়কের একপাশ চলে গেছে পরিবহন (ট্রান্সপোর্ট এজেন্সি) প্রতিষ্ঠানগুলোর কাভার্ডভ্যানের দখলে। ফলে সড়কে যানবাহন তো দূরের কথা পথচারী চলাচলেও সমস্যা দেখা দেয়। জনি ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেডিংয়ের কর্মচারী মো. সরওয়ার বলেন, ‘মাঝিরঘাট থেকে ডিটি রোড সংযোগ সড়কটি চালু হলে যানজট সমস্যার সমাধান হবে।’ সড়কের জায়গা দখল করে মালামাল রাখার কারণে জনদুর্ভোগ হয়—এমন কথার জবাবে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের বিক্রয়কর্মী মো. ফয়সল বলেন, ‘পুলিশ ফুটপাত থেকে মালামাল সরিয়ে নিতে বললে আমরা তা সরিয়ে ফেলি। সিটি করপোরেশন থেকে মাঝেমধ্যে ম্যাজিস্ট্রেট আসেন। তাঁরা জরিমানা করলে তা-ও দিই।’ স্থানীয় বাসিন্দা লতিফ হোসেন, মিয়া ইদ্রিস ও আলতাফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডিটি সড়ক লোহার ব্যবসায়ী, গ্যারেজ ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের দখলে চলে গেলেও পথচারী কিংবা মানুষের দুর্ভোগের কথা কেউ ভাবছেন না।’ অভিযোগ রয়েছে, ট্রাফিক পুলিশ ও স্থানীয় কিছু মাস্তানদের যোগসাজশে ডিটি সড়কটি দখলমুক্ত হচ্ছে না। মেসার্স আয়রন স্টোর, আবসার অ্যান্ড সন্সসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের বিক্রয়কর্মী নাম প্রকাশ না করে বলেন, পুলিশ ও স্থানীয় মাস্তানদের নিয়মিত মাসোয়ারা দিয়ে তাঁরা ব্যবসা করছেন দীর্ঘদিন থেকে।’ এ ব্যাপারে জানতে চাইলে উপপুলিশ কমিশনার (যানবাহন) ফারুক আহমেদ বলেন, ‘মূল সমস্যা হচ্ছে ট্রাক টার্মিনাল না থাকা। আমরা ইতিপূর্বে দেখেছি ডাবল করে রাস্তায় কাভার্ডভ্যান ও ট্রাক দাঁড়িয়ে থাকে। ফলে ওই এলাকায় যানজট সৃষ্টি হয় এবং মানুষ দুর্ভোগে পড়েন। আমরা অন্তত এক লাইনে গাড়ি রাখার জন্য সংশ্লিষ্ট ট্রাকমালিক ও চালকদের বলেছি। সেভাবেই বর্তমানে গাড়িগুলো রাখা হচ্ছে। এরপরও সমস্যা রয়ে গেছে।’ ট্রাফিক পুলিশ কাভার্ডভ্যান ও লোহাব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা নেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য না করে তিনি বলেন, ‘ট্রাক টার্মিনাল তৈরি হলে রাস্তাগুলো যানজটমুক্ত হবে।’ বহদ্দারহাট থেকে পতেঙ্গাগত রোববার নগরের সিডিএ অ্যাভিনিউ সড়ক, ও আর নিজাম সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক, পতেঙ্গা সল্টগোলা, এম এ আজিজ ও আগ্রাবাদ সংযোগ সড়কের নানা অংশ ও মোড়ে সড়ক দখলের নানা চিত্র চোখে পড়ে। সিডিএ অ্যাভিনিউ সড়কের মুরাদপুর মোড়ের দুপাশে এএইচ প্যারাগন (পশ্চিম পাশে) ও করিমস আইকন নামে দুটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ চলছে এক বছরের বেশি সময় ধরে। ভবন দুটির নির্মাণসামগ্রী রাখা হয়েছে ফুটপাত ও সড়কের (আংশিক) ওপর। ১০ নম্বর রুটের চট্টমেট্রো-চ ১১-১৩০৪ নম্বর বাসের চালক মো. জাহেদ বলেন, ভবন দুটির কাজ শুরু হওয়ার পর থেকে ফুটপাত ও সড়কের ওপর নির্মাণসামগ্রী রাখায় অনেক সময় যানজটেরও সৃষ্টি হয়। অন্য সড়কেও এ সমস্যা আছে। এ এইচ প্যারাগনের প্রকল্প প্রকৌশলী মোহাম্মদ সোহাগ বলেন, ‘একটা জায়গায় নির্মাণসামগ্রী রেখেই তো ভবনের কাজ শুরু করতে হবে।’ দীর্ঘদিন ধরে যাতায়াতে সমস্যা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দীর্ঘ সময়ের সব দিন এভাবে রাখা হয়নি।’এ ছাড়া এ সড়কের লালখান বাজার, ওয়াসার মোড় (দক্ষিণ পাশে) এলাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কের আগ্রাবাদ মোড়, চৌমুহনী ও দেওয়ানহাট অংশে ফুটপাত ও সড়ক (আংশিক) দখল করে নির্মাণকাজ চালাতে দেখা যায়। সিডিএ অ্যাভিনিউ সড়কের ইস্পাহানি মোড়ে সড়কের ওপর ভ্যানগাড়িতে সাত বছর ধরে খাবার বিক্রি করেন নোয়াখালীর মো. আবদুল। সড়কের ওপর এভাবে খাবার বিক্রি করা নিজের ও ক্রেতাদের জন্য যে ঝুঁকিপূর্ণ তা স্বীকার করে মো. আবদুল বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মন্ত্রী আসলে বেশি যানজট হলে আমাদের সরিয়ে দেওয়া হয়।’ চট্টমেট্রো-থ ১১-৯১৫৬-এর অটো রিকশাচালক মো. আনোয়ার হোসেনকে সড়কের মাঝখান দখল করে গাড়ি পার্কিংয়ের কারণ জিজ্ঞেস করলে বলেন, ‘ছোট গাড়িগুলোর পার্কিং করা উচিত ফুটপাতের পাশের অংশে। কিন্তু তা হকার ও দোকানিদের দখলে চলে গেছে। তাই আমরা নিরুপায় হয়ে রাস্তার মাঝখান দখল করে চলাচল ও যাত্রী উঠা-নামা করি।’আগ্রাবাদের সংযোগ সড়কের দুপাশ দখল করে চলছে কাঁচাবাজার, কারখানা (ওয়ার্কশপ), ডাস্টবিন, অবৈধ যানবাহন পার্কিং, কনক্রিট ভাঙা ও বিক্রির ব্যবসা। পথচারী ও খাগড়াছড়ি মাটিরাঙা কলেজের প্রভাষক মুনিরুল ইসলাম বলেন, ‘সড়ক মানেই চলাচল ও যাতায়াতের পথ। এ পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সবকিছুই অবৈধ সড়ক দখল বলে মনে করি। কর্তৃপক্ষকে কঠোর হাতে সড়ক তত্ত্বাবধান করে দখলমুক্ত রাখতে হবে। এ ক্ষেত্রে নাগরিক সচেতনতাও অপরিহার্য বলে মনে করেন তিনি।পতেঙ্গা সল্টগোলা সড়ক ও এমএ আাাজিজ সড়কের রাস্তার ওপর হকারদের বেচাকেনা চোখে না পড়লেও ফুটপাতজুড়ে খাবারের দোকান দেখা যায়। এ সড়কের দুপাশে ভারী যানবাহন ও কনটেইনারবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।