নগরবালকের খোঁজে
বর্তমানে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো বেশ জনপ্রিয়। বয়স্ক থেকে শুরু করে তরুণ—সবাই এখন একজন আরেকজনের সঙ্গে সামাজিক যোগাযোগে আবদ্ধ। ইন্টারনেটের বিশাল জগতে তাঁরা একে অপরের সঙ্গে অন্তর্জালে নিয়মিতভাবে করে চলেছেন যোগাযোগসহ নানা ধরনের কার্যক্রম। এ ধারণাকে মাথায় রেখে দেশীয়ভাবে তৈরি হয়েছে নগরবালক (www.nogorbalok.com) নামে একটি সামাজিক যোগাযোগ সাইট। নতুন প্রজন্মভিত্তিক এ সাইটে নিজের প্রোফাইল তৈরি করে, ছবি, ভিডিও ভাগাভাগি করে ও ব্লগ লিখে নিজেদের উপস্থাপন করা যাবে। সাইটটির নির্মাতা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী মুতাসিম রহমান ও রাইফেলস পাবলিক কলেজের শিক্ষার্থী মেহেদী জামান। দেশীয় সংস্কৃতি ও বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য সুপরিকল্পিতভাবে নেটওয়ার্ক গড়ে তোলার জন্যই নগরবালক কাজ করে যাচ্ছে, জানালেন মুতাসিম। অন্য সামাজিক যোগাযোগ সাইটের প্রায় সব ধরনের সুবিধাই রয়েছে এ সাইটে। বিনা মূল্যে সদস্য হয়ে নিজের প্রোফাইল তৈরির পাশাপাশি বন্ধুত্বের মাধ্যমে নিজেদের নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। সদস্য বন্ধুদের মধ্যে ব্যক্তিগত বার্তা প্রেরণের রয়েছে বিশেষ ব্যবস্থা, যা সাধারণ ই-মেইলের চেয়ে বেশ দ্রুত ও সহজ। এ ছাড়া নিজেদের ছবি ও তৃতীয় পক্ষের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট থেকে ভিডিও শেয়ার করা যাবে। নগরবালক শুধু সামাজিক যোগাযোগেই সীমাবদ্ধ নয়, সদস্যদের নিজেদের মতামত, ভাবনা কিংবা অভিজ্ঞতাকে তুলে ধরার জন্য এতে যুক্ত হয়েছে মুক্তচিন্তার প্ল্যাটফর্ম ব্লগ। এ ব্লগে নিজের কথা তুলে ধরার পাশাপাশি কমিউনিটি গ্রুপের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনার সুযোগ থাকছে। এ ছাড়া বাড়তি সুবিধা পেতে এতে রয়েছে বেশকিছু প্রোগ্রাম। বন্ধুদের সঙ্গে তাত্ক্ষণিক আড্ডা দিতে রয়েছে চ্যাটের সুবিধা এবং প্রায় ৫০ মেগাবাইট পর্যন্ত ফাইল পাঠানো (সেন্ড) যাবে। এর শক্তিশালী চ্যাট হিস্টোরি প্রোগ্রামের মাধ্যমে পুরোনো তাত্ক্ষণিক বার্তাগুলোও পড়া যাবে। সামাজিক যোগাযোগ সাইটের অন্যতম প্রাইভেসি সুবিধার বেশকিছু অপশনও রয়েছে, যাতে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নির্ধারণ করা যাবে। নিজেদের মধ্যে সামাজিক যোগাযোগ, ব্লগের সঙ্গে এতে যুক্ত করা হয়েছে রেডিও মেট্রো (www.radiometro.nogorbalok.com) নামের অনলাইনে রেডিও। ২৪ ঘণ্টার এ রেডিওতে বিভিন্ন ধরনের গান শোনার সুযোগ রয়েছে। মেহেদী জামান জানান, বর্তমানে নগরবালকের সদস্যসংখ্যা প্রায় ১০ হাজারের মতো এবং প্রতিনিয়ত এতে যুক্ত হচ্ছে অনেকেই। নগরবালকে সামাজিক যোগাযোগের সঙ্গে নতুন বৈশিষ্ট্য ছাত্রসভা (অনলাইন স্ট্যাডি ফোরাম) যুক্ত হবে। এখানে জ্ঞান এবং বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে শিক্ষার্থীরা—এ আশাই নির্মাতাদের।