নগরবাসীকে ধৈর্য ধরতে হবে
গণপরিবহন–সংকট ও এর সমাধান নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

প্রথম আলো: চট্টগ্রামে গণপরিবহনে নৈরাজ্য থামাতে প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আপনার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। আপনারা এ বিষয়ে কতটুকু কাজ করেছেন?
আ জ ম নাছির উদ্দীন: মন্ত্রী মহোদয় যে দায়িত্ব দিয়েছেন তা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। কারণ সিএনজিচালিত অটোরিকশায় মিটার সংযোজন নিশ্চিত ও স্থায়ীভাবে মিটারের সার্ভিসিং সেন্টার চালু রাখার এখতিয়ার কেবল মন্ত্রণালয়ের। কমিটির আমরা তিনজন সদস্য বিষয়টি নিয়ে তিন দফা কথা বলেছি। আমরা মনে করি, মহানগর এলাকায় মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করতে হবে। তবে সেই মিটার হতে হবে টেকসই। তেমন মিটার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সার্ভিসিং সেন্টারের গ্যারেজ চট্টগ্রামে স্থায়ীভাবে চালু রাখার বিষয়টি দরপত্রের শর্তাবলির মধ্যে রাখতে হবে। এই বিষয়গুলো আমি মন্ত্রী মহোদয়কে জানিয়েছি।
প্রথম আলো: মন্ত্রীকে কি লিখিতভাবে জানিয়েছেন?
আ জ ম নাছির উদ্দীন: লিখিতভাবে নয়। উনার সঙ্গে অনেকবার কথা হয়েছে। তখনই আমি বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। তাঁকে বলেছি, এসব কাজ মন্ত্রণালয়ের।
প্রথম আলো: তাহলে নৈরাজ্য সহসা থামার লক্ষণ নেই?
আ জ ম নাছির উদ্দীন: চট্টগ্রামে গণপরিবহন–সংকট আছে। ব্যাটারিচালিত রিকশা, নসিমন-করিমন উঠে যাওয়ার পর সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। কিন্তু এসব যানও কিন্তু চালু করা উচিত হয়নি। তবে নগরবাসীকে আরেকটু ধৈর্য ধরতে হবে। তাঁদের কষ্ট হচ্ছে। তাঁদের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি আবার কথা বলে চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার মানসম্মত মিটার সরবরাহ ও সার্ভিসিং সেন্টার স্থায়ীভাবে চালু করতে দরপত্র আহ্বানের অনুরোধ করব। আসলে যেকোনো কাজ তাড়াহুড়ো করে করা যায় না। মহানগর এলাকায় অটোরিকশায় ভাড়ার মিটার সংযোজন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। নৈরাজ্য থামাতে এর কোনো বিকল্প নেই বলে আমি মনে করি।
প্রথম আলো: নগরের যাত্রীবাহী বাসগুলোর সেবা অত্যন্ত নিম্নমানের। অফিসগামী মানুষজনকে এসব বাসে উঠতে বেগ পেতে হয়। তা ছাড়া চট্টগ্রাম বন্দরনগর ও পর্যটন শহর। পর্যটকদের চলাফেরার জন্যও এখানে মানসম্মত বাস নেই। অন্তত একটি রুটে কি শীতাতপনিয়ন্ত্রিত বাস নামানো যায় না?
আ জ ম নাছির উদ্দীন: চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত শীতাতপনিয়ন্ত্রিত বাস চালু করা যায়। আমিও মনে করি, চট্টগ্রাম নগরের যাত্রীবাহী বাসের সেবা ভালো নয়। তবে শীতাতপনিয়ন্ত্রিত বাসসেবা নিশ্চিত করতে পরিবহন কোম্পানিগুলো এগিয়ে আসতে পারে। এ ব্যাপারে আমি উদ্যোগ নেব, যাতে পর্যটন নগর চট্টগ্রামের বাসগুলোর সেবা উন্নত হয়। যত বেশি বড় গাড়ি রাস্তায় নামানো হবে তাতে ছোট গাড়ির চাহিদা কমে আসবে। যানজটও সহনীয় পর্যায়ে থাকবে।