নগরায়ণের বলি
অপরিকল্পিত নগরায়ণের চাপে হারিয়ে যাচ্ছে নগরের পুকুর-দিঘি। ভরাট হচ্ছে খাল-নালা। মানবসৃষ্ট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দিন দিন বাড়ছে। নগরের জলাশয় ভরাট ও দখল নিয়ে আজকের বিশেষ আয়োজনপাহাড়ের শীর্ষে প্রাচীন মন্দির, নিচে পুকুর। সেই পুকুরের পাড়েই সাজানো রথ। সেই রথ টানবেন পুণ্যার্থীরা। এ উপলক্ষে হাজারো মানুষের মেলা। চারদিকে হইহই রব। যে পুকুরকে ঘিরে এই উৎসব তার নাম রথের পুকুর। নন্দনকাননের তুলসী ধামের নিচের এই পুকুরপাড় থেকে রথযাত্রা উৎসব হতো বলেই এই নাম। কিন্তু সেই রথের পুকুর এখন আর নেই। রথের পুকুরের মতো চট্টগ্রামের বহু জলাশয় অপরিকল্পিত নগরায়ণের বলি হয়েছে। তেমনই এক দিঘি কমলদহ। এই দিঘির পশ্চিম পাড়ে অলি খাঁ মসজিদ, শিখ ধর্মাবলম্বীদের গুরুদুয়ারা ও কালীমন্দির। সব সম্প্রদায়ের মানুষই ব্যবহার করত এই দিঘি। কিন্তু সম্প্রীতির প্রতীক হয়ে ওঠা এই জলাশয়টি আজ নিশ্চিহ্ন। ক্রমশ কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে নগর। তারই আগ্রাসনে বিলীন হয়ে যাচ্ছে জলাশয়গুলো। হারিয়ে যাচ্ছে একটা সময়চিহ্ন ও ঐতিহ্য। এই অঞ্চলের মানুষের জীবনযাপন আর সংস্কৃতির সঙ্গে এসব পুকুর, দিঘির কতটা নিবিড় যোগ ছিল সে কথা নগরের পুরোনো বাসিন্দারা জানেন। নগরের লালখান বাজারে ১৩ থেকে ১৪ বছর আগেও ছিল তুলা পুকুর। চারপাশে ছিল সারি সারি তুলার গাছ। তা থেকেই এই নাম। ১৮২২ সালে ললিতা রায় নামে এক ধনাঢ্য মহিলা খনন করেছিলেন পুকুরটি। মুক্তিযুদ্ধের সময় ললিতার উত্তরপুরুষেরা চলে যান ভারতে। এর পরই পুকুরটি দখল হতে থাকে। এই শতাব্দীর শুরুতে সম্পূর্ণ ভরাট হয়ে যায় পুকুরটি। তুলা পুকুরের দুই একর জায়গাজুড়ে এখন গড়ে উঠেছে বস্তি। অন্য অনেক পুকুরের মতো এখন নামে আছে, বাস্তবে নেই দেওয়ানজী পুকুর। এর আলোকোজ্জ্বল স্মৃতি এখনো তাড়িত করে এলাকার বাসিন্দাদের। পুকুরের মাঝখানে মঞ্চ। তাতে অভিনীত হচ্ছে নাটক, চলছে জমজমাট সংগীতানুষ্ঠান। চারপাশে শত শত দর্শক। পুকুরের পানিতে শুধু মঞ্চই প্রতিবিম্বিত হতো না, দর্শকদের মনের আনন্দও যেন প্রতিফলিত হতো এর ছোট ছোট ঢেউগুলোতে। এমনই সাংস্কৃতিক ঐতিহ্যে ভরা দেওয়ানজী পুকুরের ওপর গড়ে উঠেছে নিগমানন্দ সারস্বত আশ্রম এবং ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম। ১৮৫০ সালে এক একরেরও বেশি জায়গা নিয়ে চান্দগাঁওতে মাওলানা আবুল হাসান খনন করেছিলেন মৌলভি পুকুর। দেড় শ বছরের বেশি বয়সী এই পুকুরপাড়ে প্রতিবছর হতো বৈশাখী মেলা। এখন এর চারপাশে তৈরি হয়েছে অনেক ঘরবাড়ি। সংকীর্ণ হতে হতে এখন একটি ছোট্ট ডোবায় পরিণত হয়েছে পুকুরটি। চাকমা রাজার স্মৃতিবিজড়িত আন্দরকিল্লাহার রাজাপুকুর ভরাট হয়ে যায় ১৯৯০ সালে। এই পুকুরে প্রতিমা বিসর্জনও হতো পূজার সময়। ১৪০০ বছরের প্রাচীন এই শহরের ইতিহাস যেমন দীর্ঘ, তেমনি এর হারিয়ে যাওয়া জলাশয়ের তালিকাও কম দীর্ঘ নয়। নগরের প্রাচীন অংশ আন্দরকিল্লাহতেই মোগল আমলে পাঁচ-ছয়টি দিঘি ছিল বলে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন। তিনি বলেন, ‘ওই এলাকায় এখনো মোগল আমলের বদর পুকুরটি আছে। বদর শাহ মাজারের পাশের এই পুকুরটির সেই পুরোনো জৌলুস নেই। পরিবেশ দূষণের উদাহরণ হয়ে এখনো বেঁচে আছে মোগল আমলের আসকার দীঘি।’ তাঁর কাছ থেকে আরও জানা গেল হালিশহর ইপিজেড এলাকা থেকে বহু প্রাচীন পুকুর হারিয়ে গেলেও হামজার দীঘি মোটামুটি ভালোই আছে। এর তীরের জমিদারদের কাঠের বাড়িগুলো ধ্বংস করা হয়েছে। এখন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে ইপিজেড ক্লাব। বায়েজিদ বোস্তামির দীঘিটিও মোগল আমলের। বিরল প্রজাতির কচ্ছপের বাস এই পুকুরে। মোগল আমলের আরও অনেক জলাশয়—কাট্টলীর মালকার দীঘি, কমলদহ দীঘি, হাজি কাশেমের দীঘি, মধ্যম হালিশহরের কলসির দীঘি অস্তিত্ব হারিয়েছে। ব্রিটিশ শাসন আমল, পাকিস্তান আমলের বহু পুকুরেরও অস্তিত্ব নেই।পরিবেশ ভারসাম্য রক্ষায়, নগরবাসীর পানির সংকট ও অগ্নিকাণ্ডের সময় পানির প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে পুকুর ভরাট নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু সেই আইনের তোয়াক্কা করছে না কেউ। পুকুরের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে চট্টগ্রামের অনেক কিংবদন্তি, ইতিহাসের অনুষঙ্গ ও ঐতিহ্য। এখন শুধু দালান উঠছে চারদিক। একটা দালানের সঙ্গে লাগানো আরেকটা দালান। কেউ কি ভেবেছে এর পরিণতি কী হতে পারে? ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের সময় পানির প্রয়োজন কীভাবে মিটবে?