নগরে অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠানের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মের তোয়াক্কা না করে নগরের অলিগলিতে গড়ে উঠছে শিক্ষাপ্রতিষ্ঠান। উন্নত পরিবেশ, আধুনিক শিক্ষাব্যবস্থা, আবাসিক সুবিধা ও পর্যাপ্ত নিরাপত্তার কথা বলে চটকদার বিজ্ঞাপন দিয়ে এসব বিদ্যালয় ও কলেজে ভর্তি করা হচ্ছে শিক্ষার্থী। অনুমোদনহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বেড়ে চললেও দেখার কেউ নেই।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কোনো বিদ্যালয় স্থাপনের আগে ন্যূনতম চাহিদা ও শর্ত পূরণের অঙ্গীকার করে শিক্ষা বোর্ডে আবেদন করতে হয়। আবেদন করার চার মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে তিন বছরের শিক্ষাদানের প্রাথমিক অনুমতি অথবা প্রত্যাখ্যান-সংক্রান্ত সিদ্ধান্ত লিখিতভাবে জানাবেন। এই প্রাথমিক অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা যাবে না। প্রাথমিক অনুমতির মেয়াদ শেষে বৃত্তি ও পাবলিক পরীক্ষার ফলাফল, শ্রেণীকক্ষে উপস্থিতি, শিক্ষার্থী ভর্তি ও পরীক্ষায় অংশগ্রহণের হার বিবেচনা করে দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য অনুমতি দেওয়া হয়। এরপর একই প্রক্রিয়ায় স্থায়ী স্বীকৃতি দেওয়া হয়। শহর এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য ন্যূনতম শর্তগুলো হলো—নিম্নমাধ্যমিকের জন্য বিদ্যালয়ের নিজের নামে ২০ শতক জমি, ন্যূনতম ২০০ জন শিক্ষার্থী ও আটজন শিক্ষক থাকতে হবে। মাধ্যমিকের জন্য ২৫ শতক জায়গা, ন্যূনতম ১৩০ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক থাকতে হবে। উচ্চমাধ্যমিকের জন্য ৫০ শতক জায়গা, ন্যূনতম ২৫০ জন শিক্ষার্থী এবং প্রতি বিষয়ের জন্য একজন করে শিক্ষক থাকতে হবে। এ ছাড়া প্রতিটি বিদ্যালয়ে গ্রন্থাগার, বিজ্ঞানাগার, প্রয়োজনীয় শ্রেণীকক্ষ, প্রধান শিক্ষকের আলাদা কক্ষ প্রভৃতি থাকা আবশ্যক। সরেজমিনে গিয়ে দেখা যায়, অলিগলির অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে বোর্ডের অনুমতি ছাড়া ন্যূনতম শর্ত পূরণ না করেই পাঠদান চলছে। অনেক জায়গায় একই ভবনে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানও আছে। আবার শুধু দু-তিনটি কক্ষ নিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। অনেক স্থানে ওপরের তলায় বিদ্যালয় আর নিচে গুদাম ও দোকানঘর রয়েছে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা গাদাগাদি করে বসে পাঠ নিচ্ছে।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নিজামুল ইসলাম বলেন, ‘একটি বিদ্যালয় বা কলেজ অনুমোদন দেওয়ার আগে সেটিতে শিক্ষার পরিবেশ আছে কি না, পর্যাপ্ত শিক্ষক আছে কি না ইত্যাদি বিষয় দেখে অনুমোদন দেওয়া হয়। আমাদের অনুরোধ অভিভাবকেরা যেন সন্তানকে স্কুল বা কলেজে ভর্তি করানোর আগে ভালো করে খোঁজ নেন প্রতিষ্ঠানটির অনুমোদন আছে কি না। অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নুরুল হুদা বলেন, ‘শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়া কোনো বিদ্যালয় শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। যদি কেউ ভর্তি করায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অনুমোদনহীন বিদ্যালয়ের তালিকা পেলে কিছুদিনের মধ্যে তদন্ত কমিটি করে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বেসরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সুযোগ থাকলেও কিন্ডারগার্টেনের অনুমতি দেওয়া হয় না বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবেশচন্দ্র রায় বলেন, কিন্ডারগার্টেনগুলো তদারক করার জন্য কেউ নেই। এজন্য যে কেউ কিন্ডারগার্টেন খুলে বসছে। তিনি বলেন, তবে বর্তমানে অনুমোদনহীন বিদ্যালয়গুলোও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আগামী এক বছরও এ সুযোগ পাবে। এরপর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।