নগরে আ.লীগের প্রতিদ্বন্দ্বী বিদ্রোহীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নির্বাচনে না এলে কাগজে-কলমে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল হবে জাতীয় পার্টি (জাপা)। তবে জোটবিহীন নির্বাচনে শেষ পর্যন্ত জাপা ছাপিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের লড়াইয়ে নামতে হতে পারে দলের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে।
নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ বাড়াতে এবং ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগের নীতিনির্ধারক মহল থেকে এমন কৌশল নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। তখন দলের বিদ্রোহীদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হবে না বলেও শোনা যাচ্ছে।
জানা গেছে, ইতিমধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র বিতরণ শেষ করেছে। নগরের প্রতিটি আসন থেকে দলের মনোনয়নপ্রত্যাশী একাধিক ব্যক্তি মনোনয়নপত্র নিয়েছেন। চূড়ান্ত মনোনয়ন দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। চূড়ান্ত মনোনয়নের পর দলের বাইরে গিয়ে একাধিক নেতার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
দলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, ‘যদি বিএনপি না আসে, তাহলে ভোটার উপস্থিতি বাড়াতে দলীয় প্রার্থীর বাইরে শক্তিশালী কোনো নেতাকে বিদ্রোহী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হতে পারে। সেভাবেই হিসাব-নিকাশ চলছে।’ তবে দলীয় নেতারা মুখে এখনো বলছেন দলের সিদ্ধান্তের বাইরে কেউ যাবেন না।
অতীত অভিজ্ঞতা থেকে নেতারা মনে করছেন, জাতীয় পার্টির প্রার্থী চট্টগ্রাম নগরে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবেন না। তাই এমন কৌশল নেওয়া হতে পারে।
সূত্র মতে, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে গতবার আফছারুল আমীন দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়াই করে জিতেছিলেন। ওই আসনে তখন মহাজোটের প্রার্থী ছিলেন জাতীয় পার্টির মোরশেদ মুরাদ ইব্রাহিম। কিন্তু তিনি হয়েছিলেন তৃতীয়।
এ আসনে সদ্য সাবেক মন্ত্রী আফছারুল আমীনের পাশাপাশি মনোনয়ন দৌড়ে রয়েছেন যুবলীগের আহবায়ক মহিউদ্দিন ওরফে বাচ্চু, এম এ আজিজের ছেলে সাইফুদ্দিন খালেদ, নগর আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন ও ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম। দলীয় মনোনয়নের বাইরে এঁদের যে কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।
জানতে চাইলে যুবলীগের মহিউদ্দিন বলেন, ‘দলের মনোনয়ন চেয়েছি। দেখা যাক কাকে দেয়।’
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছেন সাংসদ নুরুল ইসলাম। তিনি দুই-এক দিনের মধ্যে নির্বাচন কমিশন থেকে মনোনয়ন সংগ্রহ করবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন।
একই আসন থেকে দলের নগর কমিটির অপর সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী, সহসভাপতি জহিরুল আলম দোভাষ, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও দলীয় মনোনয়ন চেয়েছেন। তিন প্রার্থীরই গ্রহণযোগ্যতা রয়েছে। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পেলে কেউ বিদ্রোহী হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন। জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, ‘এটি দলের সিদ্ধান্ত কি না জানি না। বিদ্রোহী প্রার্থী বিষয়ে আমি কিছু জানি না।’ তিনি আরও বলেন, ‘মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে। সিদ্ধান্ত দেবেন নেত্রী। যদি মনোনয়ন না পাই, তাহলে আমি দলের বাইরে গিয়ে নির্বাচন করব না।’
চট্টগ্রাম-১১ (পতেঙ্গা) আসন থেকে বর্তমান সাংসদ এম এ লতিফের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারেন নগর আওয়ামী লীগের দুই সহসভাপতি আলতাফ হোসেন অথবা খোরশেদ আলম। তিনজনই দলীয় মনোনয়ন চেয়েছেন। খোরশেদ আলম ইতিমধ্যে বিভিন্ন স্থানে হরতাল ও অবরোধবিরোধী মিছিল সমাবেশে সক্রিয় রয়েছেন।
জানতে চাইলে খোরশেদ আলম বলেন, ‘মনোনয়নপত্র সংগ্রহ করব। তারপর দেখা যাক দল কাকে মনোনয়ন দেয়।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি না এলেও নির্বাচনে ভোটারের অভাব হবে না। বিএনপি না এলে জাতীয় পার্টি, নয়তো অন্য কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বী হবেন।
অন্যদিকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) থেকে ১৪ দলের হয়ে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জাসদের মঈন উদ্দীন খান বাদল। একই আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন চাইতে পারেন নগর কমিটির কোষাধ্যক্ষ বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। জানতে চাইলে আবদুচ ছালাম বলেন, ‘যদি নেত্রী নির্দেশ দেন তুমি নির্বাচন করো, তাহলে করব। এ জন্য আমার কর্মী, নেতা সব রেডি। কিন্তু যদি বলেন তুমি কোরো না, তাহলে করব না।’ এ আসন থেকে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিমও মনোনয়ন চেয়েছেন।