নগরে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিতর্কের আসর
দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম নগরে শুরু হতে যাচ্ছে রয়েল সিমেন্ট-প্রথম আলো-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে প্রতিযোগিতা উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
অতিথি থাকবেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সারোয়ার জাহান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, এলভিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন ও রয়েল সিমেন্টের চিফ কমিউনিকেশন অফিসার ফয়সল নাসির খান। এবারের এই আয়োজনে রয়েছে আন্তকলেজ, আন্তবিশ্ববিদ্যালয় ও স্কুল শিক্ষার্থীদের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। যেখানে সারা দেশের ২৪টি কলেজ, ১৬টি বিশ্ববিদ্যালয় ও ২০টি স্কুলের ২৫০ জন শিক্ষার্থী অংশ নেবে।
রয়েল সিমেন্ট লিমিটেড ও প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় এবং দৈনিক আজাদী ও সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। সমাপনী ও পুরস্কার বিতরণ ২৯ ডিসেম্বর বিকেল চারটায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।