‘অনেক বছর ধরে চট্টগ্রামেই আছি। কিন্তু নিজের কোনো স্থায়ী ঠিকানা নেই। মেলায় একসঙ্গে অনেক প্রতিষ্ঠানের সব অফার দেখার সুযোগ হয়। বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যায়। তাই আসা। দেখেশুনে একটা ফ্ল্যাটের বুকিং দেব।’গত শনিবার দুপুরে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে দশম বিডি-রেড আবাসন মেলা প্রাঙ্গণে প্রথম আলোকে এসব কথা বলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমিরুল ইসলাম। আমিরুলের মতো অনেকেই মেলায় এসেছিলেন নগরে নিজের আপন ঠিকানা খুঁজে নিতে। ‘সবার জন্য আবাসন’ এই স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার থেকে হয়ে গেল তিন দিনের চট্টগ্রাম বিডি-রেড আবাসন মেলা। পছন্দের প্লট ও ফ্ল্যাট খুঁজে নিতে এবারের মেলায় আগ্রহী ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্যণীয়। মেলার আয়োজক কর্তৃপক্ষ জানায়, এবারের মেলায় ৪৫টি প্রতিষ্ঠানের মোট ৬০টি স্টল ছিল। মেলার প্রথম দুই দিনে প্রায় ৭০ কোটি টাকার প্লট ও ফ্ল্যাট বুকিং হয়েছে। মেলায় প্লটের খোঁজে এসেছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোস্তাক আহমেদ। তিনি বলেন, ‘এখন ঝামেলাহীন জমি পাওয়া দুঃসাধ্য। মেলায় এসে ঘুরে ঘুরে দেখা যায়। পছন্দের সঙ্গে মিলিয়েও নেওয়া যায়। তাই মেলায় আসা। পছন্দের সঙ্গে সাধ্যের সমন্বয় হলে একটা জমি কিনব।’ গত বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। গতকাল শনিবার সন্ধ্যায় মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ, চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন। বিডি-রেডের প্রধান নির্বাহী মো. ইয়াছিন খান প্রথম আলোকে বলেন, ‘পরিকল্পিত নগরায়ণ ও নগরবাসীর কাঙ্ক্ষিত ঠিকানা খুঁজে দেওয়ার লক্ষ্যে প্রতিবছর আমরা আবাসন মেলার আয়োজন করি। এবারও ভালো সাড়া পাওয়া গেছে। আশা করি আগামী সময়ে আরও বড় পরিসরে মেলার আয়োজন করা সম্ভব হবে।’মেলা উপলক্ষে আয়োজন করা হয় দুই দিনের শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলার আগেই আয়োজন করা হয় নগরায়ণবিষয়ক গোলটেবিল বৈঠকের। মেলার এবারের কো-স্পনসর ছিল ১১টি আবাসন শিল্পপ্রতিষ্ঠান এবং ইভেন্ট পার্টনার ছিল সুবসতি প্রপার্টিজ লিমিটেড। প্রচার সহযোগী ছিল বাংলাভিশন ও রেডিও টুডে।