মঞ্চে এসে রাজকীয় ভঙ্গিতে বসলেন পদ্ম বিভূষণ পণ্ডিত যশরাজ। শুরু করলেন একতালের বিলম্বিত লয়ে মিয়া কি মাল্লার। মুহূর্তে পাল্টে গেল মিলনায়তনের পরিবেশ। কণ্ঠের মোহনীয় ক্ষমতায় তিনি তৈরি করলেন এক স্বর্গীয় আবহ। বিলম্বিত লয়ের পর ত্রিতালে মধ্যলয় তারপর ত্রিতালে দ্রুতলয়। সময়ের সঙ্গে বাড়তে থাকে দর্শকের মুগ্ধতা ও একাগ্রতা। ২০ মার্চ মুসলিম হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে যশরাজের উচ্চাঙ্গসংগীতসন্ধ্যা। আয়োজক ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধি সংস্কৃতিকেন্দ্র। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম ও ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। সোমনাথ ঘোষ তাঁর বক্তব্যে বলেন, ‘বিশ্বে ভারতীয় উপমহাদেশের অন্যতম দান হলো উচ্চাঙ্গসংগীত। এ সংগীত মানুষের ভৌগোলিক, সামাজিক, ধর্মীয় এমনকি ভাষাগত দূরত্বও অতিক্রমের ক্ষমতা রাখে।’ভারতের ঐতিহ্যবাহী সংগীত পরিবারে পণ্ডিত যশরাজের জন্ম। এ পরিবার চার প্রজন্ম ধরে সংগীতের সঙ্গে যুক্ত। বাবা পণ্ডিত মতিরামের কাছে তিন বছর বয়সে তাঁর হাতেখড়ি। এরপর পণ্ডিত মনিরাম ও মহারাজ জওয়ান্ত সিংয়ের অধীনে দীক্ষা নেন।সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রচুর দর্শক। মিলনায়তনে কোনো আসনই খালি ছিল না। অনেকে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করেছেন। একটানা ঘণ্টাতিনেক গান করে দর্শকদের বিমোহিত করেছেন যশরাজ। এ বয়সেও কণ্ঠের তারুণ্য তাঁর এতটুকু কমেনি। তবলা ও হারমোনিয়ামের সংগত মুগ্ধ করেছে দর্শককে। দর্শকের হাততালি আদায় করেছে তবলা আর কণ্ঠের যুগলবন্দী। পণ্ডিত যশরাজের সঙ্গে কণ্ঠে সহযোগিতা করেন তৃপ্তি মুখার্জি ও মেরিনা আহমেদ আলম। হারমোনিয়ামে সংগত করেন মুকুন্দু পেটকার, তবলায় রামকুমার মিশ্র।পণ্ডিত বিজয় কিচলুর ব্যাখ্যাসহরাগসংগীত পরিবেশনা: রাগসংগীতের গভীরে ঢুকতে পারলে মানুষ হাসে, কাঁদে সুরের মূর্ছনায় অনেক সময় মানুষের শরীর অবশ হয়ে আসে। রাগসংগীত বুঝতে না পারলেও শ্রোতারা এর রস আস্বাদন করতে পারে। তবে রাগসংগীতের টুকিটাকি কিছু বিষয় জানা থাকলে শ্রোতার পক্ষে আরও গভীরে ঢোকা সম্ভব হয়। ভারতের আগ্রা ঘরানার শিল্পী, পণ্ডিত বিজয় কিচলু এমন হূদয়গ্রাহী বিশ্লেষণের মাধ্যমে রাগসংগীতকে সহজবোধ্য করে তুলে ধরেন দর্শকের সামনে। ব্যাখাসহ রাগসংগীত শোনার বিরল এক অভিজ্ঞতা হলো দর্শকদের। ভিন্নধারার এ আয়োজন অনুষ্ঠিত হয় ১৯ মার্চ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। কীভাবে একটি রাগ তৈরি হয় এবং এক রাগের সঙ্গে অন্য রাগের পার্থক্য কোথায়—এসব সহজ করে হাতে-কলমে দর্শকদের বুঝিয়ে দেন পণ্ডিত বিজয় কিচলু ও শিল্পী শুভ্রা গুহ। রাগের ব্যাখ্যা বাংলায় অনুবাদ করে শোনান ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন। হারমোনিয়ামে সংগত করেন শিল্পী সংযুক্তা বিশ্বাস ও তবলায় ছিলেন ইফতেখারুল আলম। স্বাগত বক্তব্যে আবুল মোমেন বলেন, ‘শিশুদের সঙ্গে ছোটবেলা থেকে রাগসংগীতের শুদ্ধ পরিচয় করিয়ে দেওয়ার জন্য ফুলকির সোনারতরী কাজ করে যাচ্ছে। পণ্ডিত বিজয় কিচলুর পরিকল্পনা অনুযায়ী সোনারতরী বিভাগ ঢেলে সাজানো হয়েছে।এরপর ফুলকির সোনারতরী ও রক্তকরবীর শিক্ষার্থীরা ধ্রুপদ, খেয়াল ও দাদরা পরিবেশন করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাগসংগীতের ব্যাখ্যার পাশাপাশি দর্শক পরিচিত হলো বিভিন্ন রাগের সঙ্গে। শেষে সমবেতকণ্ঠে কাফী রাগের বন্দিস পরিবেশন করেন বিজয় কিচলু, শুভ্রা গুহ, সংযুক্তা বিশ্বাস ও শীলা মোমেন।অনুষ্ঠানের শেষ অংশে ছিল শুভ্রা গুহের একক রাগসংগীত পরিবেশনা। প্রথমে তিনি পরিবেশন করেন রাগ কেদারা। তারপর পরিবেশন করেন বসন্তবাহার ও ঠুমরি। শেষে শ্রীকৃষ্ণ ও রাধার মানভঞ্জন, সখীদের সঙ্গে কৃষ্ণের লীলাকে উপজীব্য করে তিনি একটি দাদরা পরিবেশন করেন। পুরো অনুষ্ঠান দেখেছিলেন বিথীকা বসাক ও সুচয়ন পাল। তাঁরা বলেন, ‘আগেও রাগসংগীত শুনতাম তবে তা বোধগম্য হতো না। আজ তা হূদয়ে ঢুকল। আজকের এ অনুষ্ঠানের কথা বহুদিন মনে থাকবে।’