নগরে এক টুকরো আমেরিকা
উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়ার ইচ্ছে, চলছে টোফেলের প্রস্তুতি। সব হলো। কিন্তু আবেদন করবেন কোন বিশ্ববিদ্যালয়ে? ভালো বিশ্ববিদ্যালয়ের খোঁজ পেতে শিক্ষার্থীদের প্রায়ই এই সমস্যাটায় পড়তে হয়। এ ছাড়া ভালো প্রস্তুতির জন্য বিস্তারিত তথ্য জানা, প্রয়োজনমতো বইপত্র, জার্নাল, সিডি—এসব এক জায়গায় পাওয়াও বেশ কঠিনই হয়ে পড়ে। এ দুশ্চিন্তা থেকে শিক্ষার্থীদের এখন কিছুটা স্বস্তি দিচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইউবি) ‘আমেরিকান কর্নার’। বিশ্ববিদ্যালয় ভবনের সপ্তম তলায় যেন একটি ‘ছোট্ট আমেরিকা’। আমেরিকার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা— সবকিছুই জানা যাবে এই কর্নারে। এখানে রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, বেশ কিছু ডিজিটাল রিসোর্সেস, আমেরিকার বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সহায়ক গ্রন্থ—টোফেল, জিআরই, স্যাট গাইড প্রভৃতি। জার্নালের মধ্যে থাকছে ইনক্লুডিং আর্ট ইন আমেরিকা, ন্যাশনাল জিওগ্রাফিক, রিডার্স ডাইজেস্ট, টাইম নিউজ উইক প্রভৃতি। ডিজিটাল রিসোর্সেস হিসেবে রয়েছে বিভিন্ন ধরনের সিডি, এনসাইক্লোপিডিয়া আমেরিকানা, ফ্ল্যাশব্যাক এটলাস, মাল্টিমিডিয়া অব ইউএস, ন্যাশনাল গ্যালারি অব আর্ট, ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া, লাইফ ইন পাইওনিয়ার আমেরিকা এবং জাজ গ্রেটস।গত রোববার গিয়ে দেখা যায়, একপাশে বেশ মনোযোগ দিয়ে পড়ছিলেন সিটি কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র ঋদ্ধি বড়ুয়া। তিনি বলেন, ‘আমি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যেতে চাই। তাই এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি। এ ক্ষেত্রে আমেরিকান কর্নার আমার বেশ উপকারে লাগছে। আমি এখানে নিয়মিতই আসি।’চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি দিয়েছে মো. আবদুল আওয়াল। সে বলে, ‘পরীক্ষার পর থেকেই অবসর সময়টায় আমি এখানে আসি। মূলত ইংরেজি চর্চার জন্য আসা হয়। চর্চা চালিয়ে যেতে বিভিন্ন সাহিত্যের বই পড়ছি। এখানে চলচ্চিত্র দেখি।’কর্নার কো-অর্ডিনেটর আনোয়ারা বেগম বলেন, ‘এখানে সব বয়সীরাই সদস্য হতে পারবেন। সদস্য ফি বছরপ্রতি ৫০০ টাকা।’জানা যায়, সদস্যরা দুই সপ্তাহের জন্য একসঙ্গে দুটি বই নিতে পারবেন। এ ছাড়া পড়াশোনা করার সময় প্রয়োজনীয় বিষয়ের প্রিন্ট ও ফটোকপি করা যাবে। এখানে একটি টিভি স্টেশন রয়েছে যেখানে ডিভিডি দেখার ব্যবস্থা রয়েছে। আমেরিকান কর্নার রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে।