নগরে এক হাজার পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দলের রোডমার্চ ও পলোগ্রাউন্ডে বেগম খালেদা জিয়ার জনসভাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। কাল সোমবার জনসভার দিন অতিরিক্ত এক হাজার পুলিশ মোতায়েন করা হবে। বাইরের জেলা ও ইউনিট থেকে আরও ৪০০ পুলিশ আনা হয়েছে চট্টগ্রামে।পুলিশ সূত্র জানায়, চারদলীয় জোটের শরিক দল জামায়াত ও এর অঙ্গসংগঠন এবং বিএনপির বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারীরা মিছিল-সমাবেশের সুযোগ নিয়ে নাশকতা করতে পারে। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের একাধিক শীর্ষনেতা এবং বিএনপির বিতর্কিত নেতা সাকা চৌধুরী কারাগারে আছেন। তাঁদের মুক্তির দাবিতে দলীয় সমর্থকেরা কর্মসূচি দিয়ে এলেও পুলিশ তাঁদের মাঠে নামতে দিচ্ছে না।পুলিশ সূত্র আরও জানায়, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের একাধিক শীর্ষ নেতা এবং সাকা চৌধুরীর বিরুদ্ধে বিচারের কাজ শুরু হচ্ছে। ইতিপূর্বে তাঁদের মুক্তির দাবিতে মিছিল-সমাবেশের চেষ্টা পুলিশ ভণ্ডুল করে দেয়। চার দলের দুই দিনের কর্মসূচির সুযোগ নিয়ে জামায়াত-শিবির এবং সাকার অনুসারীরা মিছিল-সমাবেশের নামে নাশকতা করতে পারে বলে পুলিশের কাছে তথ্য আছে। এ সংক্রান্ত একাধিক গোপন প্রতিবেদন ঢাকায় পাঠিয়েছে নগর পুলিশ। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে প্রথম আলোকে বলেন, ‘রোডমার্চ ও জনসভার আয়োজক চার দল ও সমমনা দলগুলো। যাদের নাম উল্লেখ করে নাশকতার আশঙ্কার কথা বলা হচ্ছে, তা আমরা বিশ্বাস করি না। ওদের (জামায়াত-সাকা) অনেক নেতা-কর্মী রোডমার্চ কর্মসূচি সফল করতে কাজ করছে। এরপরও কোনো কিছু হলে তা সরকারের ইন্ধনে হতে পারে বলে আমাদের আশঙ্কা। এটাকে বৈধতা দিতে আগেভাগে অপপ্রচার চালানো হচ্ছে। এর পরও কোনো নাশকতা কিংবা কর্মসূচিতে বাধা দেওয়া হলে সাধারণ মানুষ তা সহজভাবে নেবে না।’ নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘চার দলের রোডমার্চ কর্মসূচি সফল করতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা প্রচারণা জোরদার করেছেন। এই কর্মসূচিতে ছন্দের পতন না ঘটানোর ব্যাপারে বিএনপির নেতারা সতর্ক আছেন। তবে জামায়াত-শিবির এবং সাকার অনুসারীদের ভূমিকা নিয়ে শঙ্কা কাটছে না।’ পুলিশ কর্মকর্তারা জানান, নাশকতার আশঙ্কা মাথায় রেখে পুলিশ প্রশাসন নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। কাল সোমবার নিয়মিত পুলিশের সঙ্গে আরও এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে পলোগ্রাউন্ড মাঠ ও নগরের গুরুত্বপূর্ণ মোড়ে। আরও তিন শতাধিক পুলিশ সদস্যকে তৈরি রাখা হবে, যাতে ডাক পড়ার সঙ্গে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যেতে পারেন। পুলিশ কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচি থাকলে সাধারণত বাইরের জেলা থেকে পুলিশ আনা হয়। এবার বিরোধীদলীয় নেত্রীর কর্মসূচি নির্বিঘ্ন করা এবং নাশকতা ঠেকাতে অন্য জেলা থেকে পুলিশ আনা হচ্ছে। নগর পুলিশের উপকমিশনার (সদর) ফারুক আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বাইরের জেলা ও এপিবিএন থেকে ৪০০ পুলিশ আনা হয়েছে, যাতে বিরোধী দলের কর্মসূচি নির্বিঘ্ন করা যায়। তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে আমরা আশাবাদী। তবু ৩০০ পুলিশকে তৈরি রাখা হচ্ছে যাতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাঁদের ঘটনাস্থলে পাঠানো যায়।’