নগরে কাশবন
রাজধানী ঢাকা শহরের ব্যাপারটা একটু অদ্ভুতই। যানজট, কংক্রিটের জঙ্গল—এমন তকমা লেগে আছে ঢাকার নামে। আবার এই শহরেই মেলে সবুজের ছোঁয়া, পাখির কলকাকলি। শরতের কাশফুল, তাও দেখা যায় ঢাকা নগরে। শহরের মধ্যিখানে ধানমন্ডি লেক, সেটার রবীন্দ্রসরোবর মঞ্চ ঘেঁষেই এক গোছা শুভ্র কাশফুল। সকালে-বিকেলে লেকে বেড়াতে আসা বা লেকের পাশের রাস্তা দিয়ে যাওয়া মানুষের নজর কেড়ে নেয় এই কাশফুল। বিস্তীর্ণ এলাকাজুড়ে কাশবন দেখতে চাইলে যেতে পারেন দক্ষিণখান এলাকায়। সাদা, চাপা সাদা সব কাশের রাজত্ব এখানে। খিলক্ষেত বাজার পেরিয়ে যে রাস্তাটা চলে গেল উত্তর দিকে তার দুপাশেই চোখে পড়বে কাশবন। নদীও আছে সেখানে। যদিও নদী অনেকটাই ভরাট হয়ে গেছে, তবুও কাশ রাজত্বের সীমানা যেন নেই সেখানে। খোলা বাতাসে সাদা কাশের দোলা মনটাকে দেবে শান্তির পরশ। এই রাস্তা দিয়ে আশকোনা হয়ে বেরুতে পারেন বিমানবন্দর সড়কে। পুরো পথেই কাশফুলের ছড়াছড়ি। আরও যদি ঘুরতে চান তবে উত্তরা হয়ে আশুলিয়ার পথ ধরে যেতে পারেন মিরপুর বেড়িবাঁধ এলাকায়। দূরের কাশবন দেখা যাবে। ওদিকে গাবতলী পেরিয়ে আমিনবাজারের দিকেও পাওয়া যাবে কাশবন। আবার বাবুবাজারের বুড়িগঙ্গা দুই নম্বর সেতু পেরিয়ে কেরানীগঞ্জ থেকে ঢাকা-মাওয়া সড়ক পর্যন্ত যে রাস্তা তার দুপাশে দেখা মিলবে বিস্তীর্ণ কাশবনের। ঢাকায় বসে শরতের কাশবনের দেখা যেমন পাবেন, তেমনি পটভূমি হিসেবে নীলাকাশে সাদা মেঘের ভেলার ভেসে বেড়ানোও দেখা যাবে।