নগরে ক্ষুদে গানরাজের মহা-আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমাবস্যার ঘোর অমানিশা। আঁধার ফুঁড়ে আকাশে আতশবাজির আলোর বিচ্ছুরণ। মঞ্চজুড়ে লাল-নীল কত আলো। তার পরও অমাবস্যার আঁধার কাটছে না। অবশেষে সেই আঁধার সরে যায় যখন দর্শকদের ভিড় ঠেলে ছয় প্রতিযোগীসহ ১৬ শিশুশিল্পী সাম্পানে চড়ে মঞ্চে প্রবেশ করে। আলোকিত হলো মঞ্চ। কণ্ঠে তাদের ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’। গানে গানে সুরে সুরে যুদ্ধে অবতীর্ণ হলো ছয় প্রতিযোগী। সেই যুদ্ধজয়ের আয়োজনটি জুড়েই ছিল এ রকম শত আলোর বিচ্ছুরণ। গত মঙ্গলবার রাতে এম এ আজিজ স্টেডিয়ামটি সত্যি আলোকিত হয়েছিল তারার আলোতে। বাংলাদেশের দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন তো ছিলেনই। ছিলেন ফেরদৌস আরা, এস আই টুটুল, সুবীর নন্দী, মমতাজ, ফাহমিদা নবী, মনির খানের মতো গুণী শিল্পীরাও। তাঁদের গান ও কথামালায় ছিল দেশাত্মবোধ ও ঐতিহ্যের জয়গান। ফেরদৌস আরা ‘অঞ্জলি লহ’ গানের কয়েকটি চরণের পর ফিরে যান লোকগীতিতে। সাবিনা গেয়ে শোনান ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা’। রুনা লায়লার কণ্ঠে ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ কিংবা ‘যখন থামবে কোলাহল’ গানগুলোতে মুগ্ধ হয়েছে উপস্থিত হাজার হাজার দর্শক। করতালি, হর্ষধ্বনির পাশাপাশি প্রতিটি মুহূর্তকে মুঠোফোনে বন্দী করে রাখার প্রাণন্তকর চেষ্টা তাদের মধ্যে। এর আগে ঢোলের তালে তালে শিশু একাডেমীর একঝাঁক শিল্পী চট্টগ্রামের আঞ্চলিক গানের একটি প্যারোডির মধ্য দিয়ে শিকড়ের দিকে নিয়ে গেল উপস্থিত দর্শক-শ্রোতাদের।নামি তারকাদের পরিবেশেনার পর শুরু হয় আসল প্রতিযোগিতা। তারকাশিল্পীদের হাত ধরে তারা মঞ্চে আসে। প্রথমেই মৌমিতা গেয়ে শোনায় ‘অভিলাষী মন’ গানটি। এরপর একে একে রাহিন, নীলা পরিবেশন করে চট্টগ্রামে বহুল প্রচলিত ‘ওরে সাম্পানওয়ালা’, মুন্না গেয়ে শোনায় ‘হূদয় মাটির কোনো মুর্তি নয়’, পায়েল ‘মনের হতা হইতে চাইতাম’ আর রাফি ‘ও আমার উড়াল পঙ্খি রে’ ইত্যাদি গান। শিশু প্রতিযোগীদের গানের পালা শেষে, যখন অপেক্ষা ফলাফলের তখনই লাখো দর্শকের মন মাতাতে মঞ্চে এলেন শিল্পী মমতাজ। ‘মরার কোকিলে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে তিনি নাচিয়ে তোলেন পুরো স্টেডিয়ামকে। দর্শকেরা তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তাঁদের এই উত্তেজনা ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ পর্যন্ত অব্যাহত ছিল। সব আলোকে পেছনে ফেলে ক্ষুদে গানরাজ হিসেবে আবির্ভূত হলো মুন্না।