নগরে গাছের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুল–ফুলের গাছের খোঁজে বৃক্ষমেলায় যাচ্ছেন অনেকেই৷ ছবি: অধুনা
ফুল–ফুলের গাছের খোঁজে বৃক্ষমেলায় যাচ্ছেন অনেকেই৷ ছবি: অধুনা

ইট-কাঠের এই নগরে চলছে সবুজের মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার মাঠ এখন সবুজে ভরপুর। কেননা, আম থেকে করমচা, গোলাপ থেকে ক্যাকটাস কী নেই এখানে! শুধু ফল বা ফুল নয়, আছে বনজ আর ঔষধি গাছেরও ছড়াছড়ি। ‘অধিক বৃক্ষ অধিক সমৃদ্ধি’ স্লোগানে বন অধিদপ্তরের আয়োজনে ৫ জুন থেকে শুরু হয়েছে ‘জাতীয় বৃক্ষমেলা ২০১৪’। মেলা চলবে এক মাসজুড়ে।
বৃক্ষমেলা নিয়ে দর্শকদের আগ্রহও চোখে পড়ার মতো। মেলায় অংশ নেওয়া শতাধিক নার্সারিতে প্রতিদিন বিক্রি হচ্ছে কয়েক হাজার গাছ। রামপুরা থেকে মেলায় আসা সুফিয়া বেগম বলেন, ‘ছাদে নানা ধরনের গাছ লাগাই৷ তাই এসেছি এ মেলায়৷’ বন্ধুদের নিয়ে মেলায় এসেছেন রিফাত। জানালেন, পড়ার টেবিলে আর নিজের ঘরের দেয়ালে রাখার জন্য গাছ কিনতে এসেছেন তিনি।
আম, জাম, কাঁঠাল, লেবু, আমড়া, আনারস, জাম্বুরা, করমচা, সফেদা, আঙুর এবং কমলায় ভরে আছে গাছ। থরে থরে সাজানো ফুলের টবও নজর কাড়ে। আছে নানা ধরনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানানসই গাছ। মেলায় অংশ নেওয়া কিংশুক িগ্রন হাউসের এক বিক্রয়কর্মী জানালেন, ‘বৃক্ষমেলায় বেচাকেনা হয় ভালো। নগরের মানুষও যে এত গাছ কেনে সেটা মেলায় না এলে বোঝা যাবে না। তা ছাড়া সারা দেশ থেকে আসা নার্সারি মালিকদের সঙ্গে একটা ভালো সম্পর্কও গড়ে ওঠে।’
বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকে৷ বৃক্ষমেলার পাশাপাশি এখানে চলছে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পরিবেশ মেলা ২০১৪। আলাদা স্টল করে পরিবেশবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের নানা ধরনের পণ্য দেখানো হচ্ছে এখানে৷ নিজে পরিবেশ সম্পর্কে সচেতন হবেন কীভাবে, সে বিষয়ে একটা সুন্দর নির্দেশিকা পেতে পারেন এখানে।