নগরে চার দিনের আবাসন মেলা ১৮ জুন শুরু
নগরে চার দিনের আবাসন মেলা শুরু হচ্ছে ১৮ জুন থেকে। মেলা চলবে চট্টগ্রাম ক্লাবের স্পোর্টস কমপ্লেক্সে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজনকারী সংস্থা রিহ্যাবের চট্টগ্রাম শাখা।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এতে অংশ নিচ্ছে প্রায় ৮০টি আবাসনপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর স্টলে তাদের আবাসন প্রকল্প উপস্থাপন করা হবে। নির্মাণসামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠানের স্টলও থাকবে মেলায়। এ ছাড়া মেলাকে আকর্ষণীয় করতে মিনি শিশু পার্ক স্থাপন করা হবে। মেলার তৃতীয় দিন ২০ জুন রাখা হয়েছে শিশুদের জন্য। মেলার দ্বিতীয় দিন ১৯ জুন চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ‘গুণগতমানসম্পন্ন নির্মাণ’ শীর্ষক সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার কমিটির আহ্বায়ক প্রকৌশলী ইফতেখার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এবারের মেলায় নতুনত্ব আনা হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে আবাসন, নির্মাণসামগ্রী ও আর্থিকপ্রতিষ্ঠানের স্টল এক ছাদের নিচে রাখা হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে গ্রাহকদের নিরাপদ আবাসনের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছি।’