নগরে ছদ্মবেশে তৎপর জেএমবির জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দোকান ও বাসাবাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার সঠিক নাম-ঠিকানা জেনে নিন- মো. বাবুল আক্তার অতিরিক্ত উপকমিশনার নগর গোয়েন্দা পুলিশ

কেউ দোকানদার-হকার, কেউ পাগলের বেশে কিংবা বাস-ট্রাকচালকের সহকারী—এভাবে ছদ্মবেশে চট্টগ্রাম নগরে অবস্থান করছেন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা। এই তথ্য রয়েছে পুলিশের কাছে।
বুলবুল আহমেদ ওরফে আপেল ওরফে ফুয়াদ নামের এক যুবককে জঙ্গি সন্দেহে গত সোমবার অক্সিজেন-কুয়াইশ সড়ক এলাকা থেকে গ্রেপ্তারের পর পুলিশ এ ব্যাপারে আরও নিশ্চিত হয়। পুলিশের দাবি, ফুয়াদ জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সেকেন্ড-ইন-কমান্ড। গ্রেপ্তার হওয়া ফুয়াদ দোকানদারের ছদ্মবেশে জঙ্গি তৎপরতা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন প্রথম আলোর কাছে।
বিষয়টি স্বীকার করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, পাগল, দোকানদার ও হকার বেশে জেএমবির বেশ কিছু সদস্য গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারির কারণে তাঁরা সংগঠিত হতে পারছে না। সংগঠিত হয়ে কিছু করার চেষ্টা করলে ধরে ফেলা হচ্ছে। গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে তথ্য নিয়ে ছদ্মবেশে থাকা পলাতক জঙ্গিদের ধরার চেষ্টা চলছে।
বাবুল আক্তার নগরবাসীকে আতঙ্কিত না হয়ে জঙ্গি সম্পর্কে কোনো তথ্য পেলে পুলিশকে সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, ‘দোকান ও বাসাবাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার সঠিক নাম-ঠিকানা জেনে নিন। কারণ, জঙ্গিরা সঠিক পরিচয় দিয়ে কখনো বাসা ভাড়া নেন না।’
গত মঙ্গলবার দুপুরে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গ্রেপ্তার জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সেকেন্ড-ইন-কমান্ড ফুয়াদের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। এ সময় তিনি নিজেকে ফটোস্ট্যাটের দোকানদার পরিচয়ে ছদ্মবেশে জঙ্গি তৎপরতা চালানোর কথা জানান। তিনি বলেন, ফারদিন নামের এক বড় ভাই তাঁকে নগরের সিটি গেট এলাকায় দোকানটি খুলে দেন। ওই দোকানে তাঁরা গোপনে বৈঠক করতেন। কিন্তু গত ২৩ মার্চ তাঁদের দলের সদস্য এরশাদ হোসেন ওরফে মামুন জনগণের সহায়তায় পুলিশের হাতে গ্রেপ্তার হলে দোকানটি বন্ধ করে দেয় পুলিশ। পরে তিনি ঢাকা, চট্টগ্রাম ও গাইবান্ধায় ঘুরে দলের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন। লোকজন যাতে সহজে সন্দেহ না করে এ জন্য মুঠোফোনে প্রেমের মাধ্যমে চট্টগ্রামের কর্ণফুলী থেকে এক নারীকে বিয়েও করেন। এরশাদও পাগলের ছদ্মবেশে থাকতেন। যাতে সহজে কেউ সন্দেহ না করে।
ফুয়াদ আরও বলেন, গত ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাটে ছিনতাই করতে গিয়ে নিজেদের ছোড়া গ্রেনেড বিস্ফোরণে নিহত তাঁদের সদস্য রবিউল ইসলামও ছদ্মবেশে দিনমজুরি করতেন।
পাগলের ছদ্মবেশে থাকা এরশাদ হোসেন আটক হওয়ার পর সাংবাদিকদের বলেছিলেন, তাঁর নেতা মো. ফুয়াদ ও মো. ফারদিন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাঁরা জেএমবির হয়ে কাজ করছেন। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এরশাদ একই তথ্য দিয়েছেন। সেই ফুয়াদ গত সোমবার আটক হলেও ফারদিনকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার জঙ্গিদের অস্ত্র-গুলি সরবরাহ থেকে শুরু করে যাবতীয় পরিচালনার কাজ করছেন ফারদিন। তাঁকে গ্রেপ্তার করা গেলে অনেক তথ্য বেরিয়ে আসবে।
এরশাদকে চলতি বছরের ২৩ মার্চ নগরের নিউ মনসুরাবাদের বাগানবাড়ি এলাকা থেকে জনগণের সহায়তায় আকবর শাহ থানার পুলিশ গ্রেপ্তার করে। তিনি সাংবাদিকদের কাছে নিজেকে জেএমবির চট্টগ্রাম জেলার কমান্ডার দাবি করেন। এর আগে সকালে এলাকার লোকজনের উপস্থিতিতে তাঁর টিনশেড ভাড়াবাসায় অভিযান চালিয়ে পুলিশ ২০০ গ্রাম গানপাউডার, পুস্তক, ডেটনেটর, পেনসিল ব্যাটারি, বৈদ্যুতিক তার, স্ক্রু, পেরেক ও বাইসাইকেল উদ্ধার করে।
নগর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার আরেক জঙ্গি সুজন ওরফে বাবুও জানিয়েছেন ছদ্মবেশে থাকেন তাঁরা। তিনি প্রকাশ্যে ট্রাকচালকের সহকারী হিসেবে থাকলেও গোপনে জেএমবির কাজ করতেন। লোকজন যাতে সন্দেহ না করে, তাই তাঁরা বাইসাইকেল নিয়ে চলাফেরা করেন। এমনকি বোমা সরঞ্জামও সাইকেলে পরিবহন করতেন বলে প্রথম আলোর কাছে জানান সুজন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, ছদ্মবেশে থাকা পলাতক জঙ্গি নজরুল, ফারদিন, পিয়াস, সজিব, হাবিব, কালাইয়াসহ পুলিশের কাছে যাঁদের নাম এসেছে তাঁদের খোঁজা হচ্ছে। তাঁরা জেএমবির হয়ে কাজ করলেও চট্টগ্রাম অঞ্চলের জঙ্গিদের ওই নামে অন্য এলাকার জঙ্গিরা কেউ চেনেন না। আর কেউ চিনে ফেললেও তাঁরা নাম পরিবর্তন করে ফেলেন।
পুলিশ সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট, ৩ অক্টোবর, ২৯ নভেম্বর চট্টগ্রামে বোমা হামলা চালায় জেএমবির জঙ্গিরা। এসব হামলার নেতৃত্বে ছিলেন জেএমবির তৎকালীন সামরিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ ও বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে সুমন। জাবেদ কারাগারে আটক থাকলেও সুমনকে গত বছরের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে জঙ্গিরা প্রিজন ভ্যানে গুলি করে ছিনিয়ে নেয়। এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর খোঁজ পায়নি।