নগরে জমবে মেলা
আল রাহমান:aনগরজুড়ে বাংলা বর্ষবিদায় ও বরণের প্রস্তুতি চলছে। বড় আয়োজনগুলোতে প্রতিবছরের মতো থাকছে চিরায়ত বাংলা গান, নাচ, আবৃত্তি, কবিগান, নাটক, আলোকচিত্র প্রদর্শনী আর বৈশাখী মেলা। আরও থাকছে ফ্যাশন প্যারেড, পোশাক প্রদর্শনী, পিঠা উৎসব, পান্তা-ইলিশের আয়োজন। ইতিমধ্যে আয়োজকেরা চূড়ান্ত করে ফেলেছেন অনুষ্ঠানসূচি। নগরবাসীও ছক এঁকে নিচ্ছেন দুই দিনের অনুষ্ঠানমালা উপভোগের। সিআরবির শিরীষতলায় বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান শুরু হবে ১৩ এপ্রিল বিকেল সাড়ে চারটায় ঢোল বাদন ও বেলুন ওড়ানোর মাধ্যমে। উদ্বোধনের পরেই এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আলোচনা করবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, কবি এজাজ ইউসুফী। ঘোষণা পাঠ করবেন ডা. চন্দন দাশ। কবি কামরুল হাসানের উপস্থাপনায় সংগীত পরিবেশন করবেন শীলা দাশ গুপ্ত ও তাঁর দল। আবৃত্তি পরিবেশন করবেন অঞ্চল চৌধুরী ও মিলি চৌধুরী। নাচ পরিবেশন করবেন প্রমা অবন্তি ও তাঁর দল। এ ছাড়া দলীয় পরিবেশনায় অংশ নেবে সুরধ্বনি, উদীচী চবি শাখা, বোধন, জলছবি, সা রে গা মা, উড়ীশি অ্যান্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট, কারুধ্বনি ও গুরুকূল। একক সংগীত পরিবেশন করবেন মিতালী রায়, আইরিন সাহা, প্রদীপ দাশ, শীলা মোমেন, মার্গারেট বেবি সাহা, মিহির নন্দী, শান্তনু বিশ্বাস, মালবিকা দাশ। ১৪ এপ্রিল সকাল সাড়ে সাতটায় মিহির কানুনগোয় সেতার বাজিয়ে শুরু করবেন নববর্ষের অনুষ্ঠান। এরপরেই রয়েছে কৃষ্টির সমবেত যন্ত্রসংগীত। সকালের অনুষ্ঠানে দলীয় পরিবেশনায় অংশ নেবে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, প্রমা, সংগীত পরিষদ, আনন্দধারা, সংগীত ভবন, গুরুকূল নৃত্যকলা একাডেমি, শব্দ নোঙর, উদীচী চট্টগ্রাম, ঘুঙ্গুর নৃত্যকলা কেন্দ্র, নিক্বণ একাডেমি, আওয়ামী শিল্পী গোষ্ঠী এবং সংগীত পরিষদ। বিকেলে একক সংগীত পরিবেশন করবেন সঞ্জিত আচার্য, কল্যাণী ঘোষ, আবদুর রহিম, মানস পাল। দলীয় পরিবেশনায় অংশ নেবে খেলাঘর চট্টগ্রাম মহানগরী, ডান্স হোম, কিডস কালচার, কুসুম ললিতকলা একাডেমি, রক্তকরবী, স্কুল অব অরিয়েন্টাল ডান্স ও সঞ্চারী নৃত্যকলা একাডেমি। সবশেষে রয়েছে কল্পনা লালা, শিমুল শীল, কান্তা নন্দী ও ফকির শাহাবুদ্দিনের একক সংগীত পরিবেশনা। বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদের উদ্যোগে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দুদিনের অনুষ্ঠান হবে। ১৩ এপ্রিল সন্ধ্যা ছয়টায় বর্ষবিদায় অনুষ্ঠানে পুরোনো বছরকে বিদায় জানাবেন অধ্যাপক গোলাম মুস্তাফা। দলীয় সংগীত পরিবেশন করবে সংগীত ভবন ও রক্তকরবী। পঞ্চকবির গান গাইবেন মোস্তফা কামাল, শাশ্বতী দাশ, শ্রেয়সী মজুমদার, রাজেশ সাহা ও পূরবী বড়ুয়া। নৃত্য পরিবেশন করবে সঞ্চারী নৃত্যকলা একাডেমি। চিরায়ত গান গাইবেন সামিনা কবির, কেয়া লাহিড়ী ও দেবাশীষ চৌধুরী। সবশেষে লালনগীতি গাইবেন সফি মণ্ডল। ১৪ এপ্রিল বিকেল চারটায় সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। এবার সম্মাননা জানানো হবে চিকিৎসক শামসুন্নাহার কামাল, মণি ইমাম, সবিহ উল আলম ও রমা চৌধুরীকে। নববর্ষ আবাহন করবেন মফিদুল হক। গাইবেন আলম আরা মিনু, নমিতা পাল, বুলবুল ইসলাম, তানভীর আলম প্রমুখ। আরও থাকবে বুলবুল ললিতকলা একাডেমির নাচ। সবশেষে থাকবে আবদুল লতিফ সাঁইয়ের লালনগীতি। জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে চারুশিল্পী সম্মিলন পরিষদ বের করবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এ ছাড়া থাকবে দুদিনের বর্ণাঢ্য আয়োজন।চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ১৪ এপ্রিল সকাল নয়টায় ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মেতে উঠি উৎসবে বৈশাখী আনন্দে শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন হবে। শুরুতেই পিঠা প্রতিযোগিতা। সকাল সাড়ে নয়টায় সংগীতানুষ্ঠান ও সোয়া ১০টায় র্যাফেল ড্র। বেলা পৌনে একটায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী। সেন্টার ফর ফটোগ্রাফি অ্যান্ড ভিজ্যুয়াল আর্টসের (সিপিভিএ) উদ্যোগে নববর্ষ উপলক্ষে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে কাল (১৩ এপ্রিল)। জেলা শিল্পকলা একাডেমী গ্যালারিতে বিকেল চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কবি আবুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন ও মরিয়ম হাউজিংয়ের পরিচালক লুৎফুন্নাহার। সভাপতিত্ব করবেন সিপিভিএর চেয়ারম্যান মউদুদুল আলম। ফুলকির উদ্যোগে ছোটদের বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে নন্দনকাননের বিদ্যালয় প্রাঙ্গণে। এতে থাকবে কথামালা, শিশু-কিশোরদের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। ১২-১৪ এপ্রিল চলবে এই উৎসব। ১২ ও ১৩ এপ্রিল মেলা চলবে বিকেল চারটা-রাত নয়টা পর্যন্ত। ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ মেলা চলবে সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটা এবং বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত। মেলায় থাকবে বইমেলা, লোকজ খেলানার স্টল কুটুম-কাটাম, ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন খোলামেলা, শিশুদের আঁকা ছবির প্রদর্শনী ছবির হাট ও বিজ্ঞান প্রদর্শনী।শিল্পকলায় বুটিক মেলা: বর্ষবরণ উপলক্ষে বৈশাখী পোশাক প্রদর্শনীর আজ শেষ দিন। ৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় ২০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ বিকেল চারটায় মুক্তমঞ্চে বৈশাখী ফ্যাশন শো, বাউল গান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে বুটিক মেলা শেষ হবে। এ ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণও অনুষ্ঠিত হবে।