
ভাবুন তো, পুকুরে ঘাই দেওয়া কাতলা কিংবা রুই মাছটি লাফিয়ে পড়ল আপনার সামনে! মনের সুখে আপনি সেই মাছটি কানকোতে রশি পেঁচিয়ে নিয়ে এলেন বাসায়। বাসায় পৌঁছাতে পৌঁছাতে দু-চারজন দামও জিজ্ঞেস করলেন! নাহ, কল্পনা নয় কিংবা পুরোনো আমলের কোনো সিনেমার দৃশ্যও নয়। খোদ ঢাকা শহরেই এমনটা সম্ভব।
ঢাকার উত্তরার ‘নাইয়্যাড লাইভ ফিস’ নামের দোকানটায় পাবেন নিজের পছন্দে জীবন্ত মাছ কেনার সুযোগ। এখানে পাওয়া যাবে রুই, কাতলা, পাঙাশ, কালবাউশ, ফলি, মৃগেল তেলাপিয়াসহ নানা মাছ। আছে শিং-মাগুরও।
সাদা কাচের বিশাল আকৃতির অ্যাকুরিয়ামে রাখা মাছগুলো। এখান থেকে মাছ পছন্দ করে বললেই কর্মীরা উঠিয়ে দেবেন। চাইলে কেটে নিতে পারেন অথবা কানকোতে রশি বেঁধে নিয়ে যেতে পারেন।
চার বন্ধুর গড়া ‘এই দোকানটি উদ্বোধন করা হয়েছে মাস খানেক হলো। বাজারের থেকে দামের খুব বেশি পার্থক্য নেই। ফরমালিনমুক্ত টাটকা মাছের স্বাদ নিতে অনেকেই আসছেন এখানে।
উদ্যোক্তাদের একজন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসাইন। তিনি বলেন, ‘আমাদের তত্ত্বাবধানে ঢাকার বেশকিছু পুকুরে মাছ চাষ করা হয়। সেই মাছ প্রতিদিন ভোরে পুকুর থেকে ওঠানো হয়। পাইকারি বিক্রেতার মাধ্যমে কিছু চলে যায় ঢাকার বিভিন্ন বাজারে। আর বাকিগুলো চলে আসে এখানে।’
আরেক উদ্যোক্তা জায়েদ হাসান বলেন, ‘মাছগুলো পুকুর থেকে বিশেষ প্রক্রিয়ায় আনা হয় এখানে। ময়লা পরিষ্কারের জন্য নেওয়া হয় ডাম্পিং হাউসে। কারণ, মাছের গায়ে পুকুরের ময়লা লেগে থাকে। এখান থেকে পরিষ্কার করে তবেই বিক্রির জন্য উপযোগী করা হয়। এর মধ্যে যদি কোনোটা মারা যায়, তাহলে হিমায়িত করে বিক্রির ব্যবস্থাও আছে। চাইলে যে কেউ তা কিনতে পারেন কিছুটা কম দামে।’ এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান ও হোটেল-রেস্তোরাঁতেও এখান থেকে তাজা মাছ সরবরাহের ব্যবস্থা আছে।
ঠিকানা: প্লট ৩, গাউসুল আজম এভিনিউ, সেক্টর ১৪, উত্তরা মডেল টাউন, ঢাকা। ফোন- ০১৭৪৫-৭১৩১৩৯