নগরে ডায়াবেটিক মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডায়াবেটিক রোগীদের সচেতন করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয়ে গেল ডায়াবেটিক মেলা ২০১৪। বাংলাদেশে একমাত্র চট্টগ্রামেই ব্যতিক্রমধর্মী এ মেলার আয়োজন করা হয়। চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল এ মেলার আয়োজক।
ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন হয় ১ মার্চ। মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘ডায়াবেটিস একটি নীরব ঘাতকব্যাধি। ডায়াবেটিস রোগীর দীর্ঘ সুস্থ জীবনের জন্য প্রয়োজন সচেতনতা। ডায়াবেটিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।’
মেলায় মোট ৩৫টি স্টল ছিল। দর্শনার্থীরা এসব স্টলে ঘুরে ইনসুলিন, ডায়াবেটিসের ওষুধ ও ডায়াবেটিক বই, ডায়াবেটিক খাবার, জাদু শপ, ডায়াবেটিক রোগ নির্ণয়ের যন্ত্র, ই-স্বাস্থ্য বিমা পলি-সির বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। প্রায় প্রতিটি স্টলেই সর্বসাধারণের জন্য বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ ছিল। মেলা উপলক্ষে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডায়াবেটিক রোগীদের বিনা মূল্যে ইনসুলিন সরবরাহ করেছে। মেলায় আগত দর্শনার্থীরা ডায়াবেটিক পণ্যের ওপর বিশেষ ছাড় পেয়েছেন। মেলায় ডায়াবেটিসের রোগীদের উপযোগী বিভিন্ন খাবার, সচেতনতামূলক বইপত্রের বিপুল আয়োজন ছিল। ডায়াবেটিক রোগীদের জন্য ডায়াবেটিক চিনি, চালসহ নানা খাবার বিক্রি হয়েছে।
প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী আগ্রহ নিয়ে মেলায় ঘুরেছেন। মেলায় বড়রা নিয়েছেন প্রয়োজনীয় পরামর্শ আর শিশুদের জন্য ব্যবস্থা ছিল বিনোদনের। জাদু শেখার স্টলে শিশুদের ভিড় ছিল দেখার মতো। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে সফলতার জন্য মেলায় আদর্শ ডায়াবেটিক রোগীদের ক্রেস্ট উপহার দেওয়া হয়। মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক। ডায়াবেটিক রোগীর সেবার পাশাপাশি এ রকম ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে কামরুন মালেক বলেন, শিশুদের বেশি বেশি বই পড়ার পাশাপাশি সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে। এ বিষয়ে অভিভাবকদের যেমন দায়িত্ব আছে, তেমনি সরকারকেও আরও মনোযোগী হতে হবে। চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ের ১৪০ জন শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।
৩ মার্চ মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সভাপতি ছৈয়দুর রহমান। মেলা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ডায়াবেটিস নিয়েও কীভাবে সুস্থ, কর্মক্ষম ও স্বাভাবিক থাকা যায়, রোগীদের তা জানানোর জন্য এ মেলার আয়োজন করা হয়।
মেলায় স্বাগত বক্তব্য দেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর চৌধুরী। ভবিষ্যতে এ মেলার কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।