নগরে ডেঙ্গুর প্রকোপ
চট্টগ্রামে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। তবে বিভিন্ন চিকিৎসকের চেম্বারে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি যাচ্ছে বলে জানা গেছে। বেশি গুরুতর না হলে আক্রান্ত রোগীরা বাসায় বসে চিকিৎসা নিচ্ছে। আক্রান্তদের তালিকায় শিশুও রয়েছে।জমে থাকা বৃষ্টির পানি কিংবা বাসাবাড়ির ফুলের টবে এ বর্ষায় এডিস মশার বংশ বৃদ্ধি পাচ্ছে। আর তাতে ডেঙ্গুর প্রকোপও বেড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। চিকিৎসকদের মতে, বহুতল ভবনের ব্যালকনিতে টবে ফুলের চাষ করার কারণে মশার উপদ্রপ বাড়ে। যার কারণে বহুতল ভবনের বাসিন্দারাও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশির ভাগই ভর্তি হচ্ছে বেসরকারি হাসপাতালে। নগরের সেন্টার পয়েন্ট, রয়েল হাসপাতাল, প্রিমিয়ার হাসপাতাল, পলি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে বর্তমানে দুই থেকে তিনজন করে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলে জানা গেছে। সে তুলনায় সরকারি হাসপাতালগুলোতে এ ধরনের রোগীর ভিড় কম। এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেন, ‘সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় বেশি। অপেক্ষাকৃত সামর্থ্যবানেরাই এ রোগে আক্রান্ত হচ্ছে বেশি। তাই তাঁরা ক্লিনিকে চলে যান। এ ছাড়া চেম্বারে আমি গত এক সপ্তাহে সাত থেকে আটজন ডেঙ্গু রোগী পেয়েছি।’বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, ডেঙ্গু আক্রান্তদের বেশির ভাগই মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত। শখ করে ফুলের চাষ করতে গিয়ে অনেকে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া রাস্তাঘাটে জমে থাকা বৃষ্টির পানি থেকেও ডেঙ্গু জীবাণু বহনকারী এডিস মশার প্রজনন হয়। জানা গেছে, হাসপাতাল ছাড়াও বিভিন্ন চিকিৎসকের চেম্বারে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভিড় করছেন। যদি গুরুতর না হয় তাহলে চিকিৎসকেরা তাঁদের বাসায় বসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। রয়েল হাসপাতালের পরিচালক ডা. উৎপল দাশ বলেন, ‘আমাদের ক্লিনিকে দুই থেকে একজন ডেঙ্গু রোগী আছে। আমার চেম্বারেও কয়েকজন এসেছে।’ শিশুরাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বলে তিনি জানান। নগরের হালিশহরের বাসিন্দা রিয়াজ আহমেদের দুই বছর বয়সী শিশু আহমেদ তাজওয়ার গত সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়। পরে তাকে একটি বেসরকারি ক্লিনিকে তিন দিন চিকিৎসা দেওয়া হয়।একই এলাকার শিউলি নামে এক তরুণী বর্তমানে নগরের জামালখানের একটি ক্লিনিকে ডেঙ্গু চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের মতে, ডেঙ্গু আক্রান্ত হলে ভয়ের কিছু নেই। তবে অনেকে জ্বর হলে নিজে নিজে ওষুধ খায়। ডেঙ্গুজনিত জ্বর হলে এ ক্ষেত্রে পরিস্থিতি খারাপ হতে পারে বলে তারা মনে করেন। এ প্রসঙ্গে অনিরুদ্ধ ঘোষ বলেন, ‘জ্বর হলে অনেকে নিজে নিজে ওষুধপত্র খায়। এটা ঠিক নয়। আর ডেঙ্গুর এখন ভালো চিকিৎসা রয়েছে। তাই ভয় পাওয়ার কিছু নেই। তবে জটিল হওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।’চিকিৎসকেরা পাশাপাশি বাসায় ফুলের টব কিংবা কোনো পুরোনো পাত্রে পানি জমিয়ে না রাখার পরামর্শ দিয়েছেন।