হেফাজত ইসলামের ডাকে নগরে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। ওয়াসা মোড় ও বহদ্দারহাটে পিকেটাররা অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেছে। তবে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক ও পটিয়া এলাকা পিকেটারদের নিয়ন্ত্রণে ছিল। শহরতলির বালুছড়া এলাকায় পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, গতকাল দুপুরের আগমুহূর্তে হাটহাজারী ও ফটিকছড়ি এলাকার বিভিন্ন মাদ্রাসার শত শত ছাত্র শহরতলির বালুছড়া এলাকায় পুলিশের বেষ্টনী ভেঙে শহরের উদ্দেশে যাত্রা করে। এ সময় পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তারাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে পুলিশ রাস্তা থেকে সরে যায়। এ খবর জানাজানি হলে নগর থেকে আরও তিন প্লাটুন পুলিশ ও র্যাব সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়।পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, বালুছড়ায় মাদ্রাসাছাত্ররা পুলিশের বেষ্টনী ভেঙে শহরের দিকে ছুটে আসছিলেন। একপর্যায়ে সেখানে অবস্থানরত অর্ধশতাধিক পুলিশ সদস্য পিছু হটে কৌশলগত অবস্থান নেন। পরে তাঁদের সঙ্গে যোগ দিতে আরও তিন প্লাটুন পুলিশ ও র্যাব সদস্য পাঠানো হয়।পুলিশ সূত্র জানায়, হরতালে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য নগরে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। গতকাল সকালের দিকে ওয়াসা মোড় ও মুরাদপুর এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এতে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুটি গাড়ির কাচ ভেঙে গেছে।এদিকে নগরের ওয়াসা মোড়, বহদ্দারহাট ও মুরাদপুর এলাকার বাইরে পিকেটাররা ছিল না। এ কারণে কিছু যানবাহন রাস্তায় চলাচল করে। এর মধ্যে প্রাইভেট কারের সংখ্যা ছিল বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়ছিল। ফলে জনজীবনে হরতালের প্রভাব কিছুটা কম পড়েছে বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন।হরতালের কারণে নগরের বড় বড় বিপণিকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলেনি। দূরপাল্লার কোনো বাস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সরকারি কার্যালয় খোলা ছিল। বন্দরে পণ্য ওঠানামা হলেও সরবরাহ হয়নি।প্রসঙ্গত, পবিত্র কোরআনবিরোধী নারী উন্নয়ন নীতিমালা, উচ্চ আদালতে ফতোয়াবিরোধী রায় ও ধর্মহীন শিক্ষানীতি বাতিলের দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।পুলিশের উপকমিশনার (সদর) মো. মইনুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, হরতালের সময় পুলিশ সদস্যদের সর্বোচ্চ ধৈর্য ধরতে পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো উসকানিমূলক আচরণ শান্তভাবে মোকাবিলা করতে বলা হয়েছে।হেফাজত ইসলাম বাংলাদেশের চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক ও ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা মঈনউদ্দিন রুহী হরতাল সফল বলে দাবি করেন। তিনি বলেন, ‘ওয়াসার মোড় ছাড়াও বহদ্দারহাট, মুরাদপুর, কালামিয়া বাজার ও সিটি গেট এলাকায় হরতালের পক্ষে মিছিল-সমাবেশ হয়েছে। জনগণও আমাদের কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে।’চট্টগ্রাম-হাটহাজারী সড়ক: চট্টগ্রাম-হাটহাজারী সড়কের আমানবাজার, বড়দীঘির পাড়, ছড়ার কূল ও ইসলামিয়াহাট এলাকায় গতকাল সকাল থেকে হেফাজত ইসলামের ব্যানারে ইসলামী ঐক্যজোটের কর্মী-সমর্থকেরা অবস্থান নেন। এ সময় তাঁরা চৌধুরীহাট ও ছড়ার কূলে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। বড়দীঘির পাড় এলাকায় দুই শতাধিক কর্মী-সমর্থক লাঠিমিছিল করেছেন।হেফাজত ইসলামের কর্মীদের হরতাল ও সড়ক অবরোধের কারণে শহরতলির অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফগামী কয়েক শ গাড়ি আটকে যায়। মাইজভান্ডার দরবার শরিফে ওরসে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ফটিকছড়ির দিকে যাচ্ছিলেন। আজ মঙ্গলবার এই ওরস হওয়ার কথা।হাটহাজারী সদর এলাকায় শত শত পিকেটার ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নিয়ে গতকাল মিছিল-সমাবেশ করেছে। ওই এলাকায় একটি সাইকেলও চলতে দেননি হেফাজতের কর্মীরা। একইভাবে পটিয়া সদর এলাকাও গতকাল পিকেটারদের নিয়ন্ত্রণে ছিল। সেখানেও কোনো গাড়ি চলাচল করতে পারেনি।