নগরে তিন মেলা
বিজয়ের মাসে নগরে চলছে তিনটি মেলা। স্বাধীনতার ৪০ বছরপূর্তি উপলক্ষে আউটার স্টেডিয়াম, লালদীঘি মাঠে ও ডিসি হিলে এ মেলায় প্রতিদিনই ভিড় বাড়ছে। মেলা আয়োজন করেছে সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এবং আমরা কজন মুজিব সেনা।বিজয় মেলার সবচেয়ে বড় আসর বসে আউটার স্টেডিয়ামে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজন করে এ মেলা। ১০ ডিসেম্বর বিজয় শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে ১৬ দিনব্যাপী মেলা উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বদিউল আলম প্রথম আলোকে বলেন, আউটার স্টেডিয়াম ছাড়াও নগরের বন্দর থানায়ও ছোট পরিসরে বিজয় মেলা হচ্ছে। গত ২২ বছর ধরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজন চলছে। এবারের বিজয় মেলা আয়োজনের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের বিচারকে তরান্বিত করতে তরুণ প্রজন্মকে আরও সংগঠিত করা। মেলার বিজয় মঞ্চে প্রতিদিন চলছে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা পরিষদের আয়োজনে আরও রয়েছে চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী। গত রোববার সন্ধ্যায় মেলার প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, এখানে চলছে বেচাকেনার ধুম। হস্ত শিল্প, পোশাক, জুতা, ব্যাগ, খাবার এবং ক্রোকারিজের দোকানে উপচে পড়া ভিড়। এদিকে, সম্মিলিত মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের ব্যানারে নগরের লালদীঘি মাঠে ২০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের মেলা শুরু হয় ১ ডিসেম্বর থেকে। এই মেলার উদ্বোধন করেন মেজর জেনারেল কে এম শফিউল্লাাহ বীর উত্তম।মেলার কো-চেয়ারম্যান কাজী আবু তৈয়ব বলেন, মেলায় প্রতিদিন চলছে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনী। এ ছাড়া রয়েছে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পেয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির স্বাধিকার আন্দোলনের বিভিন্ন চিত্র। নগরের ডিসি হিলে ‘আমরা করবো জয়’র আয়োজনে চলছে আট দিনব্যাপী মুক্তিযুদ্ধের বই মেলা উর্যাসব। এই মেলায় অংশগ্রহণ করেছে বাংলা একাডেমীসহ ২০টিরও বেশি বই প্রকাশনা ও বিক্রয় প্রতিষ্ঠান। বই মেলায় মুক্তিযুদ্ধের বিষয়ক বই, প্রবন্ধসহ বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।