নগরে তিনটি প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের মধ্যে নগরে অনুষ্ঠিত হলো তিনটি প্রকাশনা উৎসব। ২২ এপ্রিল ইছামতির উদ্যোগে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আকাশ আহমেদের কিশোর গল্পের বই নির্ঝর ও টুনটুন পাখি, ২৩ এপ্রিল প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অবসরের উদ্যোগে সঞ্জিত বনিক সম্পাদিত চট্টগ্রামের ছড়া ও সাহিদা রহমানের কবিতার বই যোগ বিয়োগ গুণ ভাগ=বিফল এবং একই মিলনায়তনে ২৫ এপ্রিল অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে শিমুল বড়ুয়া সম্পাদিত কবিয়াল ফণী বড়ুয়া স্মারকগ্রন্থ-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঋদ্ধ আলোচনা আর বোদ্ধা পাঠক-দর্শকের উপস্থিতিতে সবচেয়ে ভালো জমেছে শেষের অনুষ্ঠানটি। কবিয়াল ফণী বড়ুয়ার লেখা ‘আয়রে ভাই ভেদাভেদ ছেড়ে’ ও ‘ধর্ম দিয়ে কর্মজীবন হবে না গঠন’ গান দিয়ে উত্সবের সূচনা করেন শিল্পী রবীন দে। এ সময় তবলায় ছিলেন তপন শীল। এরপর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাহবুবুল হক ও হরিশংকর জলদাস এবং কবি এজাজ ইউসুফী। আলোচনা করেন অধ্যাপক বাদল বরণ বড়ুয়া, দীপক কুমার বড়ুয়া ও সন্তোষ কুমার বড়ুয়া। প্রেমাঙ্কুর বড়ুয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সুজন কুমার বড়ুয়া। অনুভূতি জানান গ্রন্থের সম্পাদক শিমুল বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন আশীষ কুমার বড়ুয়া। প্রধান অতিথি বলেন, ‘সমাজে এখন সুবিধাভোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। সমাজ বদলে যাওয়ার কারণে পরিবেশ বদলে যাচ্ছে। আমাদের কান থাকতেও কান নেই। তাই যেখানে ছিলাম সেখানেই আছি। কবিয়াল ফণী বড়ুয়া দুঃখ করে বলেছিলেন—বাঘের ঘরে শেয়াল কী করে হয়। এই গ্রন্থে আবেগ প্রকাশ করা হয়েছে। এবার প্রবেশ করতে হবে ফণী বড়ুয়ার বক্তব্যের মধ্যে। তিনি কত সুন্দর করেই না বলে গেছেন—ধর্ম দিয়ে কর্ম জীবন হবে না গঠন।’মাহবুবুল হক বলেন, ‘ফণী বড়ুয়া অন্য রকম মানুষ। তিনি সমাজতন্ত্রের লড়াকু যোদ্ধা, সংগ্রামী শিল্পী। এই স্মারকগ্রন্থের প্রচ্ছদ, অঙ্গসজ্জা ও বিষয়বন্তু দেখে অভিভূত হয়েছি। এতে অন্তর্ভুক্ত লেখাগুলোতে কবিগানের নান্দনিকতা, নাটকীয়তা, সৌন্দর্য, ফণী বড়ুয়ার সৃষ্টিশীলতা, দায়বদ্ধতা ও গণমানুষের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। এটি একটি বড় কাজ।’হরিশংকর জলদাস বলেন, ‘ফণী বড়ুয়া চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান কাঁপিয়েছেন। কলকাতায় আমাদের আবেগ পৌঁছে দিয়েছেন। আমি মনে করি, রমেশ শীল তত বেশি বিকশিত হতে পারতেন না যদি ফণী বড়ুয়া তাঁর শিষ্যত্ব গ্রহণ না করতেন। এখানে অরেকজনের কথা বিশেষ ভাবে বলতে হয় যিনি দুইজনের সুরে শব্দ দিয়েছিলেন। তিনি বিনয়বাঁশী জলদাস। যাঁরা সমাজকে কিছু দিয়ে গেছেন সমাজে তাঁদের স্থায়ী আসন দেওয়া উচিত।’বাদল বরণ বড়ুয়া বলেন, ‘বাংলায় ছড়িয়ে আছে বিচিত্র সব গান। এর মধ্যে বৈচিত্র্যময় হচ্ছে কবিগান। যা কলকাতার বাবুদের মনোরঞ্জনের জন্য সৃষ্টি করা হয়েছিল। ফণী বড়ুয়া সেই গান গণমানুষকে সংগ্রামে উদ্দীপ্ত করার কাজে লাগিয়েছেন।’অন্য বক্তারা ফণী বড়ুয়ার কর্মময় জীবন, গুণীদের মূল্যায়ন নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন।এদিকে, আকাশ আহমেদের বইয়ের প্রকাশনা উত্সবে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া। তিনি বলেন, ‘ছোটগল্প লেখা কঠিন। ছোটদের জন্য লেখা আরও কঠিন। কারণ ছোটদের মনের খবর জানা খুব সহজ কাজ নয়। একজন লেখক সর্বভুক, সর্বগ্রাসী। লেখককে ভাবতে হবে ছোটদের লেখায় দুর্বোধ্যতা আছে কি না। কাল বিচার করবে কে লেখক হবে, বিখ্যাত হবে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন ভালো গদ্যের আকাল চলছে। কারণ এর জন্য বেশি পরিশ্রম দরকার। মাঝেমধ্যে মনে হয়, একজন গদ্যকার দিনমজুরের চেয়েও অধম।’ তিনি শিশুসাহিত্যিকদের রবীন্দ্রনাথের সহজপাঠ পড়ার আহ্বান জানান। বইটির ওপর আলোচনা করেন অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া, সাংবাদিক সিদ্দিক আহমেদ, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, অধ্যক্ষ আনোয়ারা আলম, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, মুহাম্মদ জহুরুল আনোয়ার, শৈলীর প্রকাশক আয়েশা হক প্রমুখ। উত্সবে চট্টগ্রামের আঞ্চলিক ছড়া পড়েন তালুকদার হালিম। এ ছাড়া, অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে শব্দচাষ প্রকাশনের দুটি বইয়ের প্রকাশনা উত্সবে সভাপতিত্ব করেন শহীদজায়া বেগম মুশতারী শফী। আলোচক ছিলেন ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামান, লেখক সত্যব্রত বড়ুয়া, বিশ্বজিত্ সেন ও জসীম মেহবুব। শুভেচ্ছা বক্তব্য দেন সাহিত্যিক ফাহমিদা আমিন। স্বাগত বক্তব্য দেন গৌতম কানুনগো। অনুভূতি জানান সঞ্জিত বনিক ও সাহিদা রহমান। দ্বিতীয় পর্বে শারমিন আকতারের সঞ্চালনে ছড়া উত্সবে সভাপতিত্ব করেন ছড়াকার উত্পল কান্তি বড়ুয়া। এতে লেখা পাঠ ও আবৃত্তি করেন রেবতপ্রিয় বড়ুয়া, অরুণ ভদ্র, গোফরান উদ্দিন, সনজিত দে, করুণা আচার্য প্রমুখ।