নগরে তৎপর নিষিদ্ধ হিযবুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে এখনো নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্যরা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড চলছে মসজিদকেন্দ্রিক। বিশেষ করে জুমার নামাজের সময়ে তাঁরা ঝটিকা মিছিল এবং প্রচারপত্র বিলি করে। এ ছাড়া নগরের অলিগলিতে রাষ্ট্রবিরোধী পোস্টার সাঁটাচ্ছে সংগঠনটির সদস্যরা।গত দেড় বছরে তাদের ২১ জন গ্রেপ্তার হয়। এর মধ্যে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছে আটজন। মুক্তি পাওয়া নেতা-কর্মীরা আবারও গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে জানা গেছে। এই সংগঠনের সদস্যরা উচ্চ শিক্ষিত পরিবার থেকে এসেছে বলে র‌্যাব ও পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। সংগঠনটির চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী ছিলেন একজন বিচারক। চাকরি ছেড়ে ওই বিচারক উচ্চশিক্ষিত তরুণদের হিযবুত তাহ্রীরে যোগ দিতে উদ্ধুদ্ধ করে আসছিলেন। তিনি অবশ্য ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্র জানায়, গত দেড় বছরে পুলিশ হিযবুত তাহ্রীরের ১৮ জনকে এবং র‌্যাব তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মধ্যে আটজন উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পায়। নগরের বিভিন্ন থানায় এ-সংক্রান্ত মোট ১০টি মামলা হয়েছে, যার মধ্যে সাতটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। আরও তিনটি মামলা তদন্তাধীন আছে। পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নিষিদ্ধ ঘোষণার পরই হিযবুত তাহ্রীর নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওরা আসলে মসজিদকেন্দ্রিক প্রচারণা চালাচ্ছে, যে কারণে তাদের ধরতে আমাদের বেগ পেতে হয়।’ তিনি আরও বলেন, হিযবুত তাহ্রীর নেতা-কর্মীরা উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান। আর যে ছেলেরা এই সংগঠনে যোগ দিচ্ছে তারা মেধাবী। কিন্তু পরিপক্ব নয়। এর পরিণতি সম্পর্কে জানা থাকলে তারা জেনেশুনে এই সংগঠনে যোগ দিতেন না। এমনকি তাদের অভিভাবকেরাও এ সম্পর্কে কিছু জানেন না। তাই সন্তানেরা কী করছে, তা অভিভাবকদের নজরে আসা দরকার। এর খারাপ পরিণতি সম্পর্কে নিজের সন্তানদেরও জানানো হলে নিষিদ্ধ এই সংগঠনে কেউ যোগ দেবে না। পুলিশ সূত্র জানায়, হিযবুত তাহ্রীরের চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়কারী শেখ ওমর শরীফ আল মারুফ একজন বিচারক ছিলেন। তিনি ঢাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হন। এর আগে ২০১০ সালের ১৬ মে তার খুলশীর বাসায় পুলিশ একবার অভিযান চালায়। অভিযানে সেখান থেকে প্রচুর বই, প্রচারপত্র, চিঠিপত্র ও ব্যাংক লেনদেনের নথিপত্র পুলিশ উদ্ধার করে।মারুফের বাড়ি চাঁদপুরের বটতলা এলাকায়। আইন বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি আছে তাঁর। বিচারক হিসেবে ২০০৮ সালের ৮ মে নিয়োগপত্র পান। সর্বশেষ তিনি ফেনীর বিচারিক হাকিম ছিলেন। চাকরি ছেড়ে তিনি উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরে যোগ দেন। এরপর তিনি মেধাবী ছাত্রদের এই সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধ করে আসছিলেন বলে জানা গেছে। এদিকে, মুক্তি পাওয়া নেতা-কর্মীরা গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে র‌্যাব কর্মকর্তাদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নজরদারি রয়েছে। নির্দিষ্ট ঠিকানায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আর ধরতে পারছে না বলে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান। পুলিশ সূত্র আরও জানায়, গ্রেপ্তার হওয়া অন্য নেতা-কর্মীদের মধ্যে চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র আছেন। প্রত্যেকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এই আইনে কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ সাজা পাঁচ বছর হবে।এ প্রসঙ্গে আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর সাজা হতে পারে। একটি গণতান্ত্রিক দেশে হিযবুত তাহ্রীর মতো নিষিদ্ধ সংগঠনে তাঁরা কেন জড়িত হচ্ছে তা আমার বোধগম্য নয়। দুই-একটি মামলা নিষ্পত্তির মাধ্যমে কয়েকজনের সাজা হলে মেধাবীরা নিষিদ্ধ এই সংগঠনের প্রতি আকৃষ্ট হবে না।’জানা যায়, গোপনে নগরের মসজিদকেন্দ্রিক প্রচারণা অব্যাহত রেখেছে হিযবুত তাহ্রীর। জুমার নামাজের সময়ে তাঁরা ঝটিকা মিছিল এবং প্রচারপত্র বিলি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধেও তাঁরা ইতিপূর্বে নগরের কাতালগঞ্জ এবং জিইসি মোড়ের বাটা গলিসংলগ্ন মসজিদে স্লোগান দিয়েছে। গত শুক্রবার আন্দরকিল্লা জামে মসজিদের সামনে প্রচারণা চালানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা মুসল্লির সঙ্গে মিশে যায়, যে কারণে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। উচ্চ আদালতের জামিনে যাঁরা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ পৃথক ছয়টি আদেশে হিযবুত তাহ্রীরের আট সদস্যকে জামিন দেন। জামিন পাওয়া তরুণদের মধ্যে চুয়েটের দুই ছাত্র আছেন। অন্যদের মধ্যে বেশির ভাগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বলে জানা গেছে।জামিন পাওয়া তরুণেরা হলেন রাশেদ আহাম্মদ মজুমদার, আমিরুজ্জামান পারভেজ, মো. হাবিবুল্লাহ, মো. আনোয়ার পারভেজ শিকদার, মো. মিনহাজ উদ্দিন, কাজী আহাম্মদ ইরফান-ই- করিম, মোহাম্মদ হোসেন ও মো. নাজমুল হুদা। আদালত সূত্র জানায়, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. ফজলুর রহমান ও আবদুর রবের সমম্বয়ে গঠিত বেঞ্চ একজনকে, বিচারপতি শরিফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমম্বয়ে গঠিত বেঞ্চ চারজনকে, বিচারপতি মো. জিয়াউল করিম ও এ এন এম বশির উল্লাহর সমম্বয়ে গঠিত বেঞ্চ তিনজনকে জামিন দেন।