নগরে দুই বইমেলা শুরু
‘বাঙালি জাতিসত্তার মহান অর্জন চির অনির্বাণ হোক’—স্লোগানে ডিসি হিলে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ১২ দিনব্যাপী অমর একুশে বইমেলা। একুশ মেলা পরিষদ এ মেলার আয়োজন করে। মেলা উদ্বোধন করেন লেখিকা ফাহমিদা আমিন ও বেগম রুনু সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক গাজী সালাহ উদ্দিন। বক্তব্য দেন একুশ মেলা পরিষদের মহাসচিব মফিজুর রহমান। বক্তারা বলেন, ‘আমরা অনেক রক্তের বিনিময়ে এ ভাষা পেয়েছি, পেয়েছি আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু বর্তমানে আতঙ্কের বিষয় হচ্ছে বাংলাভাষাটা বিকৃত হয়ে বাংলিশ হয়ে যাচ্ছে। ইংরেজি শিক্ষার প্রয়োজন আছে তার চেয়েও বেশি প্রয়োজন নিজের মাতৃভাষা ভালোভাবে শেখা ও জানা। জানতে হলে বইয়ের বিকল্প নেই। ছেলেমেয়েদের জ্ঞানী করতে হলে মা-বাবাকে সচেতন হতে হবে, ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে পাঠাভ্যাস।’মেলা পরিষদের যুগ্ম মহাসচিব শওকত সেলিম জানান, মেলায় ৪০টি স্টল রয়েছে। দু-এক দিনের মধ্যে সবগুলো স্টলই জমজমাট হয়ে উঠবে বলে তিনি আশা করছেন। মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।কথা হয় মেলায় আসা খুদে পাঠক সায়মা রহমানের সঙ্গে। সে পঞ্চম শ্রেণীর ছাত্রী। তার ভূতের গল্প খুব ভালো লাগে, তাই এবার মেলা থেকে কিনেছে সেরা ভূতের গল্প। সায়মা রহমানের বই কেনা হলেও তার বড় বোন মৌসুমি রহমানের তখনো কোনো বই কেনা হয়নি। মৌসুমির পছন্দ হুমায়ূন আহমেদের বই। হুমায়ূনের কোনো নতুন বই আসছে কি না তাই ঘুরে ঘুরে দেখছেন তিনি। এ ছাড়া অন্য কোনো বই পছন্দ হয়ে গেলেও কিনে ফেলবেন বলে জানান। এদিকে একই দিন চেরাগি পাহাড়ের গ্রন্থবিপণি বাতিঘরে শুরু হয়েছে একুশের বই উৎসব। উৎসব উদ্বোধন করেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আরও উপস্থিত ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক প্রমুখ।