চট্টগ্রাম নগরের বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন নতুন এই খাল খননের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
গত বছরের ২৪ জুন অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় গত অর্থবছরে এই প্রকল্পে অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে ৩২৬ কোটি ৮১ লাখ টাকার এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয় পরিকল্পনা মন্ত্রণালয়। এতে সরকার বরাদ্দ দেবে ২৪৫ কোটি এবং বাকি টাকা সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত। এই খালের দৈর্ঘ্য ২ দশমিক ৯৭ কিলোমিটার ও প্রস্থ ৬৫ ফুট।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রকল্পের জন্য সাড়ে ২৫ একর জমি অধিগ্রহণ করতে হবে। জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজস্ব বিভাগকে বলা হয়েছে। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হলে এক বছরের মধ্যে খাল খনন করা হবে।
করপোরেশনের প্রকৌশল ও রাজস্ব বিভাগ সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। প্রকল্পের অধীনে ডাম্প ট্রাক, পিকআপ ও খননযন্ত্র কেনার জন্য প্রকৌশল বিভাগ দরপত্র প্রকাশ করেছে। আর খাল খননের ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেছে রাজস্ব বিভাগ।
প্রসঙ্গত, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ১৯৯৫ সালে প্রণীত নগরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ মহাপরিকল্পনায় নতুন তিনটি খাল খননের কথা ছিল। এর অংশ হিসেবে সিটি করপোরেশন নগরের বহদ্দারহাটের বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খননের উদ্যোগ নেয়। এই উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদনের জন্য ২০১২ সালের ২৯ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। তখন খালের প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ২৯৫ কোটি টাকা। পরে তা বেড়ে ৩২৬ কোটি টাকা ৮১ লাখ টাকায় দাঁড়ায়।