
আবহমান কাল ধরেই নবান্ন গ্রামবাংলার একটি লোকপ্রিয় উৎসব। একটা সময় নবান্নে গ্রামেগঞ্জে বসত পালাগান ও জারিগানের আসর। ঘরে ঘরে পড়ে যেত পিঠা ও পায়েস তৈরির ধুম। যান্ত্রিকতার এ যুগে এখন আর আগের মতো করে পালিত হয় না নবান্ন উৎসব। তবে ঘরে ঘরে না হলেও ১৯ ডিসেম্বর নগরের জেলা শিল্পকলা একাডেমীতে ঘটা করে পালিত হয় নবান্ন উৎসব।
মুক্তমঞ্চে নবান্নের আনন্দ আয়োজনে ছিল নাচ, গান ও আবৃত্তির পরিবেশনা। জেলা শিল্পকলা একাডেমীর এ আয়োজনে নাগরিক পরিবেশে তুলে ধরা হয় গ্রামবাংলার নানা অনুষঙ্গ।
সন্ধ্যায় বেলুন উড়িয়ে ‘মঙ্গল চেতনায় জাগি নবান্নের উৎসবে’ শিরোনামে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ইশরাত জাহান। এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই ‘ও ধান ভানিরে ঢেঁকিতে পাড় দিয়া’ শিরোনামের গানের সঙ্গে নাচ পরিবেশন করে শিল্পকলা একাডেমীর নৃত্যদল।
এরপর গানে গানে মঞ্চ মাতিয়ে যান আলাউদ্দিন তাহের ও সুজন দাশ। ‘গতরে পিরিতের ফুল ফোটে’ শিরোনামের গানের সঙ্গে মায়াবী ডান্স একাডেমির শিল্পীদের নৃত্যের ছন্দ আনন্দ দেয় দর্শকদের। এরপর ‘রসিক আমার মন বান্ধিয়া’ ও ‘তুই যদি আমার হইতি রে’ শিরোনামের দুটি গান পরিবেশন করেন আবদুর রহিম। হেলাল হাফিজ ও সৈয়দ শামসুল হক রচিত দুটি কবিতা আবৃত্তি করে দর্শকদের প্রশংসা কুড়ান রাশেদ হাসান। এরপর ‘নাম ঠিকানা জানা নাই’ শিরোনামের গানের সঙ্গে নাচ পরিবেশন করেন মায়াবী ডান্স একাডেমির শিল্পীরা।
নাচ শেষে গানের সুরে সবাইকে মাতিয়ে যান সাবরিনা রহমান। বেশ কয়েকটি লোকগীতি দিয়ে সাজানো ছিল তাঁর পরিবেশনা। এরপর গানের পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন নুসরাত জাহান ও কোহেলী মজুমদার। দ্বৈত কণ্ঠে ‘ক্ষেত মজুরের গল্প’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন মুজাহিদুল ইসলাম ও শ্রাবণী দাশ গুপ্তা। এরপর আবার নাচ নিয়ে মঞ্চে আসেন মায়াবী ডান্স একাডেমির শিল্পীরা। ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’ এবং ‘ওরে সাম্পানওয়ালা’ শিরোনামের দুটি গান পরিবেশন করেন চন্দ্রিমা ভৌমিক।
এরপর শিল্পকলা একাডেমির সংগীত দল পরিবেশন করে ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ ও ‘স্বাধীন স্বাধীন’ শিরোনামের গান দুটি। সবশেষে মরমী গানের পরিবেশনায় সবাইকে মাতিয়ে রাখেন শিমুল শীল। তিনি একে একে পরিবেশন করেন ‘কত খেলা জানো মাওলা’, ‘চল রে জিয়ারতে আউলিয়ার দরবার’ শিরোনামের গানগুলো।