নগরে নারী দিবসের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ কাউন্সিল আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন সাবরিনা সুলতানা
ব্রিটিশ কাউন্সিল আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন সাবরিনা সুলতানা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ৮ মার্চ বিকেল চারটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লতিফা কবিরের সভাপতিত্বে ও শিরিন আখতারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুগতী বড়ুয়া, গীতারুদ্র রমমুহুরী, রওশন আরা ইউছুপ, সীতারা শামীম, স্বাতী পাল, পূর্বা দাস, গৌরী চক্রবর্তী, মিতা ঘোষ, নিলুফার জাহান, সুলেখা পাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে নারীরা আজ অনেক দূর এগিয়ে গেলেও এখ​েনা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। নারীরা এখ​েনা ঘরে–বাইরে নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পুরুষদের পুরুষতান্ত্রিক মনোভাব পরিবর্তন করতে হবে।

ব্রিটিশ কাউন্সিল: নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে ব্রিটিশ কাউন্সিল। আর্থসামাজিক ক্ষেত্রে নারীর সংগ্রাম ও ক্ষমতায়ন নিয়ে নগরের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান, র‌্যাবের সহকারী পুলিশ সুপার শাহেদ সুলতানা, বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের প্রতিষ্ঠাতা পরিচালক সাবরিনা সুলতানা, ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা পরিচালক দীপ অধিকারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রাম সেন্টারের ব্যবস্থাপক নাহিদ খান।

আলোচনা সভা শেষে নারীর সঙ্গে শিল্পের সম্পর্ক নিয়ে পারফরম্যান্স আর্টের একটি ভিডিও পরিবেশন করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শায়লা শারমিন। পারফরম্যান্স আর্ট পরিবেশন করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক জাহেদ আলী চৌধুরী। গানের দল রক্তকরবীর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

হোটেল পেনিনসুলায় কেক কাটেন নারী কর্মকর্তারা
হোটেল পেনিনসুলায় কেক কাটেন নারী কর্মকর্তারা