নগরে পাহাড়ের পোশাক
আদিবাসীদের পোশাকের উজ্জ্বল রং ও বুনন সহজেই নজর কাড়ে। চাকমা, মারমা, খুমি, ত্রিপুরা, বমদের বোনা কাপড় ও মোটিফ নিয়ে এখন ডিজাইনাররা তৈরি করছেন আধুনিক বিভিন্ন পোশাক। ইদানীং থামির নকশায় পাতলা সুতায় বোনা শাড়িও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ ছাড়া বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এসব কাপড় থেকে তৈরি ফতুয়া, পাইরেটস প্যান্ট বা সারেং পায়জামা, ব্লেজার, স্কার্ট, সঙ্গে পাহাড়ি জ্যামিতিক নকশার গয়না সাজে আনছে ভিন্নমাত্রা। আর এভাবেই ডিজাইনারদের হাত ধরে আদিবাসী ফ্যাশন প্রবেশ করছে মূল ধারার ফ্যাশনে।আদিবাসী পোশাক ও গয়না নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ফ্যাশন হাউস রং, বান্দরবানের জত্রিতা, চট্টগ্রামের আরিয়ান ফ্যাশন, অনিন্দ্য ও ডলস হাউস। এ ছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষে অন্য ফ্যাশন হাউসগুলোও আদিবাসী পোশাকের বৈচিত্র্য নিয়ে কাজ করে থাকে। আরিয়ান ফ্যাশনের ডিজাইনার আমিনা রহমান ও অরূপ বড়ুয়া বলেন, ‘আদিবাসীরা আসলেই খুব ভালো ডিজাইনার। তাঁদের রং সম্পর্কে ধারণা বেশ ভালো। তাঁদের কাপড়ের রং ও নকশা যেমন আকর্ষণীয়, গয়নাগুলোও বেশ মজার। আমরা মূলত বান্দরবান, রাঙামাটি থেকে বিভিন্ন জিনিস এনে এগুলোকে ভেঙে মূল গয়নার সঙ্গে মিল রেখে ভিন্ন একটা রূপ দিতে চেষ্টা করি।’ আরিয়ানে দেখা যায় আদিবাসী কাপড় থেকে তৈরি স্কার্ট, টপ, সালোয়ার-কামিজে মোটিফ ঠিক রেখে করা হয়েছে মিসরীয় ও আফ্রিকান হ্যান্ড পেইন্ট। পিনন থেকে তৈরি মেয়েদের বিভিন্ন কাটিংয়ের পায়জামা যেমন সারেং, ধুতির সঙ্গে থাকছে টপ বা ফতুয়া। পোশাক ছাড়াও রয়েছে গয়না ও স্যান্ডেল। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ‘আমার মনে হয় জামদানি, মসলিনের পরেই পার্বত্যাঞ্চলের কাপড় প্রাধান্য পেতে পারে। এটা আমাদের ঐতিহ্যেরই অংশ। আদিবাসী কাপড়ের রঙটা আমাকে খুব টানে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, দেখতাম বিভিন্ন অনুষ্ঠানে বাঙালি মেয়েরাও থামি বা পিনন পরছে। তখন মনে হতো এটার দুই অংশ মিলিয়ে শাড়ি করলে মন্দ হয় না, পরাটাও বেশ সহজ হয়, গ্রহণযোগ্যতাও বাড়ে। তখন থেকেই আমি আদিবাসী কাপড় ও গয়না নিয়ে কাজ করছি। শাড়ি ছাড়াও ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, স্কার্টেও আমি আদিবাসী মোটিফ ব্যবহার করেছি এবং তরুণেরাও বেশ পছন্দ করছে। এ ধরনের পোশাকের সঙ্গে রুপা ও পুঁতির গয়না খুব মানানসই। মোট কথা, আমরা চাই সাজটা হবে ঐতিহ্যবাহী কিন্তু আধুনিক ঢঙে।’ফ্যাশন হাউস ডলস হাউসে দেখা যায় বমদের কোমরতাঁতে বোনা কাপড় থেকে তৈরি করা বিভিন্ন ব্লেজার। তাতে ব্যবহার করা হয়েছে হরেক রঙের বোতাম। বিভিন্ন কাটিংয়ের স্কার্ট, পায়জামা, টপ, সালোয়ার কামিজ ও কুর্তিতে করা হয়েছে আদিবাসী মোটিফে এমব্রয়ডারি, প্যাচওয়ার্ক ও হাতের কাজ । জত্রিতা ও অনিন্দ্যতে বেশি পাবেন অ্যান্ডি, মসলিন ও সুতির কাপড়ে আদিবাসী পিননের অ্যাপ্লিক এবং হাতের কাজ করা শাড়ি, সালোয়ার-কামিজ ও কুর্তিই। কোথায় পাবেনচট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো তাদের নিজস্ব শোরুম ছাড়াও দেশে ও বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের পণ্য পাঠিয়ে থাকে। চট্টগ্রাম শহরের আফমি প্লাজায় আছে বেশ কিছু ফ্যাশন হাউসের শাখা। জত্রিতার শাখা আছে হক হিল টাওয়ার মার্কেট, বান্দরবানে। আরিয়ান ফ্যাশন-সি-৩/১, করবী নিচতলা, পিডিবি অফিসার্স কলোনি, জামালখান চট্টগ্রাম। চট্টগ্রামের চাদগাঁ আবাসিক এলাকায় আছে ডলস হাউস।