নগরে প্রবাল চৌধুরীর নামে সড়ক
নগরের রহমতগঞ্জের বাংলা কলেজসংলগ্ন চৌরাস্তার মোড়ে জ্বলজ্বল করছে রঙিন ছবিটি। পাথরের ফলকে খচিত এ ছবি দেখতে নানা বয়সী অনেকেই আসছেন। তাঁরা নতুন করে দেখেন ছবির মানুষটিকে আর বলেন—‘এ তো আমাদের প্রবাল!’ হ্যাঁ, এই এলাকায়ই জন্মেছিলেন ‘বাংলার হেমন্ত’ খ্যাত, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী প্রবাল চৌধুরী। প্রখ্যাত এ শিল্পীর স্মৃতি ধরে রাখতে সিটি করপোরেশন জামাল খান ওয়ার্ডের দেওয়ানজী পুকুরপাড়ের সড়কটির নাম রেখেছে ‘শিল্পী প্রবাল চৌধুরী সড়ক’। ২৫ নভেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো শিল্পী প্রবাল চৌধুরী সড়ক ও স্মৃতিফলক। জামাল খান কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম।তিনি বলেন, ‘এ সড়কের নতুন নামকরণের মধ্য দিয়ে নতুন প্রজন্ম প্রবাল চৌধুরী সম্পর্কে জানতে আগ্রহী হবে। পর্যায়ক্রমে দেশের জন্য যে সব বীর আত্মদান করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে।’শিল্পী মৃণাল ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদ, শহীদজায়া বেগম মুশতারী শফী, মানবাধিকার নেতা রানা দাশগুপ্ত, শিল্পী কল্যাণী ঘোষ, ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, রেহানা বেগম, প্রবাল চৌধুরীর বড় ভাই প্রকৌশলী অসিত চৌধুরী প্রমুখ। প্রবাল চৌধুরীর নামে সড়কের উদ্বোধন হচ্ছে জেনে বিকেল থেকেই একে একে জড়ো হতে থাকেন নগরের অনেক সৃজন ও মননশীল মানুষ। এর মধ্যে ছিলেন শিল্পী সুজিত রায়, বাণী কুমার চৌধুরী, নাজমুল আবেদিন চৌধুরী, আবদুর রশিদ খান, মানস পাল চৌধুরী, অশোক সেনগুপ্ত, গীতিকার এস এম খুরশীদ, নূর নবী রাজু, মাহবুবুল আলম, জি কে দত্ত, কবি কামরুল হাসান প্রমুখ।