নগরে ফ্যাশনসন্ধ্যা

আলোঝলমলে মঞ্চে মডেলদের ক্যাটওয়াক। র্যা ম্পে দ্যুতি ছড়াল রংবাহারি পোশাক। প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধনে নজরকাড়া নকশা আর বুনন।
থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন, চট্টগ্রামে (টিআইসি) বিনোদন ও ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্টারলিটের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি আয়োজন করা হয় আট ডিজাইনারের পোশাক নিয়ে ফ্যাশন শো।

কখনো ঐতিহ্যের মসলিন, কখনো পাশ্চাত্যের গাউন কিংবা শেরওয়ানি, পাঞ্জাবি। প্রতিটি পোশাকে ছিল জমকালো ভাব। ছিল আধুনিকতার ছোঁয়া।
কিউ শুরু হয় বাঙালি নারীর চিরন্তন পোশাক শাড়ি দিয়ে। মসলিনের শাড়ির ওপর এমব্রয়ডারির কাজ। মসলিন যেন নতুন রূপে ধরা দিল।
একে একে চলে সালোয়ার–কামিজ, গাউন, পাঞ্জাবি, টি-শার্টসহ আটটি কিউ। মডেলদের ক্যাটওয়াকে উপভোগ্য ছিল প্রতিটি কিউ।
অংশ নেওয়া ফ্যাশন ডিজাইনাররা হলেন নুজহাত নুরী, তাসলিমা জামান খান, মো. মিজান, রাহনুমা মরিয়ম, অ্যাশ আহমেদ, সায়ান্ত আহমেদ, ফয়সাল রহমান ও সোহাইল জুরকা। ফ্যাশন শোর কোরিওগ্রাফার ছিলেন নুসরাত সায়মা।