নগরে বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা
বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্প্রতি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় চট্টগ্রামের ২০টি পোশাক কারখানার ২৫ জন কর্মকর্তা অংশ নেন। নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ এবং দাতা সংস্থা জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশনের যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিকেএমইএর চট্টগ্রামবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শওকত ওসমান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে হলে কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। ডাইং কারখানার বর্জ্য যাতে পরিবেশের ক্ষতি না করে সে জন্য পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে অনুসরণ করতে হবে ২০১৫ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রণীত নীতিমালা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশনের প্রশিক্ষক মো. আব্বাস উদ্দিন ও মো. তারেক রাসেল, বিকেএমইএর জ্যেষ্ঠ যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।