নগরে বসন্ত
শাহবাগের তরুণ প্রজন্মের সঙ্গে একাত্ম হয়ে বসন্ত বরণের আয়োজনে এবার খানিকটা পরিবর্তন হয়েছে। তবু যারা ফাগুনের প্রথম দিনে ঘুরতে বের হবেন, তাদের জন্য বসন্ত বরণের কয়েকটি স্থানের খোঁজখবর দেওয়া হলো—সকাল থেকে সন্ধ্যা অবধি ফাল্গুনের প্রথম দিনটিকে উদ্যাপন করতে আছে নানা আয়োজন। তবে এত সব আয়োজনের মাঝে বেছে নিতে হবে আপনার পছন্দের আয়োজন ও স্থান। প্রিয়জন অথবা সঙ্গীকে নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন নগরের যেকোনো উৎসব থেকে। প্রকৃতির বসন্ত আর নগরের আয়োজন মিলে ফাগুন ধরা দেবে আপনার কাছে। জাতীয় বসন্ত উদ্যাপন পরিষদের আয়োজনে নগরের সবচেয়ে বড় বসন্ত উৎসবটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণের বকুলতলায়। এখানে নাচ-গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে থাকবে বসন্তবিষয়ক আলাপন। ওয়াইজঘাটের বুলবুল ললিতকলা একাডেমিতেও থাকবে বসন্তবরণ উৎসব। আয়োজনের ক্ষেত্রে পুরান ঢাকাও পিছিয়ে থাকবে না। এখানকার বাহাদুর শাহ পার্কে বসছে বসন্তের প্রথম দিনকে বরণ করে নেওয়ার আয়োজন। জহির রায়হান মিলনায়তনে প্রথমবারের মতো বসন্ত উৎসব আয়োজন করা হচ্ছে। নগরের উত্তরায় আজমপুরে থাকছে বসন্ত উৎসবের ছোঁয়া। সাংহাম বটতলায় বসবে এ আয়োজন। আর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানেই থাকবে ফাল্গুনের প্রথম দিনকে বরণ করার আয়োজন। নতুন প্রকৃতি আর পাখিদের কলকাকলিতেই ধরা দিক নতুনের আবাহন। উৎসবগুলো হোক তারই মাধ্যম।