নগরে বসন্তের রং
‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।’ কিন্তু এই বসন্তে ফুল ফুটেছে; পলাশ, শিমুলে ছেঁয়ে গেছে চারপাশ। কোকিলের মধুর ধ্বনি যেন স্বাগত জানাচ্ছে বসন্তকে। আর এই আনন্দের বহিপ্রকাশই যেন হয়েছিল ১৩ ফেব্রুয়ারি নগরের ডিসি হিল প্রাঙ্গণে। বসন্ত উত্সবের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম। সকাল আটটায় আবৃত্তির মাধ্যমে শুরু হয় দিনব্যাপী উত্সব। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী রণজিত্ রক্ষিত।‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে বোধন আবৃত্তি পরিষদ পঞ্চমবারের মতো বসন্ত উত্সবের আয়োজন করে। সকাল থেকেই পুরো ডিসি হিলে যেন লাগে বসন্তের ছোঁয়া। বাসন্তী লাল শাড়ি, খোঁপায় গাঁদা ফুল গুঁজে তরুণীরা মেতে ছিলেন পুরো উত্সবে। কম যায়নি শিশুরাও। তারাও ফুলের গয়না ও শাড়ি পরে বসন্তের বরণডালা সাজিয়ে বসে। নাচ, গান, আবৃত্তি, ঢোল, বাঁশি, সেতারবাদন ইত্যাদি যেন উত্সবে নতুন প্রাণ যুক্ত করে। হরেক রকম পিঠা এবং মজাদার খাবারের স্টল দেখা যায় সেখানে। সবাই বিশেষ করে শিশুরা মজা করে পিঠা খাচ্ছে আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে সবুজ চত্বরে শুরু হয় চিত্রাঙ্কন। শিল্পী মনসুর-উল-করিম, হাসি চক্রবর্তী, নাসিমা আক্তারের মতো প্রখ্যাত চিত্রশিল্পীরা তাঁদের রংতুলিতে ফুটিয়ে তোলেন বসন্তকে। তবে উত্সবের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঢোল-বাঁশিবাদন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা। বাঙালির প্রাণে মিশে আছে ঢোলের বোল—তা আবারও প্রমাণিত হলো সেদিন, ঢোলের সঙ্গে সঙ্গে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে মাত করে দেয় পুরো ডিসি হিল চত্বরকে। প্রথমার্ধের অনুষ্ঠান শেষে বিকেল চারটায় শুরু হয় বর্ণিল শোভাযাত্রা। নানা রঙের মুখোশ ও ফেস্টুন নিয়ে ছোট বড় সবাই নেচে গেয়ে এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটা চেরাগি পাহাড়, জামালখান হয়ে ডিসি হিলে ফিরে আসে। ‘মঞ্জরি ও মঞ্জরি আমের মঞ্জরি’, ‘আহা আজি এই বসন্তে’ প্রভৃতি বসন্তের গানের সঙ্গে এবার যুক্ত হয় আঞ্চলিক ও পুরোনো দিনের কিছু জনপ্রিয় গান। ক্লোজআপ ওয়ান শিল্পী তাসনিমা অরিনের ‘পানজাবিওয়ালা’ গানে তরুণ-তরুণীদের উল্লাস ছিল বেশি। এ ছাড়া গান করেন শিল্পী কল্পনা লালা, শিমু বিশ্বাস, গায়ত্রী চৌধুরী, রিষু তালুকদার, অনিরুদ্ধ সেনগুপ্ত, অপু বর্মণ, মৃণাল ভট্টাচার্য, কাবেরী সেনগুপ্তা প্রমুখ। মিলি চৌধুরীর প্রেম ও বিরহের আবৃত্তি উপস্থিত সবাইকে বেশ আনন্দ দিয়েছে। পরের দিন ছিল ভালোবাসা দিবস। তাই সফল প্রেমিক-প্রেমিকার উদ্দেশে মিলি চৌধুরীর আবৃত্তি ছিল খুব মনোমুগ্ধকর। নাচে ছিল বসন্তের ছোঁয়া। আলাউদ্দিন ললিতকলা, ওডিসি অ্যান্ড ট্যাগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার, কিডস কালচারাল ইনস্টিটিউট, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি ছাড়াও নগরের বড় নাচের দলগুলো নৃত্য দিয়ে বরণ করে বসন্তকে। দলীয় সংগীত পরিবেশন করেন সংগীত ভবন, সোনারতরী ও উদীচী শিল্পীগোষ্ঠী। শিল্পী মিহির কানুনগোর সেতারবাদন সত্যিকার অর্থে উত্সবে নতুন মাত্রা যোগ করে। একক আবৃত্তি করেন রাশেদ হাসান, ইন্দিরা চৌধুরী, সোহেল আনোয়ার, ফারুক তাহের, শারমিন মৃত্তিকা ও মৃন্ময় বিশ্বাস। শিশুদের পরিবেশনা ‘হাসির সুতোয় বোনা’ দর্শকের হাসিয়ে ছেড়েছে। এ ছাড়াও বৃন্দ পরিবেশনা করেন প্রমা ও শব্দায়ন। আঞ্চলিক গানের দুই গীতিকার আবদুল গফুর হালী ও সৈয়দ মহিউদ্দীনকে পদক দেওয়া হয় অনুষ্ঠানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উত্সবে প্রচুর দর্শকসমাগম ঘটে। বসন্তের মাতাল সমীরণে মেতে ওঠে নগরের ডিসি হিল প্রাঙ্গণের উপস্থিত সবাই। দিনব্যাপী বসন্ত উত্সবের শেষ হয় সমবেত সংগীতের মধ্য দিয়ে।