নগরে বসবে আটটি পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র কোরবানির ঈদে চট্টগ্রাম নগরে এবারও পশুর হাট বাড়ছে না। অন্যান্যবারের মতো চলতি বছরও নগরের বিভিন্ন এলাকায় আটটি হাট বসবে। এর মধ্যে দুটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী। অস্থায়ী হাটগুলো ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। চাঁদ দেখা সাপেক্ষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে কোরবানির ঈদ হওয়ার কথা রয়েছে।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগরের সড়কের ওপর ও রেললাইনের পাশে কোনো পশুর হাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অননুমোদিত ও অবৈধভাবে যাতে নগরে কোনো হাট বসতে না পারে, সে জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, নগরের সাগরিকা ও বিবিরহাটে স্থায়ী পশুর হাট বসে। গত এপ্রিলে এই দুটি হাট ইজারা দেওয়া হয়েছে। এখন অস্থায়ী হাটগুলো ইজারা দেওয়া হবে। এই হাটগুলো হচ্ছে নগরের বাকলিয়ার নূর নগর হাউজিং এলাকার কর্ণফুলী পশু বাজার, সল্টগোলা রেলক্রসিং সংলগ্ন এলাকা, স্টিলমিল পশুর বাজার, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠ, পোস্তারপাড় স্কুল মাঠের ছাগলের বাজার ও কমল মহাজন হাট।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, কোরবানির ঈদ উপলক্ষে এবার কোনো হাট বাড়ছে না। নতুন হাট বসানোর বিষয়টি জেলা প্রশাসনের ওপর নির্ভর করে। সিটি করপোরেশনের পক্ষ থেকে হাট বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, এবারও ছয়টি অস্থায়ী হাটে ইজারা দেওয়া হবে। এসব হাট ইজারা দেওয়ার জন্য জেলা প্রশাসনের অনুমোদন নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, চাঁদ দেখা সাপেক্ষে অস্থায়ী পশুর হাটগুলোর কার্যক্রম শুরু হবে। কোরবানির ঈদের আগের ১০ দিন হাটে পশু বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা। আগস্ট মাসের মধ্যেই পশুর হাটের ইজারা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া নগরে কোনো হাট বসতে দেওয়া হবে না। অননুমোদিত হাট বসলে তা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।