নগরে বাড়ছে আবাসনসংকট
নগরে প্রতিবছর আবাসনসংকট বাড়ছে। কিন্তু সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানেই নগরের আবাসনসংশ্লিষ্ট হালনাগাদ পরিসংখ্যান নেই। সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্সে আদায়ের যে হিসাব পাওয়া যায়, তাও ১০ বছরের পুরোনো। বিশেষজ্ঞদের অভিমত, আবাসনসমস্যা নিরসনের জন্য দরকার ডিজিটাল জরিপ। সিটি করপোরেশনের হিসাবে নগরের আয়তন ৬০ বর্গকিলোমিটার। আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নিয়ন্ত্রণাধীন এলাকা ১২০ বর্গকিলোমিটার। আয়তন নিয়ে নগরবাসীর মাথাব্যথা না থাকলেও শহরে একখণ্ড জমি কিংবা বসবাসের উপযোগী একটি ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য সামর্থ্যবান লোকজন যে নিরন্তর চেষ্টা চালাচ্ছেন, তা সহজে অনুমেয়।সূত্রমতে, বেসরকারি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানগুলো (ডেভেলপার) নগরবাসীর আবাসনচাহিদার সর্বোচ্চ ২০ শতাংশ মেটাতে পারছে। একটি ফ্ল্যাটে চারজন করে বাস করলে নগরের বসবাসযোগ্য মানুষের জন্য দরকার হয় ১০ লাখ ফ্ল্যাটের। কিন্তু নগরের ডেভেলপার প্রতিষ্ঠানগুলো বছরে সর্বোচ্চ ৫০০ অ্যাপার্টমেন্ট তৈরি করছে। ফলে ব্যাপক চাহিদা মেটানো যাচ্ছে না। এ কারণে তৈরি ফ্ল্যাটের দাম দিন দিন বাড়ছে বলে জানা যায়।সূত্র জানায়, অ্যাপার্টমেন্ট ব্যবসা শুরুর কারণে নগরে জমির দাম বাড়ছে হু হু করে। এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে অবদান রাখছে, তা শতাংশের হিসাবে খুবই নগণ্য। ফলে নগরে একটি ফ্ল্যাট কিংবা একখণ্ড জমি এখন যেন সোনার হরিণ।সূত্রমতে, নগরের লোকসংখ্যা ৫০ লাখ ধরা হয়। এর মধ্যে কত লোক নিজের বাড়িতে আর কতজন ভাড়াবাসা কিংবা বস্তিতে থাকে, তার সঠিক পরিসংখ্যান সরকারি-বেসরকারি কোনো সংস্থার দপ্তরে পাওয়া যায়নি। সিটি করপোরেশনের হিসাবে দেখা যায়, তারা প্রায় দেড় লাখ বাড়িঘর থেকে গৃহকর (হোল্ডিং ট্যাক্স) আদায় করছে। এই হিসাবও প্রায় ১০ বছর আগের। চউকের প্রধান পরিকল্পনাবিদ শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নগরের কত লোকের বাড়িঘরের প্রয়োজন আছে, তার কোনো সঠিক পরিসংখ্যান আমাদের হাতে নেই। ডিজিটাল জরিপের মাধ্যমে বিষয়টি নির্ণয়ের পরিকল্পনা আছে।’আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের মালিকদের সমিতি রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এ এস এম আবু সুফিয়ান বলেন, ‘আমরা (ডেভেলপার) নগরবাসীর আবাসনচাহিদার ২০ শতাংশের মতো মেটাতে পারি। এ কারণে নগরে বাসাবাড়ির চাহিদা দিন দিন তীব্র হচ্ছে।’ আবু সুফিয়ান বলেন, ‘ইচ্ছা থাকলেও আমরা আরও ব্যাপকভাবে অবাসনচাহিদা পূরণে এগিয়ে আসতে পারি না। এ ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। বর্তমানে জমি ও নির্মাণসামগ্রীর দাম মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। পাশাপাশি বেড়েছে ব্যাংকঋণের সুদের হার। তদুপরি বিদ্যুৎ, গ্যাস প্রভৃতি সেবাদানকারী সংস্থার কাছ থেকে সময়মতো সেবা পেতেও দেরি হয়। সরকারের সার্বিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এ কাজে বেশি দূর এগোনো সম্ভব নয়।’