নগরে বাড়ছে মেয়াদোত্তীর্ণ গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে পুরোনো, জরাজীর্ণ, ত্রুটিপূর্ণ ইঞ্জিনযুক্ত মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা বাড়ছে দিন দিন। এতে পরিবেশদূষণ, সৌন্দর্যহানি, যানজট ও নিয়মিত দুর্ঘটনা ঘটছে। বিআরটিএ সূত্রে জানা যায়, একটি বাস-মিনিবাস ২০ বছর, একটি ট্রাক ২৫ বছর, সিএনজি অটোরিকশা নয় বছর এবং মোটরসাইকেল ১০ বছর চলতে পারে। কার ও মাইক্রোবাসের ক্ষেত্রে এ ধরনের কোনো নির্দেশনা নেই। এরপর সেই গাড়ি মেয়াদোত্তীর্ণ হয়ে পরিবেশ ও নগরের জন্য ক্ষতিকর হয়ে যায়। মেয়াদোত্তীর্ণ যান চলাচলের ক্ষেত্রে ঢাকায় কড়াকড়ি থাকলেও চট্টগ্রামে শিথিল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ট্রফিক পুলিশ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। ফলে নগরের ভেতরে মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছেই। পুলিশ সূত্র জানায়, গাড়ি যত পুরোনোই হোক তা চলার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। মাঝেমধ্যে গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা এবং ত্রুটি থাকলে মামলা দেওয়া হয়। কিন্তু পুরোনো গাড়ি শনাক্ত করার কোনো নিয়মিত কর্মসূচি নেই। বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলম জানান, গাড়ি ২০-২৫ বছরের পুরোনো হয়ে গেলে মেয়াদোত্তীর্ণ হবে—এ ধরনের কোনো বাধা চট্টগ্রামে নেই। ফিটনেস সার্টিফিকেট থাকলে যেকোনো গাড়ি চলতে পারবে।’ তিনি আরও বলেন ‘একটি গাড়ির ফিটনেস চেক করা হয় বছরে একবার, এক বছর অনেক দীর্ঘ সময়। এক বছরে একটি গাড়ির অনেক সমস্যা হতে পারে। এ সময় কমিয়ে ছয় মাসে আনা উচিত।’গত শুক্রবার সন্ধ্যায় নিউমার্কেটের নূপুর মার্কেটের সামনে একটি পুরোনো ট্রাক চলার সময় হঠাৎ বন্ধ হয়ে যায়। ট্রাকচালকের সহযোগী হাঁকডাক করে কয়েকজন লোক জোগাড় করে ট্রাক ঠেলতে শুরু করেন। আনুমানিক ১০-১৫ মিনিট ঠেলার পর চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে দিয়ে অবশেষে ট্রাকটি চালু হয় কিন্তু ততক্ষণে ট্রাকের পেছনে লেগে গেছে দীর্ঘ যানজট। ট্রাকচালকের সহযোগী জানায়, ট্রাক কত বছরের পুরোনো তা তিনি জানেন না। তবে ট্রাকটি অনেক পুরোনো। ট্রাকের ব্যাটারির সার্কিট নষ্ট হয়ে গেছে। তাই ট্রাক ঠেলে স্টার্ট দিতে হয়। পুরোনো ও মেয়াদোত্তীর্ণ গাড়িতে এ রকম সমস্যা প্রায়ই দেখা যায়। লালদীঘি-কর্নেলহাট রুটের ৭ নম্বর বাসের যাত্রী আবুল হাসনাত, মাসুম আহমেদ সহ আরও কয়েকজন অভিযোগ করেন, কিছু বাস এতই পুরোনো যে গাড়ির ইঞ্জিনের কাঁপুনির সঙ্গে পুরো গাড়িই কাঁপতে থাকে, গাড়ি বিপজ্জনকভাবে এক পাশে হেলে থাকে, প্রচুর কালো ধোঁয়া বের হয়, খাড়া ঢাল বেয়ে উঠতে পারে না, অনেক সময় গাড়ি ঠেলে ঢাল বেয়ে তুলতে হয়। বিশেষ করে টেম্পোগুলোতে উঠলে গাদাগাদি করে বসাতে শব্দ ও গাড়ির কাঁপুনিতে ভেতরে নরকের মতো পরিবেশের সৃষ্টি হয়।বিআরটিএর তথ্যমতে, চট্টগ্রাম ও বান্দরবানে নগর ও জেলা মিলে পিক-আপ ও ট্রাক আছে নয় হাজার ৪০৮টি। এর মধ্যে সাত হাজার ৯৪২টি গাড়ির ফিটনেস নেই। বাস, মিনিবাস, মাইক্রোবাস আছে ১১ হাজার ২৯৩টি। ফিটনেস নেই ছয় হাজার ৪৫৫টি বাসের। হিউম্যান হলার আছে এক হাজার ২১৪টি, ফিটনেস নেই ৮১৬টির। কার-জিপ আছে ২১ হাজার ৩৬৫টি, ফিটনেস নেই চার হাজার ৮৮৮টি গাড়ির। অটোরিকশা আছে ২৬ হাজার, ফিটনেস নেই এক হাজার ৮৪৩টি গাড়ির। শুধু নগরের ভেতর কত গাড়ি চলে, এর মধ্যে কত গাড়ির ফিটনেস আছে, কত গাড়ির ফিটনেস নেই বিআরটিএ বা পুলিশ প্রশাসনের কাছে এর সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।চট্টলা পরিবহনের সাধারণ সম্পাদক গোলাম রাসুল বাবুল জানান, চট্টগ্রামে কিছু গাড়ি আছে পাকিস্তান-আমলের। এ ছাড়া ঢাকায় নিষিদ্ধ কিছু মিনিবাস চট্টগ্রামে চলে এসেছে। নগরে যেসব বাস-মিনিবাস চলে এর মধ্যে প্রায় ৪০ শতাংশ গাড়ি মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে ২, ৫, ৬, ৭, ৮ নম্বর রুটের বাসগুলোতে পুরোনো বাসের সংখ্যা বেশি। এ ছাড়া ৩ ও ৪ নম্বর রুটের গাড়িগুলো নিম্নমানের হওয়ায় সেগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই পুরোনো হয়ে যাচ্ছে। নতুন এবং পুরোনো বাসে বিনিয়োগ করলে একই রকম আয় পাওয়া যায়, তাই উদ্যোক্তারা নতুন বাসের চেয়ে পুরোনো বাসে বিনিয়োগ করতে বেশি আগ্রহী।কয়েকজন বাসমালিক অভিযোগ করলেন, ‘অল্প পুঁজি বিনিয়োগ করে লাভের আশায় কিস্তিতে ভারত থেকে আমদানি করা নিম্নমানের বাস কিনেছিলেন। কিন্তু কিছুদিন চলার পর বাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তিন বছরের পুরোনো একটি বাস দেখলে মনে হবে বাসটি ২০ বছরের পুরোনো। এতে যাত্রীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং আমরাও লাভ থেকে বঞ্চিত হচ্ছি।’পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ (সিনিয়র কেমিস্ট) জমির উদ্দিন জানালেন, একটি গাড়ি থেকে নির্গত ক্ষতিকর উপাদানের মাত্রা হওয়া উচিত কার্বন মনো-অক্সাইড গ্রাম/কিমি ২৪/০৪, হাইড্রোকার্বন গ্রাম/কিমি ০২/১৮০, নাইট্রোজেন অক্সাইড গ্রাম/কিমি ০২/৬০০। কিন্তু একটি মেয়াদোত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ ইঞ্জিনের একটি গাড়িতে উপদানগুলো থাকে নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি। এতে মানুষের ফুসফুসের ক্ষতি, শ্বাসকষ্ট, অ্যাজমা, ব্রংকাইটিসসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে। উপপুলিশ কমিশনার (যানবাহন) ফারুক আহমেদ বলেন, ‘আমাদের মতো গরিব দেশে পুরোনো গাড়ি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত সহজে নেওয়া যায় না। মেয়াদোত্তীর্ণ গাড়ি চলার কারণে পরিবেশদূষণ হচ্ছে— এটা ঠিক কিন্তু কোনো না কোনো বিষয়ে কমেপ্রামাইজ করতে হবে। পুরানো বা ফিটনেসবিহীন গাড়ি চলার কারণে কোনো দুর্ঘটনা হয় না, দুর্ঘটনা হয় অদক্ষ ড্রাইভারদের কারণে। অনেক সময় দেখা যায়, গাড়ির বডি ভাঙাচোরা, গাড়ি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে তবুও দেখা যায় সেই গাড়ির ফিটনেস ঠিক আছে! এই ফিটনেস কোথা থেকে পাওয়া যায় সেটা রহস্য।’বন্দর ট্রাকমালিক সমিতির আহ্বায়ক সুলতান আহমদ জানান, নগরে এখন যেসব গাড়ি চলছে বেশির ভাগই ৭০ ও ৭৫ মডেলের গাড়ি। গাড়িগুলো রিকন্ডিশন করে চালানো হচ্ছে। একটি ট্রাক দেখে মনে হতে পারে সেটি অনেক পুরোনো কিন্তু কাগজপত্র দেখলে মনে হবে সেটি একটি নতুন গাড়ি। এভাবে নতুন আর পুরোনো ভাগ করা যায় না। তিনি আরও জানান, নগরের প্রায় ৪০-৫০ শতাংশ ট্রাক মেয়াদোত্তীর্ণ। এসব ট্রাক নিষিদ্ধ করে নতুন গাড়ি কিনে পণ্য পরিবহন করলে পরিবহন খরচ বাড়বে। ফলে পণ্যের দামও বাড়বে।