জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায় নগরে আরও এক হাজার বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরজুড়ে পাহারা অব্যাহত থাকবে বলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। ১২ জানুয়ারি ভোর থেকে নগরে পুলিশের পাহারা ও তল্লাশি অভিযান জোরদার করা হয়। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১১ জানুয়ারি গোলাম আযমকে হাজির করা হয়। ওই দিন ট্রাইব্যুনালের বিচারক তাঁকে কারাগারেপাঠানোর আদেশ দেন। এর প্রতিবাদেজামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নগরের মুরাদপুর এবং হালিশহর এলাকায় মিছিল বের করেন। হালিশহরের মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে আহত হন এক পুলিশ কর্মকর্তা। এর পরই নগর পুলিশ প্রশাসন নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। পুলিশ কর্মকর্তারা জানান, জামায়াতের সাবেক আমির গোলাম আযম এবং সংগঠনের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত-শিবির নগরে নাশকতার পরিকল্পনা করছে। বিশেষ করে পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা চালানোর পরিকল্পনা আছে। পুলিশ সূত্র জানায়, যেকোনো ঝটিকা মিছিলের আগে নগরের দুটি সরকারি কলেজের ছাত্রাবাস এবং শতাধিক মেসে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের জড়ো করা হয়। এরপর নগরের ‘নিরাপদ’ জায়গা থেকে তাঁরা সরকারবিরোধী ঝটিকা মিছিল বের করেন। মিছিল করার সময় কোনো পুলিশ সদস্যকে একা পেলে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।হালিশহরে পুলিশের ওপর হামলার কারণে গত বৃহস্পতিবার চট্টগ্রাম ও মুহসীন কলেজের পাঁচটি ছাত্রাবাসে পুলিশ অভিযান চালায়। পাশপাশি নগরের কয়েকটি মেসেও অভিযান চালানো হয়। তবে অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে শিবিরের বহিরাগত নেতা-কর্মীরা ছাত্রাবাস থেকে গা ঢাকা দেন। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নগরে পুলিশের ওপর বারবার হামলার ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। তাই জানমালের নিরাপত্তা এবং পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা ঠেকানোর জন্য ১২ জানুয়ারি থেকে নগরে বাড়তি এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত পুলিশের সঙ্গে তারা দায়িত্বে নিয়োজিত থাকবে।’প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে নগরের মুরাদপুর ও ডবলমুরিং এলাকায় এবং এর আগে জামালখান ও আন্দরকিল্লায় ঝটিকা মিছিল থেকে শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এসব হামলার পরিপ্রেক্ষিতে নগরের জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে পুলিশ প্রশাসন। নগর জামায়াতের আমির ও সাংসদ শামসুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘জামায়াতে ইসলামী বা ছাত্রশিবির নাশকতার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা গণতান্ত্রিক সুশৃঙ্খল দল। আমরা কেন পুলিশের ওপর হামলা চালাব বা মারামারি করব? বরং পুলিশ আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমাদের কর্মকাণ্ডে বাধা দিয়ে আসছে।’ নগরে এক হাজার পুলিশ মোতায়েন প্রসঙ্গে সাংসদ শামসুল ইসলাম বলেন, পুলিশ তো পুলিশের কাজ করবে। নগরে কেন পুলিশ মোতায়েন করা হয়েছে, সেটা পুলিশের ব্যাপার। এসব নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কিছু নেতা-কর্মীকে চিহ্নিত করা হয়েছে। অনেকে গ্রেপ্তারও হয়েছে।’