নগরে বায়ো ইনফরমেটিক্স ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ং বায়ো টেকনোলজিস্ট অব বাংলাদেশের (ইয়ংবিবি) উদ্যোগে দুই দিনব্যাপী বায়ো ইনফরমেটিক্সবিষয়ক কর্মশালা গত শুক্রবার চট্টগ্রামে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য শ্যামল কান্তি আচার্য।কর্মশালায় তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীববিজ্ঞানী এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিবিদদের যৌথ গবেষণায় বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে। এ জন্য তরুণ গবেষক ও শিক্ষার্থীদের বায়ো ইনফরমেটিক্সের মৌলিক ও প্রায়োগিক বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন করতে হবে। এ ধরনের কর্মশালা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের সভাপতি জয়নাব বেগম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক মো. আল ফোরকান, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোনায়েদ সিদ্দিকী, মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক হোমা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ংবিবির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মুশতাক ইবনে আয়ূব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদনান মান্নান, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের সাধারণ সম্পাদক কল্যাণ নাথ। কর্মশালায় চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।