ভ্রমণপিপাসুদের কাছে বড় আকর্ষণ পাহাড় আর সমুদ্র। একজায়গায় দাঁড়িয়ে প্রকৃতির এ অনাবিল সৌন্দর্য উপভোগ করা যায় সীতাকুণ্ডের ইকোপার্কে।সীতাকুণ্ড পৌরসদর থেকে দুই কিলোমিটার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে গেলেই পড়বে ফকিরহাট। এখানে মহাসড়কের পাশে ইকোপার্কের দৃষ্টিনন্দন ফটক আর সাইনবোর্ড আপনাকে স্বাগত জানাবে। প্রধান সড়ক থেকে পূর্বদিকে এক কিলোমিটার রাস্তা পেরোলেই পাওয়া যাবে ইকোপার্কের প্রবেশপথ। এখানে একটু থামতে হবে। টিকিট কাটতে হবে জনপ্রতি ১০ টাকা করে। শিক্ষার্থীদের জন্য প্রবেশমূল্য তিন টাকা, এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনপত্র সঙ্গে আনতে হবে।গাড়িসহ পার্কের ভেতরে যেতে চাইলে আলাদা টিকিট কাটতে হবে। বাস-মিনিবাস ২০০ টাকা, কার-মাইক্রোবাস ৫০ টাকা, সিএনজি অটোরিকশা ৩০ টাকা দিতে হবে। পার্কের ভেতর ঘুরতে চাইলে গাড়ি নিয়ে যাওয়াই ভালো। কারণ পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা কষ্টকর।প্রবেশপথ পেরোলেই পাথরের ফলকে উৎকীর্ণ আছে ইকোপার্কের মানচিত্র। সুদৃশ্য ল্যান্ডস্কেপ থেকে দর্শনীয় স্থানগুলো বাছাই করে নিতে পারেন। বিস্তারিত জানতে বোটানিক্যাল গার্ডেনের কার্যালয়ে স্থাপিত গ্রন্থাগার থেকেও জেনে নিতে পারেন কিছু তথ্য। কার্যালয়ের পাশেই রয়েছে অর্কিড গার্ডেন ও গোলাপবাগান। ভ্রমণের শুরুতে কিংবা ফেরার পথে তা দেখে নিতে পারেন। এরপর পাহাড় বেয়ে কিছুদূর উঠলেই দেখা যাবে সুপ্তধারা জলপ্রপাত। ঝরনার স্নিগ্ধতা পেতে হলে সিঁড়ি ধরে নেমে যান পাহাড়ের পাদদেশে। শত ফুট ওপর থেকে অবিরাম গড়িয়ে পড়া ঝরনাতে শরীরটা একটু ভিজিয়ে নেওয়ার আনন্দই আলাদা। সহস্রধারা জলপ্রপাত নামে আরেকটি ঝরনা আছে ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের শেষ সীমানায়। তিন শ ফুট সিঁড়ি ভেঙে, কিছু পাহাড়ি পথ বেয়ে চলে যাওয়া যায় ঝরনার পাদদেশে। ঝরনার পানির স্নিগ্ধ পরশ পাওয়ার লোভ কার না আছে? লোভ সামলাতে পারেননি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামও। এ ঝরনার পরশ নিতে ১৯২৬ ও ১৯২৯ সালে ছুটে এসেছিলেন তিনি। রচনা করেছেন তাঁর বিখ্যাত গান ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ। ঐ পাহাড়ের ঝর্ণায় আমি উধাও হয়ে রইগো।’ পাহাড়ের গায়ে প্রস্তর ফলকে উৎকীর্ণ আছে সেই পঙিক্তমালা। ইকোপার্কের কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে পেছনে ফিরলেই দেখা যাবে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগরের সৌন্দর্য। সন্দ্বীপ চ্যানেলে শুভ্র জলরাশির ঝিলিকের সঙ্গে কুমিরা থেকে ফৌজদারহাট পর্যন্ত সমুদ্র উপকূলে নোঙর করা পুরাতন জাহাজের সারিও দেখা যাবে এ পাহাড় থেকে। এ জাহাজগুলো কেটে লোহালক্কড় হিসেবে বিক্রির জন্য আনা হয়েছে। ঘুরে দাঁড়ালে সামনে দেখা যাবে সবুজের চাদরে ঢাকা সারি সারি পাহাড়। পাহাড় আর সমুদ্রের এ অনাবিল সৌন্দর্যের মুগ্ধতা সহজে ভোলা যায় না। যা কিছু সুন্দর: প্রায় দুহাজার একর পাহাড়ি এলাকাজুড়ে বিস্তীর্ণ পার্কটি দুই অংশে বিভক্ত। এক হাজার একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন এবং বাকি এক হাজারে রয়েছে ইকোপার্ক। তিনটি পিকনিক স্পট, আটটি বিশ্রাম ছাউনিসহ ইকোপার্কে রয়েছে মেছোবাঘ, ভালুক, মায়াহরিণ, বানর, হনুমান, শূকর, বনরুই, সজারু, বনমোরগ প্রভৃতি পশু। রয়েছে দাঁড়াশ, গোখরা, লাউডগা, কালন্তিসহ নানান জাতের বিষাক্ত সাপ। ৩৫ জাতের গোলাপসহ ফুল রয়েছে ১৫০ জাতের। এ ছাড়া কাঠ, ফল ও ঔষধি বৃক্ষ আর লতা-গুল্ম মিলে আছে ১৪৫ প্রজাতির গাছগাছালি। আছে অত্যাধুনিক গ্রিন হাউস এবং বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন ১০০টি অর্কিড। চন্দ্রনাথ মন্দির: পার্কের প্রদর্শনী মানচিত্র থেকে ধারণা নিয়ে গাড়িতে অথবা পায়ে হেঁটে অনায়াসে পৌঁছে যাওয়া যায় পাঁচ কিলোমিটার দূরের চন্দ্রনাথ শিবমন্দিরে। তবে আপনাকে ২৫২টি সিঁড়ি বেয়ে তবেই মন্দিরের চূড়ায় উঠতে হবে। নিরাপত্তাজনিতকারণে মন্দিরে একসঙ্গে দলবেঁধে যাওয়াই ভালো। যেভাবে যাবেন: চট্টগ্রাম শহর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে ৩৭ কিলোমিটার উত্তরে গেলে পাওয়া যাবে ইকোপার্কের ফটক। সীতাকুণ্ড সদর থেকে পার্ক গেট পর্যন্ত রিকশা কিংবা সিএনজি অটোরিকশায় ভাড়া সর্বোচ্চ ৪০ টাকা। সিএনজি অটোরিকশা নিয়ে পাহাড়ের ওপরেও যাওয়া যায়, তবে সে ক্ষেত্রে ভাড়া একটু বেশিই হবে দর-দাম করে নিলেই ভালো হয়। আর নিজস্ব গাড়ি থাকলে তো কথা নেই। কর্তৃপক্ষের বক্তব্য: ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনের রেঞ্জার পরিমল দাশ জানান, পর্যটকদের সুবিধার জন্য আটটি শৌচাগার, চারটি পিকনিক স্পট ও আটটি বিশ্রাম ছাউনি রয়েছে। পর্যটন মৌসুমে থাকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। তবে তিনি পর্যটকদের বোটানিক্যাল গার্ডেন এলাকার বাইরে না যাওয়ার পরামর্শ দেন।