নগরে বেড়েছে কুকুরের উৎপাত
‘আমার পাঁচ বছরের নাতি কুকুরের কামড় খেয়ে বিছানায় কাতরাচ্ছে। সেদিন আমি গিয়েছিলাম বাজার করতে। খেলতে খেলতে কখন সে ঘরের বাইরে চলে যায় কেউ খেয়াল করেনি। দরজা দিয়ে বেরিয়ে আসতেই ছেলেটাকে কামড় দেয় একটা কুকুর।’ নগরের শেরশাহ কলোনির বাসিন্দা ফুলবানু তাঁর নাতি রিয়াজ উদ্দিনকে কুকুরে কামড়ানোর ঘটনার বিবরণ তুলে ধরেন এভাবেই। গত রোববার তিনি সদরঘাটে অবস্থিত সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে রিয়াজকে নিয়ে আসেন জলাতঙ্কের ইনজেকশন দেওয়ার জন্য। ফুলবানু বলেন, ‘এলাকায় শিশুরা কুকুরের ভয়ে বের হতে পারে না। এখন উৎপাতের আরেক নাম কুকুর।’ শুধু শেরশাহ কলোনি নয় নগরের বেশ কিছু এলাকায় কুকুর বেড়ে গেছে। কুকুরের কামড়ের শিকার ব্যক্তির সংখ্যাও আতঙ্কিত হওয়ার মতোই। গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পরিচালিত সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে ৬০৪ জন কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তি জলাতঙ্কের প্রতিষেধক নিয়েছে। গত ছয় মাসে প্রতিষেধক নেওয়া ব্যক্তির সংখ্যা চার হাজার ৩৭ জন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। সচেতনতার অভাবে কেউ কেউ কুকুর কামড়ানোর কয়েক দিন পর চিকিৎসা নিতে আসেন। যার ফলে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। নগরবাসীর অভিযোগ, কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার কারণেই এ ধরনের ঘটনা বেশি ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, গত ভাদ্র মাসে কুকুর নিধন না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুধু বেওয়ারিশ কুকুর নয় গৃহপালিত কুকুরের কামড়েও আক্রান্ত হচ্ছেন নগরের বাসিন্দারা। লালখানবাজার মতিঝরনা এলাকার বাসিন্দা রঘু চন্দ্র দে (৫৪) বলেন, ‘প্রায় দুই সপ্তাহ আগে এলাকার একটি গৃহপালিত কুকুর আমার পায়ে কামড় দেয়।’ নগরের দক্ষিণ খুলশির লেকভ্যালি আবাসিক এলাকার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এলাকায় প্রায় ২৫ থেকে ৩০টি কুকুর দল বেঁধে ঘোরাফেরা করে। গত এক সপ্তাহের মধ্যে চারজনকে কামড় দিয়েছে। নারী ও শিশুদের জন্য এ অবস্থা আতঙ্কের। এমন কি ভোরে ও রাতে এলাকার পুরুষেরাও একা চলাচল করতে ভয় পান।’নগরের পাহাড়তলী, লালখানবাজার, আমবাগান, বাকলিয়া, হালিশহর, মুরাদপুর ও পতেঙ্গা এলাকায় কুকুরের উপদ্রব বেড়েছে বলে নগরবাসীর অভিযোগ। সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, নগরের সদরঘাটে অবস্থিত সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে মাত্র ৫০ টাকার বিনিময়ে জলাতঙ্ক প্রতিরোধে ‘এন্টি র্যাবিস ভ্যাকসিন’ দেওয়া হয়। ২০১০ সালের অক্টোবর মাস থেকে এই সেবা চালু আছে। জলাতঙ্ক থেকে রক্ষা পেতে কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে পাঁচটি ইনজেকশন দিতে হয়। সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষেধক নিয়েছেন ৬০৪ জন ও জানুয়ারিতে ৮৪২ জন। গত বছরের ডিসেম্বরে ৭০৪ জন, নভেম্বরে ৭৪৮ জন, অক্টোবরে ৭১১ জন ও সেপ্টেম্বরে প্রতিষেধক নিয়েছেন ৪২৮ জন। গত বছরের আগস্টে প্রতিষেধক নিয়েছেন ৩২৪ জন। এ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আশীষ কুমার মুখার্জী বলেন, ‘অনেকে প্রতিষেধক নেওয়ার বিষয়ে পুরোপুরি জানেন না। দেরি করায় ক্ষতির ঝুঁকিও বেড়ে যায়। কুকুরে কামড়ানোর প্রথম দিনেই প্রতিষেধক কার্যক্রম শুরু করা গেলে আক্রান্ত ব্যক্তি নিরাপদ থাকতে পারেন।’ নিজ নিজ এলাকার ওয়ার্ড কাউন্সিলর অথবা ওয়ার্ড কার্যালয়ের চিকিৎসকের লিখিত অনুমোদন নিয়ে এ হাসপাতালে আসলেই প্রতিষেধক দেওয়া হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কুকুর নিধনে ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি থেকে। নগরের ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে একদিন করে মোট ৪১ দিন এ কার্যক্রম চলবে।’ তিনি আরও বলেন, ‘কুকুরের সংখ্যা আসলেই বেড়ে গেছে। নিধনের প্রয়োজনীয়তা বুঝতে পেরে চলতি বছর ক্র্যাশ প্রোগ্রামের সময়সূচিও বাড়িয়ে দ্বিগুণ করেছি। আগে এ কর্মসূচি চলতো ২০ দিন।’ নগরের ভেটেরিনারি হাসপাতালের পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুদ্দিন এ বিষয়ে বলেন, ‘ভাদ্র মাস (অগাস্ট- সেপ্টেম্বর) কুকুরের প্রজনন ঋতু। তাই ভাদ্র মাসের আগে নিধন কার্যক্রম শুরু হলে কুকুরের সংখ্যা এতটা বাড়ত না।’