নগরে বৈশাখী আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
.
.

পয়লা বৈশাখে রাজধানী ঢাকাসহ সারা দেশই মেতে উঠবে উৎসবে। নতুন বাংলা বছর ১৪২১ আসবে নানা আয়োজনে। রমনার বটমূলে সূর্যোদয়ের সময়টাতে ছায়ানট বরণ করে নেবে নতুন বছরকে। পয়লা বৈশাখে ঢাকার নানা জায়গায় থাকবে নানা মেলা, বিভিন্ন আয়োজন—সব মিলিয়েই হবে নববর্ষ উদ্যাপন। সে রকম কিছু আয়োজনের খোঁজখবর থাকছে এখানে।
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসব শুরু হবে সূর্যোদয়ের সময় থেকে। ছায়ানটের শিল্পীদের পরিবেশনায় থাকবে দলীয় গান, একক গান ও আবৃত্তি। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে শেষ হবে এ আয়োজন।
সকাল আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। বাঙালি সংস্কৃতির নানা উপকরণে সজ্জিত শোভাযাত্রাটি রূপসী বাংলা হোটেল হয়ে চারুকলার সামনে এসে শেষ হবে।
ঢাকা শিশুপার্কের প্রধান ফটকের সামনে সকাল থেকেই চলবে ঋষিজ শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান।
ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে নানা রকম অনুষ্ঠানের। সকাল ছয়টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলবে বর্ষবরণের অনুষ্ঠান। এতে থাকবে নাচ, গান ও আবৃত্তি। সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে আরেক দফা সংগীতানুষ্ঠান, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

.
.

নববর্ষের দিন সকালে বাংলা একাডেমির নজরুল মঞ্চে থাকবে আলোচনা সভা, গান ও আবৃত্তি। একাডেমি প্রাঙ্গণে আরও থাকবে কারুপণ্য প্রদর্শনী এবং বইয়ের আড়ং।

.
.

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর খোলা মাঠে ৩০ চৈত্র বর্ষবিদায় এবং পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান হবে। থাকবে সমবেত সংগীত, একক সংগীত, নৃত্য, আবৃত্তি, বাউলগান ইত্যাদি।
চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৩ এপ্রিল সন্ধ্যা ছয়টায় শুরু হবে চৈত্রসংক্রান্তি উৎসব। একই আয়োজনে পরদিন ভোর থেকে শুরু হবে বর্ষবরণ উৎসব, চলবে দুপুর ১২টা পর্যন্ত।
কলাবাগান ক্রীড়া চক্রের মাঠে আয়োজন করা হবে বৈশাখী মেলার। ১২ এপ্রিল শুরু হয়ে মেলা শেষ হবে ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন। মেলায় লোকজ পণ্যের বিকিকিনির পাশাপাশি থাকবে পালাগান, বাউলগান, সাপ খেলা, বানর খেলা ও বায়োস্কোপ প্রদর্শনী।
এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের লোকজ সংগীতের আসরসহ শহরজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নানা রকম অনুষ্ঠান থাকছে দিনের বিভিন্ন সময়ে।

তথ্যসূত্র: ছায়ানট, কলাবাগান ক্রীড়া চক্র, ধানমন্ডি ক্লাব, ইন্টারনেট, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমি