শীতের শুরুতেই নগরে হয়ে গেল জমজমাট ব্যাডমিন্টনের আসর। শামসুল আলম স্মৃতি আন্তরাইফেলস ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট নামের এই আসর শেষ হয় ২৪ নভেম্বর। এসএ গ্রুপ আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর ছিল এটি। এবার কয়েকটি বয়সভিত্তিক গ্রুপে একক ও দ্বৈত প্রতিযোগিতার আয়োজন করা হয়।১৮ থেকে ২৩ বছর বয়সীদের জমজমাট ফাইনালে এবার লড়েছেন দুই সহোদর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নুরুল হককে হারিয়ে চ্যাম্পিয়ন হন তাঁর সহোদর নুরুল আলম। টুর্নামেন্টে ২৪ থেকে ৪৫ বছর বয়সী প্রতিযোগীদের পুরুষ এককে ইয়াছিন চ্যাম্পিয়ন ও ফখরুল রানার্সআপ হন। এ ছাড়া বাবুল-ফখরুল জুটিকে হারিয়ে ইয়াছিন-জিল্লুর জুটি দ্বৈতের শিরোপা জেতেন। ৪৫ বছরের বেশি বয়সী প্রতিযোগীদের দ্বৈত প্রতিযোগিতার ফাইনালে মুজিব-আমিন জুটিকে হারিয়ে বাবলা-আজম জুটি চ্যাম্পিয়ন হন।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলোয়াড় ও আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চট্টগ্রামের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তাহলে ব্যবসার মতো খেলাধুলায়ও এগিয়ে যাবে চট্টগ্রাম।’ এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম বলেন, ‘সমাজের প্রতি দায়-দায়িত্ব পালনে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি।’