চট্টগ্রাম নগরের চার আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এবার সিংহভাগই নতুন নেতা। প্রতিটি আসনে একাধিক নতুন মুখ মনোনয়ন ফরম নিয়েছেন। এর মধ্যে রয়েছেন তরুণেরাও।
বিএনপিবিহীন নির্বাচনের সম্ভাবনা থেকে তরুণ ও নতুন মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কারণ বিএনপি না এলে আওয়ামী লীগের টিকিটে যে কারও সহজে সাংসদ নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে।
চট্টগ্রাম-১১ বন্দর আসনে বর্তমান সাংসদ এম এ লতিফ ছাড়াও মনোনয়ন ফরম নিয়েছেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম ও যুবলীগ নেতা আলতাফ হোসেন।
দলীয় মনোনয়ন সংগ্রহকারী খোরশেদ আলম বলেন, ‘দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন, ব্যক্তি এখানে মুখ্য নয়। মনোনয়ন আমি সংগ্রহ করেছি। দল যাঁকে চূড়ান্ত মনোনয়ন দেবে আমরা সবাই তাঁর জন্য কাজ করব।’
এক প্রশ্নের জবাবে খোরশেদ আলম বলেন, ‘বিএনপিকে নির্বাচনে আসার জন্য এখনো বলা হচ্ছে। তারা যদি শেষ পর্যন্ত নাও আসে তবু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করি। অনেক ছোট দলের প্রার্থীও বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।’
চট্টগ্রাম-১০ আসনের জন্য বর্তমান সাংসদ ও মন্ত্রী আফছারুল আমীন ছাড়াও নগর আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন, বদিউল আলম এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক দিদারুল আলম মনোনয়ন ফরম নিয়েছেন। দিদারুল আলম বিএনপির টিকিটে নির্বাচিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. মন্জুর আলমের বড় ভাই আবু তাহেরের ছেলে।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বর্তমান সাংসদ নুরুল ইসলাম। এই আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিন।
ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, মনোনয়ন যে কেউ চাইতে পারেন। এরপর কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা দলের বিষয়। মনোনয়ন না পেয়ে বিদ্রোহ করাও উচিত নয়। দলীয় শৃঙ্খলা মেনে চলা উচিত।
মনোনয়ন পেলে যে কেউ নির্বাচিত হয়ে যেতে পারেন বলে মনে করছেন একাধিক নেতা। তাঁদের মতে, পরিস্থিতি যেভাবে যাচ্ছে তাতে মনে হচ্ছে বিএনপিকে ছাড়াই শেষ পর্যন্ত নির্বাচন হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রতীক পেলেই নির্বাচনে জয়লাভের সম্ভাবনা থাকবে বলে সংশ্লিষ্ট নেতারা ধারণা করছেন। তবে এমনটি ভাবছেন না আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘নির্বাচন সব সময় চ্যালেঞ্জ। যেকোনো নির্বাচনে যেকোনো ধরনের ফল হতে পারে। আর আমরা এখনো আশাবাদী বিএনপি নির্বাচন করবে।’
চট্টগ্রাম-৮ আসনে বর্তমান সাংসদ মহাজোটের শরিক জাসদের মাঈনুদ্দিন খান বাদল। একই আসন থেকে এবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদও মনোনয়ন চেয়েছেন। এ ছাড়া রয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম।
মনোনয়ন দৌড়ে আরও নতুন মুখ যোগ হতে পারে বলে মনে করছেন দলীয় নেতারা। আগামী রোববার দলীয় মনোনয়ন সংগ্রহের শেষ দিন। ওই দিন বেশ কিছু মনোনয়ন ফরম বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।