নগরে মশার যন্ত্রণা
মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক পাখা বন্ধ থাকায় মশার দাপট আরও বেড়ে গেছে। এতে ঘরে বা ব্যবসাপ্রতিষ্ঠানে শান্তিতে বসে কাজ করতে পারছে না সাধারণ নগরবাসী। শিক্ষার্থীদের পড়ালেখারও ক্ষতি হচ্ছে। চার মাস ধরে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগ মশানিধন কার্যক্রম পরিচালনা করলেও মশা নিয়ে নগরবাসীর যন্ত্রণা কমছে না। লালখান বাজার এলাকার বাসিন্দা মফিজুর রহমান বলেন, ‘মশার যন্ত্রণায় ছেলে পড়ায় মনোযোগ দিতে পারে না। সারাক্ষণ মশার কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।’চিকিৎসকেরা বলছেন মশার কামড়ে ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে।সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ সূত্র জানায়, নগরের ৪১ ওয়ার্ডে ৩১৪টি হাজামজা-পুকুর, ডোবা রয়েছে। উত্তর আগ্রাবাদ, চান্দগাঁও, পূর্ব বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া, জালালাবাদ ওয়ার্ড এলাকায় হাজামজা পুকুর ও ডোবার সংখ্যা বেশি। বিশেষজ্ঞ চিকিৎসক ইমরুল হোসেন বলেন, ‘নালা-নর্দমা, সেপটি ট্যাংক, হাজামজা পুকুর-ডোবা থেকে মশা উৎপন্ন হয়।’ সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এমএন সিদ্দিক বলেন, ‘ব্যক্তিমালিকানাধীন হাজামজা-পুকুর ও ডোবা পরিষ্কার করার দায়িত্ব মালিকদের। আমরা বার বার তাগাদা দিলেও মালিকেরা সচেতন হচ্ছেন না।’ বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, ‘মশা ধ্বংস করার জন্য সিটি করপোরেশন সনাতন পদ্ধতি অনুসরণ করছেন। মশার প্রজনন ক্ষেত্রগুলোতে ট্রেনের ইঞ্জিনের পোড়া তেল, কিংবা কালোতেল (লাইট ডিজেল অয়েল) ছিটালে মশানিধন কার্যক্রমে সফলতা আসবে না।’ তাঁদের মতে, মশার কামড়ে ডেঙ্গু কিংবা সেরিব্রেল ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক কামাল উদ্দীন বলেন, ‘মশার কামড়ে ডেঙ্গু ছাড়া আরও দুই ধরনের রোগ হতে পারে। এর মধ্যে একটি কালাজ্বর, অপরটি সেরিব্রেল ম্যালেরিয়া।’ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-১ ও ইউনিট-২-এর কর্তব্যরত দুইজন চিকিৎসক ১৮ এপ্রিল নাম প্রকাশ না করে এই প্রতিবেদককে জানান, গত পাঁচ মাসে মেডিসিন ইউনিট-১-এ দুইজন রোগী সেরিব্রেল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও মেডিসিন ইউনিট-১ ও ২-এর একাধিক চিকিৎসক জানান, বর্তমানে ওই দুইটি ইউনিটে দুজন ম্যালেরিয়া আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে এই দুজন রোগীর নাম ও শয্যা নম্বর জানাতে অস্বীকৃতি জানান চিকিৎসকেরা। সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের প্রধান সহকারী মোহাম্মদ সেলিম জানান, নগরের বিভিন্ন ওয়ার্ডে মশার ডিম ধ্বংস করার জন্য কালোতেল ছিটানো হচ্ছে। মশার ওষুধ ছিটানোর জন্য রয়েছে ১১০ জন স্প্রেম্যান বা শ্রমিক। সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এমএন সিদ্দিক নগরে মশার উৎপাত বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘মশা বৃদ্ধির জন্য কিছু মানুষের অসচেতনতাও দায়ী। আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও নগরবাসীর অধিকাংশকে সচেতন করে তুলতে পারছি না। সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ে রক্ষিত বিনা মূল্যে কালোতেল নিয়ে মশার প্রজননক্ষেত্রে (ডোবা, হাজামজা পুকুর ও সেপটি ট্যাংক) ছিটানোর আহ্বান জানিয়ে পত্রিকার বিজ্ঞপ্তি দিয়েও ফল হচ্ছে না।’ সূত্রমতে, মশার ডিম ধ্বংসের জন্য পদ্মা অয়েল কোম্পানি থেকে এলভিও বা কালোতেল কেনা হচ্ছে। গত ডিসেম্বর থেকে চার মাসে তিন দফায় কালোতেল ক্রয় খাতে খরচ হয়েছে ৭০ লাখ টাকা। ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জাফর আলম চৌধুরী সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রমের প্রত্যাশিত সুফল নগরবাসী পাচ্ছেন না বলে মন্তব্য করে বলেন, ‘আমার ওয়ার্ড কার্যালয়ে কালোতেল নেই। আছে ট্রেন ইঞ্জিনের পোড়াতেল। এই তেল দিয়ে মশা মরে না বরং আয়ু বৃদ্ধি পায়।’ পরিচ্ছন্ন বিভাগের প্রধান সহকারী মো. সেলিম বলেন, ‘অ্যাডাল্টিসাইড নামে একটি উন্নতমানের মশা ধ্বংসের ওষুধ কেনার জন্য দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’